সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৩৪ পি.এম
শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন ‘দুজুয়ান’ শক্তি সঞ্চয় করে ভয়াবহ রূপ নিয়ে জাপানের দিকে ধেয়ে আসছে। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে দেশটির টোকিও, ইবারাকি, চিবা, কানাগাওয়া এবং শিজুওকা অঞ্চলের অন্তত ১৬ লাখ ৭৪ হাজার ৮৪ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জাপানি আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই শক্তিশালী টাইফুনের প্রভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের টানা গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দেশটির তোকাই অঞ্চলে রেকর্ড ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টাইফুনের কারণে ইতোমধ্যেই দেশটির যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পর্যন্ত জাপানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় ৩০০টি বিমান ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জাপান এয়ারলাইন্স ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া সুরক্ষার স্বার্থে বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।
এদিকে কানাগাওয়া এলাকায় অতিবৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে একটি বসতবাড়ি ধসে পড়েছে। ধসে পড়া মাটির নিচে এক নারী চাপা পড়েছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী দমকল কর্মীরা। উদ্ধার অভিযান জারি রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরে সম্প্রতি সৃষ্টি হওয়া শক্তিশালী ঝড়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘দুজুয়ান’। মূলত চলতি বছরের ‘সুপার এল নিনো’র প্রভাবে সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এই ঘূর্ণিঝড়টি অস্বাভাবিক শক্তি সঞ্চয় করেছে। কর্তৃপক্ষ চরম সতর্কতা অবলম্বন করে স্থানীয় অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের বদরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা এস কে ফুলবাবু সরকার (২৪) নারীসহ অন্তরঙ্গ অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন।
এটি ঘটেছে রোববার (২০) সেপ্টেম্বর দিবাগত রাতে বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুঠির ডাঙ্গা এলাকায়।
উপজেলা ছাত্রলীগের সদস্য ফুলবাবু সরকার ৫ আগস্টের পর থেকে প্রায় দুই বছর ধরে পলাতক ছিলেন। তার বাড়ি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক হাজিপুর খিয়ারপাড়া গ্রামে অবস্থিত।
স্থানীয়রা জানান, বাড়িটি ঘিরে ফেলার পর তারা ওই নারী ও ফুলবাবুকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর ক্ষুব্ধ কয়েকজন তাদের গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক নারী স্থানীয় একটি সঞ্চয়ী সমিতিতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই বসবাস করছিলেন তিনি। রোববার রাতে ফুলবাবু ওই বাড়িতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর বাড়ি ঘেরাও করে দুজনকে অন্তরঙ্গ অবস্থায় আটক করে।
আটকের পর ফুলবাবু সরকার স্থানীয়দের জানান, ওই নারীর সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠে। তিনি আরও জানান, ৫ আগস্টের পর তিনি এলাকা ছেড়ে ঢাকায় চলে যান এবং একটি হোটেলে চাকরি নেন।
স্থানীয় বাসিন্দা আবুজার গিফারী মন্টু জানান, ওই নারী বাড়িতেই অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। ছাত্রলীগ নেতা ফুলবাবু ওই বাড়িতে ঢুকলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা ঘরের ভেতরে দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরদার বলেন, অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আগে থেকেই একটি মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
ওসি আরও জানান, ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায়ও তাদের বিরুদ্ধে পৃথকভাবে ব্যবস্থা নেওয়া হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও পরিচালনার বিষয় নিয়ে চীনা প্রতিষ্ঠান ঝেজিয়াং উইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কম্পানি লিমিটেডের (উইমিং) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ সোমবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কারিগরি ধারণা, বিনিয়োগ মডেল এবং বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে একটি ব্রিফিং উপস্থাপন করা হয়। প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য বিনিয়োগ কাঠামো, কারিগরি বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী ও উইমিংয়ের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঝেজিয়াং উইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কম্পানি লিমিটেডের পরিবেশ সংরক্ষণ গ্রুপের চেয়ারম্যান চেং উলিয়াং, সভাপতির সহকারী উ জিয়ান এবং বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক হুয়াং ওয়েইফেং উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে, খুচরা দোকানে মিল্কভিটার প্রতি লিটার দুধ এখন ১১০ টাকায় বিক্রি হচ্ছে। এই নতুন দাম গত ৫ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্কভিটার দুধ উৎপাদন করে। প্রতিষ্ঠানটি জানায়, খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহের মূল্য এবং প্রক্রিয়াজাতকরণের খরচ বেড়ে যাওয়ার কারণে খুচরা পর্যায়ে দুধের দাম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, ১ আগস্ট থেকে খামারি পর্যায়ে দুধ সংগ্রহের মূল্যও বাড়ানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, মিল্কভিটার নতুন দামের দুধের প্যাকেট বিক্রি হচ্ছে। ৫০০ মিলিলিটারের (আধা লিটার) স্ট্যান্ডার্ড দুধ (লো ফ্যাট) ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা পূর্বে ছিল ৫৫ টাকা। আধা লিটার টোন্ড মিল্ক বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, যা আগে ৫০ টাকা ছিল।
তবে, অন্যান্য বেসরকারি কোম্পানি যেমন প্রাণ ও ফার্মফ্রেশ (আকিজ ডেইরি)-এর প্যাকেটজাত তরল দুধ আগের দামে বিক্রি হচ্ছে। আধা লিটারের প্রাণ, আড়ং ও ফার্মফ্রেশ দুধ ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
মিল্কভিটা পাস্তুরিত তরল দুধ ছাড়াও টোল্ড মিল্ক, ফ্লেভার্ড মিল্ক, ঘি, মাখন, ননিযুক্ত গুঁড়া দুধ, ননিবিহীন গুঁড়া দুধ, মিষ্টি দই, টক দই, রসগোল্লা, সন্দেশ, চিজ, কেকসহ ২৫ ধরনের পণ্য বাজারজাত করে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে।
মিল্কভিটা কর্তৃপক্ষের দাবি, প্যাকেজিং সামগ্রী, গোখাদ্যসহ অন্যান্য সহায়ক উপকরণের দাম বেড়েছে। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয়ও বেড়েছে। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার দুধ উৎপাদনে তাদের খরচ ১১ থেকে সাড়ে ১১ টাকা বেড়েছে। দুগ্ধ খামারিরাও বারবার দুধের দাম বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। সব মিলিয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুধের পাশাপাশি মিল্কভিটার অন্যান্য দুগ্ধজাত পণ্যের দামও বৃদ্ধি করা হয়েছে।
মিল্কভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল বলেন, "আমরা হিসাব করে দেখেছি যে প্রতি লিটার দুধের উৎপাদন ব্যয় ১১ থেকে সাড়ে ১১ টাকা বেড়েছে। আমরা সেই খরচ হিসাব করে প্রতিষ্ঠানকে লাভজনক কিংবা অন্তত সমান সমান রাখার স্বার্থে দুধের দাম বাড়িয়েছি।"
তিনি জানান, মিল্কভিটার কারখানাগুলোর বিদ্যুৎ বিল একলাফে ৫৫–৫৬ লাখ টাকা থেকে বেড়ে ৭২–৭৪ লাখ টাকায় পৌঁছেছে। গ্যাস সংকটের কারণে বর্তমানে কারখানায় এলপিজি গ্যাস ব্যবহার করতে হচ্ছে, যা ব্যয় বাড়িয়েছে। এর আগে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে খামারি ও বিপণন পর্যায়ে পরিবহন খরচও বেড়েছে।
উৎপাদন খরচের পাশাপাশি প্রাথমিক খামারিদের স্বার্থ রক্ষার বিষয়টিও উল্লেখ করেন মিল্কভিটার চেয়ারম্যান। তিনি বলেন, "গোখাদ্য ও পরিবহনের খরচ বৃদ্ধি পাওয়ায় অন্যান্য বেসরকারি কোম্পানিগুলো খামারিদের থেকে তুলনামূলক বেশি দাম দিয়ে দুধ কিনে নিচ্ছে। ফলে মিল্কভিটার দুধ সংগ্রহ কমে যাচ্ছিল। উদ্ভূত পরিস্থিতিতে তারা ১ আগস্ট থেকে খামারি পর্যায়ে লিটারপ্রতি দুধের দাম তিন টাকা বাড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার দেবিদ্বারে মা ও আট মাসের শিশু ভাতিজিকে গলা কেটে হত্যা করেছে তারই সন্তান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা এ ঘটনায় ঘাতক ইমন (২৯) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহতদের মধ্যে রয়েছেন— ইমনের গর্ভধারিণী মা পেয়ারা বেগম (৫০), ভাবি রাবেয়া বেগম (২৫) এবং রাবেয়ার দুই বছর বয়সী ইসরাত জাহান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে নিজ পরিবারের সদস্যদের ওপর হামলা চালান ইমন। প্রথমে তিনি তার মা পেয়ারা বেগম ও ৮ মাসের শিশু ভাতিজিকে গলা কেটে হত্যা করেন। এতে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু ঘটে। এ সময় গুরুতর আহত হন ভাবি রাবেয়া বেগম। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মুমূর্ষু অবস্থায় আছেন।
ঘটনার পর আশপাশের লোকজন একত্রিত হয়ে অভিযুক্ত ইমনকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ইমনকে আটক করি। প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ