ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লাল কার্ড পেয়ে রেফারির মুখে জার্সি ছুড়লেন মেজর হাফিজ


লাল কার্ড পেয়ে রেফারির মুখে জার্সি ছুড়লেন মেজর হাফিজ

বাংলাদেশের ফুটবলের সোনালি দিনের অন্যতম তারকা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বর্তমানে জাতীয় সংসদের স্পিকার। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাদা-কালো জার্সিতে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি সমর্থকদের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছিলেন।

পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি তিনি অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন। স্বাধীনতার পর বাংলাদেশের ফুটবলে তার পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। কিন্তু এত সাফল্যের পরও তিনি স্বাধীন বাংলাদেশের জাতীয় দলে খেলার সুযোগ পাননি। খেলোয়াড়ি জীবনের এই অপূর্ণতা আজও তাকে কষ্ট দেয়।

ফুটবলের পাশাপাশি সেনাবাহিনীতেও দায়িত্ব পালন করেছেন হাফিজ। দুই ক্ষেত্রেই সমানভাবে সময় দিতে হয়েছে তাকে। সেনাবাহিনীর ব্যস্ততার মধ্যেও ফুটবল মাঠে নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। পরবর্তী সময়ে ফুটবল সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুন: আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপে ২৮০-এর অধিক দলের অংশগ্রহণ

পাকিস্তান জাতীয় দলে একমাত্র বাঙালি

১৯৬৭ সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলে সুযোগ পান হাফিজ। তখন দলের একমাত্র বাঙালি খেলোয়াড় ছিলেন তিনি। ওই বছর এশিয়ান কাপ খেলতে পাকিস্তান দল যায় রেঙ্গুনে। ১৯৭০ সাল পর্যন্ত নিয়মিত পাকিস্তান দলের হয়ে খেলেছেন তিনি।

দলে জায়গা পাওয়ার প্রতিযোগিতাও ছিল বেশ কঠিন। প্রতিটি পজিশনের জন্য চারজন করে খেলোয়াড়কে ক্যাম্পে ডাকা হতো। সব মিলিয়ে ৪৪ জনের সেই প্রতিযোগিতা পেরিয়ে মূল একাদশে জায়গা করে নিতেন হাফিজ। ১৯৭০ সালে ইরানে অনুষ্ঠিত ম্যাচগুলোতে পাকিস্তান দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। অধিনায়ক চোটে পড়ায় শেষ দুটি ম্যাচে দলকে নেতৃত্বও দেন।

সৌদি আরবের বিপক্ষে পাকিস্তানের ৩-০ গোলের জয়ের ম্যাচেও খেলেছিলেন হাফিজ। ইরাক ও তুরস্কের বিপক্ষে ম্যাচেও মাঠে নামেন তিনি। পাকিস্তান দলের হয়ে খেলার অভিজ্ঞতা তার ফুটবল ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।

আরও পড়ুন: গ্রিন ইউনিভার্সিটির মার্স রোভার টিম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

মোহামেডানের জার্সিতে গোলের বন্যা

স্বাধীনতার পর ঢাকার ফুটবলে মোহামেডানের হয়ে নিজের প্রতিভার পূর্ণ প্রকাশ ঘটান হাফিজ। ১৯৭৪ সালে ফায়ার সার্ভিসের বিপক্ষে এক ম্যাচেই ছয়টি গোল করেন তিনি। স্বাধীনতার পর ঢাকার শীর্ষ ফুটবল লিগে সেটিই ছিল প্রথম ডাবল হ্যাটট্রিকের কীর্তি।

সেদিন মাঠে নেমেই জোড়া গোল করেছিলেন হাফিজ। এরপর পূর্ণ করেন হ্যাটট্রিক। প্রতিপক্ষের খেলোয়াড়দের অনুরোধ সত্ত্বেও থামেনি তার গোল উৎসব। একপর্যায়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে চতুর্থ গোল করেন। পরে আরও দুটি গোল করে নিজের নাম লেখান ইতিহাসে।

১৯৭৫ সালে মোহামেডান লিগ চ্যাম্পিয়ন হয়। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হাফিজ। একই বছর আবাহনীর বিপক্ষে ৪-০ গোলের জয়ে গোল করেন তিনি। নিজের ক্যারিয়ারে ঢাকা মাঠে করা সেরা গোলগুলোর একটি মনে করেন এই গোলকে। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একাই ছুটে গিয়ে আবাহনীর খেলোয়াড়দের পেছনে ফেলে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান।

আরও পড়ুন: পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. রাহেদ হোসেন, বিএডিসির নতুন চেয়ারম্যানও নিয়োগ

১৯৭৬ সাল ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। ওই মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। সেমিফাইনালে বিজেএমসির বিপক্ষে হ্যাটট্রিক করে মোহামেডানকে জয় এনে দেন। ফাইনালে আবাহনীর বিপক্ষে করেন আরও দুটি গোল। সেবার চ্যাম্পিয়ন হয় মোহামেডান। দলের অধিনায়ক ও সর্বোচ্চ গোলদাতা দুই পরিচয়েই মৌসুম শেষ করেন হাফিজ।

আবাহনী-মোহামেডান দ্বৈরথেও ছিল তার বিশেষ অবদান। দুই দলের মধ্যকার ১০টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন সাতটি। ১৯৭৪ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত টানা পাঁচ বছর আবাহনীর বিপক্ষে গোল করার কৃতিত্বও রয়েছে তার।

স্বাধীন বাংলাদেশের জাতীয় দলে খেলার আক্ষেপ

পাকিস্তান জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার অভিজ্ঞতা থাকলেও স্বাধীন বাংলাদেশের জাতীয় দলে সুযোগ পাননি হাফিজ। এ নিয়ে তার মনে রয়েছে গভীর আক্ষেপ।

আরও পড়ুন: মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার

১৯৭৩ সালে মারদেকা টুর্নামেন্টের জন্য বাংলাদেশের প্রথম জাতীয় দল গঠনের আগে লিগের তিন ম্যাচে সাতটি গোল করেছিলেন তিনি। এরপরও জাতীয় দলে ডাক পাননি। ১৯৭৫ সালে মোহামেডানের লিগজয়ী দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। ১৯৭৬ সালে হয়েছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা। সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে করেছিলেন পাঁচ গোল। কিন্তু কোনো অর্জনই তাকে জাতীয় দলের দরজা খুলে দিতে পারেনি।

এ নিয়ে হাফিজের আক্ষেপ, পাকিস্তান জাতীয় দলে ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত নিয়মিত খেলেছেন। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। অথচ স্বাধীনতার পর দেশের জাতীয় দলে খেলার সুযোগ না পাওয়া তার জীবনের অন্যতম বড় দুঃখ হয়ে আছে।

লাল কার্ড দেখে রেফারির মুখে ছুড়েছিলেন জার্সি

খেলোয়াড়ি জীবনে মাঠে খুব একটা ফাউল করতেন না হাফিজ। তবে ১৯৭৭ সালের লিগে পিডব্লিউডির বিপক্ষে এক ঘটনায় মেজাজ হারিয়ে বসেন তিনি।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় ১৪ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাহিন গ্রেপ্তার

সেদিন ম্যাচে এক গোলে পিছিয়ে ছিল মোহামেডান। এমন সময় প্রতিপক্ষের এক খেলোয়াড় তাকে বাজেভাবে ফাউল করেন। উঠে দাঁড়িয়ে ওই খেলোয়াড়ের বুকে হাত দিয়ে ধাক্কা দেন হাফিজ। ক্ষুব্ধ হয়ে বলেন, ‘এই ব্যাটা, এমন ফাউল করলি কেন?’

এরপরই রেফারি দলিল খান তাকে লাল কার্ড দেখান। এতে আরও ক্ষুব্ধ হয়ে নিজের জার্সি খুলে রেফারির মুখে ছুড়ে মারেন হাফিজ। পরবর্তী সময়ে নিজের আচরণের জন্য অনুতপ্ত হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

তার ভাষায়, কাজটি ঠিক হয়নি এবং ওই ঘটনার জন্য তিনি দুঃখিত।

খেলোয়াড় থেকে ফুটবল সংগঠক

আরও পড়ুন: দুই গোল হজমের পর বার্সেলোনার ৩-২ গোলে জয়

খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি হাফিজ। ১৯৮০ সালে মোহামেডানের ম্যানেজারের দায়িত্ব নেন। ১৯৮২ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক হন। ১৯৮৬ সালে দায়িত্ব নেন সংস্থাটির সভাপতির।

দেশের ফুটবল প্রশাসনের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হওয়ার পর সংস্থাটির সহসভাপতির দায়িত্বও পালন করেন।

১৯৯৪ বিশ্বকাপে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে নিষিদ্ধ মাদক গ্রহণের অভিযোগে বহিষ্কারের ঘটনায় ফিফার ডিসিপ্লিনারি কমিটিতেও দায়িত্ব পালন করেন হাফিজ। ওই কমিটিতে এশিয়ার প্রতিনিধি ছিলেন তিনি।

২০০৫ সালে ফিফার শতবর্ষ উপলক্ষে বাংলাদেশের সেরা খেলোয়াড় হিসেবে ‘ফিফা স্যান্টেনারি অ্যাওয়ার্ড’ পান হাফিজ। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন ফিফার সহসভাপতি মোহাম্মদ বিন হাম্মাম তার হাতে এ পুরস্কার তুলে দেন।

মোহামেডানের জার্সিতে অসংখ্য স্মৃতি, পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলা, লিগের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি এবং ফুটবল প্রশাসনে আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব পালন—সব মিলিয়ে বর্ণাঢ্য এক ক্যারিয়ার মেজর হাফিজের। তবে এত অর্জনের পরও স্বাধীন বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে না পারার আক্ষেপ রয়ে গেছে তার মনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ এমাদ মিয়া, (নরসিংদী)প্রতিনিধি

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


বেলাবতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল বিক্ষোভ

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে নরসিংদীর বেলাবতে মোটরসাইকেল বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে বেলাব উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম লাল মিয়া, আমলাব ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খলিল উল্লাহ তপন, বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক সুমন ফকির রাজ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক সিনতিয়াজ মাহমুদ সালমান, রাহাদ মিয়া, সাইফুল ইসলাম, মাসুদ তালুকদার ও আকাশ মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সুলতান মাহমুদ, তাঁতীদলের আহ্বায়ক শাহীন মিয়া, সদস্য সচিব কাউছার মিয়া, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদ রায়হান, নুরে আলমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। দেশের কোথাও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তা মোকাবিলায় তারা রাজপথে সক্রিয় থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একযুগ ধরে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার আলো ছড়াচ্ছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


একযুগ ধরে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার আলো ছড়াচ্ছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

কুমিল্লার কোটবাড়ির সবুজ ও লালমাটির পাহাড় দ্বারা পরিবেষ্টিত মনোরম পরিবেশে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিসিএন-ইউএসটি) তাদের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন করেছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বিদেশি অতিথি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কেটে 'সিসিএন-ইউএসটি টুয়েলভ ইয়ারস অব এক্সেলেন্স' উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিপাইনের প্যান প্যাসিফিক ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুলের ডিন প্রফেসর ড. ড্যানিলো এস. আলটেরাডো এবং শ্রীলঙ্কার পাইওনিয়ার ইন্টারন্যাশনাল ক্যাম্পাসের ম্যানেজিং ডিরেক্টর ড. শ্যারোনাথ পুরুষোথেমেন।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, আইকিউএসি পরিচালক অধ্যাপক মো. মনিরুজ্জামান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অবৈতনিক পরিচালক (প্রশাসন) ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়াম, জনসংযোগ কর্মকর্তা মো. এমদাদুল হক সোহাগসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রবিবার সকালে ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুই শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁরা ক্যাম্পাসের বিভিন্ন অবকাঠামো, শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি পরিদর্শন করে সন্তোষ ও ভূয়সী প্রশংসা প্রকাশ করেন। তাঁরা উচ্চশিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে যৌথ গবেষণা ও আন্তর্জাতিক কর্মশালা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৃহত্তর কুমিল্লার প্রথম বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রাচীন শিক্ষা ও সভ্যতার ঐতিহাসিক কেন্দ্র কোটবাড়ির প্রাকৃতিক ও নিরিবিলি পরিবেশে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

২০১৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন লাভের পর ২০১৫ সালের মে মাসে একাডেমিক কার্যক্রম পরিচালনার অনুমতি পায় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও বৈশ্বিক সংযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়টি ইতিমধ্যেই অনন্য অবস্থান তৈরি করেছে। আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে বিশ্বের প্রায় ৮০টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা, রক্ষা পায় রেলওয়ে কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা, রক্ষা পায় রেলওয়ে কর্তৃপক্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের বগির আসনে কেরোসিন ছড়িয়ে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বটতলীতে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওসিফ হোসেন আনন্দ জানিয়েছেন, টিউশন শেষে রাতে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনে ওঠার সময় তিনি এই ঘটনার সাক্ষী হন। বগিতে ওঠার ঠিক আগমুহূর্তে এক ব্যক্তি ভেতরে আগুন লাগার কথা জানিয়ে চিৎকার করেন। এ সময় রেলওয়ের এক কর্মী দ্রুত এগিয়ে গিয়ে তার সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

তাওসিফ হোসেন আনন্দ বলেন, ‘প্রথমে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে মনে হয়েছিল। কিন্তু পরে বগির ভেতরে তীব্র কেরোসিনের গন্ধ পাওয়া যায়। ভালোভাবে খুঁজে একটি কেরোসিনের বোতল পাওয়া যায় এবং আসনগুলোতেও কেরোসিন মাখানো ছিল। এতে মনে হয়েছে, কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানোর চেষ্টা করেছে।’

শাটল ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আজ একজন এগিয়ে এসে আগুনের বিষয়টি জানানোর কারণে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। শাটলে যাতায়াতকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো কামরুল হোসেন জানিয়েছেন, রাত ৮টা ২০ মিনিটের শাটল ট্রেনটি বটতলীতে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাত ৮টা ৫ মিনিটের দিকে কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করে। রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শাটল ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগদ অ্যাপে চালু হলো বায়োমেট্রিক লগইন সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


নগদ অ্যাপে চালু হলো বায়োমেট্রিক লগইন সুবিধা

গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে নগদ অ্যাপে যুক্ত হয়েছে বায়োমেট্রিক লগইন সুবিধা। এই নতুন ফিচারের মাধ্যমে নগদ গ্রাহকেরা এখন থেকে পিন ছাড়াই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।

গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই ফিচারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রাহকের হ্যান্ডসেট ডিভাইসের সক্ষমতার ওপর ভিত্তি করে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস ডেটা তার নিজস্ব মোবাইল ফোনেই সংরক্ষিত থাকবে। নগদ এসব বায়োমেট্রিক তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করবে না, ফলে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্যের গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত হবে।

‘নগদ রেগুলার ও নগদ ইসলামিক’ উভয় ধরনের অ্যাকাউন্টে গ্রাহকেরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন। বায়োমেট্রিক লগইন সুবিধা চালু করতে গ্রাহককে প্রথমে নগদ অ্যাপে পিন দিয়ে লগইন করতে হবে। এরপর ‘মাই নগদ’ অপশন থেকে ‘বায়োমেট্রিক লগইন’ নির্বাচন করে নির্দেশনা অনুসরণ করতে হবে। একবার পিন দিয়ে যাচাই সম্পন্ন হলেই ‘বায়োমেট্রিক লগইন’ সুবিধাটি চালু হয়ে যাবে।

এ বিষয়ে নগদের চিফ ইনফরমেশন অফিসার শাহরিয়ার ইবনে জামান মন্তব্য করেন, ‘মূলত গ্রাহকের ডিজিটাল লেনদেনকে আরো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নগদ অ্যাপে বায়োমেট্রিক ফিচার যুক্ত করা হয়েছে। ফলে গ্রাহকেরা এখন থেকে নগদ অ্যাপ ব্যবহারের সময় বারবার পিন দেওয়ার জটিলতা থেকে মুক্ত হতে পারবেন, এবং এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রাহকদের তথ্য ও অর্থের নিরাপত্তা অনেকাংশে বাড়িয়ে দেবে।’

শাহরিয়ার ইবনে জামান আরও জানান, ‘খুব অল্প সময়ে নগদ অ্যাপে আরো এমন বহু ফিচার একের পর এক যুক্ত হবে। এর মাধ্যমে নগদ দেশের সবচেয়ে জনপ্রিয় আর্থিক সেবা হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

নতুন এই সুবিধার মাধ্যমে নগদ গ্রাহকদের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ করার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং আর্থিক লেনদেনের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো কারণে বায়োমেট্রিক যাচাই কাজ না করলে অথবা টানা পাঁচবার ভুল বায়োমেট্রিক দেওয়ার কারণে সুবিধাটি সাময়িকভাবে লক হয়ে গেলে গ্রাহক নগদ পিন ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই বায়োমেট্রিক লগইন সুবিধা চালু বা বন্ধও করতে পারবেন।

এর আগে গত মাসে গ্রাহকবান্ধব দৃষ্টিনন্দন ইন্টারফেস এবং সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি নতুন অ্যাপ উন্মুক্ত করেছে নগদ, যা সব শ্রেণির গ্রাহকদের কাছে দারুণ সাড়া ফেলেছে। নতুন অ্যাপ উন্মুক্ত করার কয়েকদিনের মধ্যেই নগদের এই নতুন অ্যাপ, গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে সর্বোচ্চ ডাউনলোডের তালিকায় উঠে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%