০৩:১১ পি.এম
রংপুরের পীরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের অভাবে উপজেলাবাসী চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। দীর্ঘ সময় ধরে এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য থাকায় ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে জমির নামজারির জন্য বিভিন্ন ভূমিসংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।
সূত্র জানায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ বদলি হওয়ার পর থেকে পীরগঞ্জে নতুন কোনো এসিল্যান্ড যোগদান করেননি। ফলে এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য থাকার কারণে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা দেখা দিয়েছে।
ঘোলা গ্রামের আব্দুর রশিদ মিয়া জানান, তিনি প্রায় দুই মাস আগে জমির নামজারির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত নামজারির কাগজ হাতে পাননি। এ বিষয়ে খোঁজ নিতে বারবার উপজেলা ভূমি অফিসে আসতে হচ্ছে তাঁদের। তবে নতুন এসিল্যান্ড কবে যোগদান করবেন এবং তাঁদের কাজ কবে সম্পন্ন হবে, সে বিষয়ে অফিসের কর্মচারীরাও নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছেন না বলে তিনি অভিযোগ করেছেন।
আরও পড়ুন: ফ্যাসিস্ট অনুসারীদের প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান প্রবাসীকল্যাণমন্ত্রীর
অন্যদিকে, অফিসে আসা কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, জমিসংক্রান্ত বিভিন্ন কাজে দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ দুটিই ব্যয় হচ্ছে। তারা দ্রুত এসিল্যান্ড পদে একজন কর্মকর্তা নিয়োগ দিয়ে ভূমিসেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকিউল বারীকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ভূমি অফিসের দেয়ালে তার নামের নেমপ্লেটও রয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বের কারণে নিয়মিতভাবে ভূমি অফিসে সময় দেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি সপ্তাহে এক-দুই দিন অফিসে বসলেও দীর্ঘ সময় দিতে পারেন না। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে ভূমি অফিসে বসতে দেখা গেছে।
উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, এসিল্যান্ড না থাকায় অফিসের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। ফলে গুরুত্বপূর্ণ ভূমিসংক্রান্ত কাজ সম্পন্ন করতে সমস্যা সৃষ্টি হচ্ছে।
উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলা একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এত বড় একটি উপজেলার দুটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয়ের দায়িত্ব একজন কর্মকর্তার পক্ষে সামলানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন: টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ
সচেতন মহলের মতে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসে দ্রুত একজন সহকারী কমিশনার (ভূমি) পদায়ন করা জরুরি। অন্যথায় ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন