ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

জুলাই যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানী ভাতার পরিকল্পনা : মুক্তিযুদ্ধ মন্ত্রী


জুলাই যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানী ভাতার পরিকল্পনা : মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানী ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আজ সংসদে (মহিলা আসন-৪৫) বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য রোকেয়া বেগমের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য প্রদান করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। গুরুতর আহত জুলাই যোদ্ধাদের জন্য মেডিকেল বোর্ডের সুপারিশ ও স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাব অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট দেশের মিশনসমূহ বিদেশে চিকিৎসা কার্যক্রমের তদারকি করছে।

আরও পড়ুন: ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী

তিনি উল্লেখ করেন, এ পর্যন্ত গুরুতর আহত ১৫২ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়ায় পাঠানো হয়েছে। এর মধ্যে ১০২ জন চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরত এসেছেন। বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

মন্ত্রী আরও বলেন, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের জন্য আগ্রহী ৩ হাজার ২৪১ জনের ডাটাবেজ তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য ১ হাজার ৯৩৭ জনের তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি জানান, জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত মোট ১৪ হাজার ৩৬৯ জনের মধ্যে ১৩ হাজার তিনশত চুরাশি জন জুলাই যোদ্ধাকে তাঁদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। ক-শ্রেণি প্রতিজন ২০,০০۰ টাকা, খ-শ্রেণি প্রতিজন ১৫,০০০ টাকা, গ-শ্রেণি প্রতিজন ১০,০০০ টাকা হারে এই ভাতা প্রদান করা হচ্ছে। বাকি জুলাই যোদ্ধাদের ভাতা প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: ইকবাল সোবহান চৌধুরীকে আরিফ হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের মোট আয়তনের প্রায় ৬০ শতাংশ আবাদযোগ্য জমি : কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


দেশের মোট আয়তনের প্রায় ৬০ শতাংশ আবাদযোগ্য জমি : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন যে, বাংলাদেশে বর্তমানে প্রায় ৮৮ লাখ ২৯ হাজার হেক্টর (২ কোটি ১৮ লাখ একর) আবাদযোগ্য কৃষিজমি রয়েছে। এটি দেশের মোট আয়তনের ৫৯.৭ শতাংশ।

আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত অধিবেশনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে হয়। সভায় নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, অপরিকল্পিত নগরায়ণ, আবাসন নির্মাণ ও শিল্পায়নের ফলে প্রতিবছর দেশে বিপুল পরিমাণ আবাদযোগ্য জমি হারিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সম্প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা আইন, ২০২৬ প্রণয়ন।

তিনি আরও বলেন, এক ফসলি ও দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তরের জন্য কৃষকদের উন্নতমানের বীজ, সেচ সুবিধা এবং সহজ শর্তে কৃষিঋণ প্রদান করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করা হচ্ছে, যাতে তারা কৃষিজমি অকৃষি খাতে ইজারা দেওয়া বা বিক্রি না করে বরং আবাদ অব্যাহত রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“সেনাবাহিনীতে নতুন করে কমিশন পেলেন ১৮৪ অফিসার ক্যাডেট”

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


“সেনাবাহিনীতে নতুন করে কমিশন পেলেন ১৮৪ অফিসার ক্যাডেট”

চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) আয়োজিত ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এই কুচকাওয়াজ দিয়ে তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ১৮৪ জন অফিসার ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করলেন।

আজ বৃহস্পতিবার বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সেনাবাহিনী প্রধান নবীন অফিসারদের উদ্দেশে বলেন, “শপথ গ্রহণের মাধ্যমে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হলো।” তিনি আরও বলেন, সেনাবাহিনীকে প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জানানো হয়, কমিশনপ্রাপ্ত ১৮৪ জন অফিসারের মধ্যে ১৬৬ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এছাড়া ফিলিস্তিনের ৪ জন, তানজানিয়ার ১ জন, জাম্বিয়ার ১ জন এবং মালদ্বীপের ১ জন ক্যাডেট বিএমএ থেকে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তারা নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন।

৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খায়রুল ইসলাম সেরা চৌকস ক্যাডেট হিসেবে সোর্ড অব অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন। তানজানিয়ার সার্জেন্ট আবু বকর শ্রেষ্ঠ বিদেশি ক্যাডেট হিসেবে বিএমএ ট্রফি অব এক্সিলেন্স পান।

পরে প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অভিভাবকরা নবীন অফিসারদের র‍্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন।

এদিকে কুচকাওয়াজ শেষে সেনাবাহিনী প্রধান বিএমএতে ২য় বাংলাদেশ ব্যাটালিয়নের উদ্বোধন করেন। আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলা এবং অফিসার ক্যাডেটদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বাড়াতে ১ম বাংলাদেশ ব্যাটালিয়নের পাশাপাশি নতুন এ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে।

এ ছাড়াও বিএমএতে নবনির্মিত সিএমএইচ ভাটিয়ারি, বিএমএ পার্ক, বিএমএ সুইমিং পুল ও এমইএস অফিস কমপ্লেক্স প্রকল্পের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত পুর্নাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত পুর্নাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
 
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখার নবগঠিত পুর্নাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
আজ বৃহস্পতিবার (১৮ জুন-২০২৬ খ্রিঃ) দুপুরে কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে উক্ত পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  নোসক ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য (অতিরিক্ত দায়িত্ব দপ্তর) রবিউল হাসান পলাশ, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান। 
 
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং উনাদের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও বিগত ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে জাতীয়তাবাদী ছাত্রদলের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন বক্তারা। এসময় ছাত্রদলের সাংগাঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং যোগ্য ও নতুন নেতৃত্ব গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। 
 
এসময় নবগঠিত নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের পুর্নাঙ্গ কমিটির এবং কলেজের ইন্টার শাখা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধ্যাত্ব নিয়ে অনেকের ভুল ও ধারণা রয়েছে: ডা. ফ্লোরিডা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


বন্ধ্যাত্ব নিয়ে অনেকের ভুল ও ধারণা রয়েছে: ডা. ফ্লোরিডা

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রজনন হরমোন এবং বন্ধ্যাত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. ফ্লোরিডা রহমান বলেছেন, বন্ধ্যাত্ব নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে। অনেকেই চিকিৎসা নিতে ভুল করেন। আবার অনেকে দালালের খপ্পরে পড়ে পাশের দেশে বা অন্যত্র চলে যান। এই পরিস্থিতিতে আমরা মানুষকে জানাতে চাই যে, বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন বন্ধ্যাত্ব চিকিৎসা সম্ভব। রোগীদের সচেতন করার আগে আমরা সংশ্লিষ্ট চিকিৎসকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ করছি।

তিনি আরও জানিয়েছেন, বাস্তবতা হচ্ছে বন্ধ্যাত্ব চিকিৎসায় আমেরিকার আইভিএফের সফলতার হার ৩৮ দশমিক ৪ শতাংশ। কিন্তু প্রচার করা হয় পাশের দেশে সফলতার হার ৯০ শতাংশ। প্রশ্ন হচ্ছে, গভর্ধারণের এই সফলতার হার কীভাবে সম্ভব।

এছাড়া, তিনি বলেছেন, ইসলাম ধর্মে স্পার্ম দান করা হারাম। ধর্মীয় অনুশাসনের কারণে দেশে এটি করা যায় না, তবে পাশের দেশে এটি সম্ভব। এই কারণে তাদের বন্ধ্যাত্ব চিকিৎসায় সফলতার হার আমাদের তুলনায় কিছুটা বেশি।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে, তিনি বন্ধ্যাত্ব চিকিৎসা ও সহায়ক প্রজনন প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত একটি বিশেষ বৈজ্ঞানিক সেমিনারের কীনোট স্পিকার হিসেবে বক্তব্য রেখেছিলেন।

লুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেড-এর উদ্যোগে এবং এসকেইএফ ফার্মাসিউটিক্যালস-এর আয়োজনে এই সেমিনারে দেশের বন্ধ্যাত্ব ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেছেন।

সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘এডভান্সমেন্টস ইন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিস’। এখানে আধুনিক আইভিএফ চিকিৎসা, বন্ধ্যাত্ব ব্যবস্থাপনা, প্রजनন স্বাস্থ্যসেবার নতুন প্রযুক্তি এবং রোগীদের জন্য উন্নত চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রজনন হরমোন এবং বন্ধ্যাত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রওশন আরা এবং সহকারী অধ্যাপক ডা. উম্মুল খায়ের মাহমুদা।

অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, প্রজনন চিকিৎসা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত চিকিৎসকরা অংশ নেন।

আলোচনায় বিশেষজ্ঞরা উল্লেখ করেন যে, বন্ধ্যাত্বে আক্রান্ত সব দম্পতির আইভিএফ চিকিৎসার প্রয়োজন হয় না। আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অধিকাংশ রোগীকে সফলভাবে চিকিৎসা দেওয়া সম্ভব এবং সাধারণত মাত্র ১০-১৫ শতাংশ রোগীর ক্ষেত্রে আইভিএফ প্রয়োজন হয়। রোগীর বয়স, বন্ধ্যাত্বের কারণ, ডিম্বাণু ও শুক্রাণুর গুণগত মান এবং ভ্রূণের মানের উপর নির্ভর করে আইভিএফ চিকিৎসার সাফল্যের হার প্রতি চক্রে গড়ে ৪০-৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। সময়মতো সঠিক রোগ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসা গ্রহণ করলে সফলভাবে সন্তান লাভের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%