ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লেবাননের উদীয়মান গায়িকা নাদা দানদাশ


সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লেবাননের উদীয়মান গায়িকা নাদা দানদাশ

লেবাননের উদীয়মান গায়িকা নাদা দানদাশ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আকস্মিক এই দুর্ঘটনার ফলে লেবাননের সঙ্গীত জগতে তার সম্ভাবনাময় ক্যারিয়ারের অকাল সমাপ্তি ঘটেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুরো লেবাননের সঙ্গীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনাটি কিভাবে ঘটেছিল, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। মৃত্যুর খবর জানার পর থেকে তার ভক্তরা সামাজিক মাধ্যমে তার বিভিন্ন কনসার্ট, গানের ক্লিপ ও টেলিভিশন অনুষ্ঠানের স্মৃতি শেয়ার করছেন।

নাদা দানদাশকে স্থানীয় মানুষ ও তার ভক্তরা ‘ওরন্তেসের কন্যা’ নামে ডাকতেন। লেবাননের বেকা অঞ্চলের হারমেল শহরের পাশ দিয়ে প্রবাহিত ঐতিহাসিক ‘ওরন্তেস নদী’র নাম থেকেই তার এই পরিচিতি। তিনি ঐতিহ্যবাহী আরবি সুর ‘তারাব’ এবং আধুনিক পপ সঙ্গীতের সমন্বয়ে একটি আলাদা ধারার সঙ্গীত পরিবেশন করতেন। ২০২৪ সালের মে মাসে এলবিসি চ্যানেলের ‘আল মাসরাহ’ নামের একটি বিনোদনমূলক অনুষ্ঠানে গান গেয়ে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। অনুষ্ঠানে তার পরিবেশিত ‘মাশওয়ার আল হায়াত’ গানটি সাধারণ শ্রোতা ও সঙ্গীতবোদ্ধাদের নজর কাড়ে।

আরও পড়ুন: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

এছাড়া, তিনি বিভিন্ন টেলিভিশন টকশোতে নিয়মিত উপস্থিত হচ্ছিলেন। ২০২৬ সালের জানুয়ারিতে আল জাদিদ টিভি চ্যানেলের ‘সাবাহ আল ইয়াওম’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারটি তার জীবনের শেষ প্রধান টেলিভিশন উপস্থিতি হয়ে রইল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সংকটের মূল কারণ রাষ্ট্রযন্ত্রের রাজনীতিকীকরণ: আলী রীয়াজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


বাংলাদেশের সংকটের মূল কারণ রাষ্ট্রযন্ত্রের রাজনীতিকীকরণ:  আলী রীয়াজ

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক আলী রীয়াজ মন্তব্য করেছেন যে, বাংলাদেশের সংকটের মূল কারণ রাষ্ট্রযন্ত্রের রাজনীতিকীকরণ। তিনি উল্লেখ করেন, ২০০৯ সালের পর রাষ্ট্রযন্ত্র সহজ ও সরলভাবে দলের যন্ত্রে পরিণত হয়েছে।

তিনি জানান, আমলারা আমলাতন্ত্র হিসেবে চলতে চান না। আলী রীয়াজ বলেন, ‘আমলারা রাজনৈতিক প্রভুদের অধীনে চলতে রাজি। আমলাতন্ত্র হিসেবে নয় রাজনৈতিক কর্মী হিসেবে রাজনৈতিক প্রভুদের সেবা করতেই বেশি পছন্দ করেন। আমি জানি, আমি খুব সাধারণীকরণ করছি, তবে মোটাদাগে এটাই চিত্র।’

আজ রবিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের দ্বিতীয় দিনে ‘দ্য অথরস টেবিল’ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন। হোটেলের মেঘনা কক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশ কি চক্র ভাঙতে পারবে?’ শীর্ষক সেশনে ‘এ ফ্র্যাকচারড পাথ’ বইয়ের কেন্দ্রীয় প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ব্যর্থতার কারণ, মূল শক্তিগুলোর ভূমিকা, কাঠামোগত প্রতিবন্ধকতা এবং চলমান উত্তরণ টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারবে কি না—এসব বিষয় উঠে আসে।

বাংলাদেশ ‘চক্র’ ভাঙতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, এখনই এটি ভেঙে বেরিয়ে আসা যাবে না—এমন সিদ্ধান্তে পৌঁছানো খুব তাড়াহুড়ো হবে। তবে তিনি আশাবাদী বলে জানান। আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশ চক্র ভাঙতে পারে, কিন্তু সব সময় একটি সতর্কতা আছে—রাজনৈতিক শক্তিগুলো কি তা করতে ইচ্ছুক?’

জনগণের আকাঙ্ক্ষার পক্ষে তিনটি ইঙ্গিতের কথাও তুলে ধরেন আলী রীয়াজ। তার মধ্যে একটি হলো, কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ছাড়াই গণঅভ্যুত্থান হয়েছে বলে জানান তিনি। অন্য একটি ইঙ্গিত হিসেবে গণভোটের কথা উল্লেখ করেন।

উপজাতীয় রাজনীতি বা ‘ট্রাইবাল পলিটিক্স’ প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, ‘আমি এই শব্দবন্ধে বলব না। আমি এখনো মনে করি, দলীয় রাজনীতির প্রাতিষ্ঠানিকীকরণের অভাব আছে। তবু আমি উপজাতীয় রাজনীতির ভাষায় যাব না।’

কী কী পরিবর্তন প্রয়োজন—এমন প্রশ্নের প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন না হলে এবং নির্বাচন কমিশন স্বাধীন না হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়।

নির্বাহী বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণ বিচার বিভাগ এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য মৌলিক অন্য প্রতিষ্ঠানগুলোর ওপর অনেকাংশে অতিমাত্রায় রয়েছে। প্রজাতন্ত্রের প্রশ্নেও এসব বিষয় সমাধান করা জরুরি বলে মনে করেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও আলোচনায় অংশ নেন ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির সিনিয়র আন্তর্জাতিক উপদেষ্টা মাইকেল লিডাউয়ার এবং ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত। সেশন সঞ্চালনা করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি মোহাম্মদ সাজ্জাদুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় ৮৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন মামলায় আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


চুয়াডাঙ্গায় ৮৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন মামলায় আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ৮৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার সংক্রান্ত মামলায় আদালত জালাল মালিথা (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে, তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়া (কানাপুকুর) এলাকার মৃত আলতাফ হোসেন মালিথার পুত্র।

মামলার এজাহার অনুযায়ী, ২০২১ সালের ২৮ মার্চ সন্ধ্যায় একাডেমি মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময়, কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গাগামী ‘সোনারতরী এক্সপ্রেস’ বাসে তল্লাশি চালিয়ে জালাল মালিথার হাতে থাকা একটি ব্যাগ থেকে ৮৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৬৯ হাজার ৭০০ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করার পর আদালত জালাল মালিথাকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম মন্তব্য করেন, "এ রায়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। মাদক নির্মূলে এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমু-দীপু মনিসহ ১০ জনের বিরুদ্ধে শিগরিরই অভিযোগপত্র দাখিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


আমু-দীপু মনিসহ ১০ জনের বিরুদ্ধে শিগরিরই অভিযোগপত্র দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমনের প্রেক্ষাপটে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে শিগরিরই আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে। এই ১০ জনের মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উপদেষ্টা অন্তর্ভুক্ত রয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এই তথ্য প্রকাশ করেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন বর্তমানে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। তদন্ত শেষ হওয়া মামলাগুলোর অভিযোগপত্র যে কোনো সময় ট্রাইব্যুনালে দাখিল করা হতে পারে।

এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

এর আগে, গত ২৭ আগস্ট আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

এদিকে, আসামিদের মধ্যে আমির হোসেন আমু, ফারুক খান, ডা. দীপু মনি ও তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। বর্তমানে এই চার আসামি গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তাদের বিরুদ্ধে করা তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। যাচাই-বাছাই শেষে যে কোনো সময় এসব অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বর মাসে তেল উৎপাদন লক্ষ্য অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


নভেম্বর মাসে তেল উৎপাদন লক্ষ্য অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস

ওপেক প্লাস নভেম্বর মাসে তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আজকের রবিবারের বৈঠকের পূর্বে এই বিষয়ে সরাসরি জড়িত তিনটি সূত্র তথ্য প্রদান করেছে।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে তেল রপ্তানিতে সমস্যা বিদ্যমান রয়েছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের ওপেক প্লাসভুক্ত দেশগুলোর উৎপাদনে প্রভাব পড়েছে। এসব দেশ নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম তেল উৎপাদন করছে। সাম্প্রতিক মাসগুলোতে তাদের তেল রপ্তানি স্বাভাবিক সময়ের তুলনায় ৬০ থেকে ৮০ শতাংশের মধ্যে ছিল।

যুদ্ধের কারণে ওপেক প্লাসের সদস্য দেশগুলোর তেল উৎপাদন সক্ষমতা যাচাইয়ের কাজও পিছিয়ে গেছে। এই পর্যালোচনার ভিত্তিতে ২০২৭ সালে কোন দেশ কতটা তেল উৎপাদন করতে পারবে, তা নির্ধারণ করা হবে। তবে যুদ্ধের কারণে ভবিষ্যতে সদস্য দেশগুলোর প্রকৃত উৎপাদন সক্ষমতা কতটা থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়াসহ তাদের মিত্রদের নিয়ে গঠিত ওপেক প্লাস নভেম্বরের উৎপাদন লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।

বহু বছর উৎপাদন কমিয়ে রাখার পর ২০২৬ সালের বেশিরভাগ সময় ওপেক প্লাস উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করেছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাড়তি লক্ষ্যমাত্রার বেশিরভাগই বাস্তবে উৎপাদন করা সম্ভব হয়নি।

ওপেকের তথ্য অনুযায়ী, জোটের সাতটি প্রধান সদস্য আগস্টে প্রতিদিন ২ কোটি ৫০ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে। জুলাইয়ের তুলনায় আগস্টে উৎপাদন বেড়েছে প্রতিদিন ৬ লাখ ৩০ হাজার ব্যারেল। তবে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগের উৎপাদনের তুলনায় আগস্টে উৎপাদন এখনো প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল কম ছিল।

ওপেক প্লাসের বেশিরভাগ সদস্যের জন্য প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমিয়ে রাখার সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে। উৎপাদন বাড়ানো হলে তা সদস্য দেশগুলোর মধ্যে কীভাবে ভাগ করা হবে, তা ঠিক করতে উৎপাদন সক্ষমতার পর্যালোচনা প্রয়োজন।

সূত্রগুলো বলেছে, ২০২৭ সালের আগে উৎপাদনে বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আজ ওপেক প্লাসের সাতটি প্রধান সদস্য দেশের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। দেশগুলো হলো—সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, আলজেরিয়া, কাজাখস্তান ও ওমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%