ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি বিয়ের আংটি, জেনে নিন


কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি বিয়ের আংটি, জেনে নিন

বিয়ের সাজে একটি বিশেষ স্থান দখল করে নেয়— বাগদানে বিয়ের আংটি। কিছু আংটিতে বিশাল হীরা রয়েছে, আবার কিছুতে নকশার বৈচিত্র্য। বলিউডের তারকাদের বিয়ে মানেই জাঁকজমক, চোখধাঁধানো পোশাক, দামি গহনা এবং বিলাসবহুল আয়োজন।

বিয়ের সাজে বাগদানের অভিনেত্রীদের আঙুলে যে সব দামি হীরার আংটি শোভা পায়, সেগুলো প্রায়ই অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করে। চলুন দেখা যাক, এমন কিছু অভিনেত্রীকে, যাদের অনামিকায় রয়েছে দামি বাগদানের হীরার আংটি। এবার জানুন, কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি আংটি?

অসিন

আরও পড়ুন: ‘খান পরিবার আমার পরিবারের মতোই’, লারিসার মন্তব্যে ফের আলোচনায় আরিয়ান-লারিসার সম্পর্ক

বলিউডের অন্যতম দামি বিয়ের আংটির মালিক হলেন অভিনেত্রী অসিন। ‘গজনী’ খ্যাত এই অভিনেত্রীর আঙুলে রয়েছে বলিউডের সবচেয়ে দামি আংটি, যার আনুমানিক মূল্য ৬ কোটি রুপি। ২০১৬ সালে ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে বিয়ের সময় পাওয়া এ আংটিতে রয়েছে ২০ ক্যারেটের একটি বিশাল হীরা, যা বিশেষভাবে বেলজিয়াম থেকে তৈরি করে আনা হয়েছিল। জানা গেছে, আংটিতে দম্পতির নামের আদ্যক্ষরও খোদাই করা রয়েছে। আংটির আনুমানিক দাম ৬ কোটি টাকা।

শিল্পা শেঠি

২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় শিল্পা শেঠির। সেই সময় রাজ কুন্দ্রার দেওয়া শিল্পার ২০ ক্যারেট হীরার আংটির দাম আনুমানিক ৩ কোটি রুপি। বিয়ের সময়ে রাজের দেওয়া আংটিটি সকলের নজর কেড়েছিল। বড় আকৃতির হীরা এবং বিশেষ নকশা সেটিকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। শোনা যায়, রাজ লন্ডন থেকে আংটিটি কিনেছিলেন।

আলিয়া ভাট

আরও পড়ুন: ভালোবাসলেই ধর্ম বদলাতে হবে, এমনটা বিশ্বাস করেন না বাসির আলী

অভিনেতা রণবীর কাপুরের দেওয়া আলিয়া ভাটের বিশেষ নকশার হীরার আংটির দামও প্রায় ৩ কোটি রুপি। রণবীর কাপুরের সঙ্গে বিয়ের সময়ে আলিয়ার আঙুলে নজর আটকে গিয়েছিল তার ভক্ত-অনুরাগীদের। আংটিতে আটটি ছোট হীরা বসানো রয়েছে, সঙ্গে রয়েছে একটি বড় হীরা। রণবীরের কাছে ‘৮’ সংখ্যাটি বিশেষ অর্থ বহন করে বলে জানা যায়। সেই ভাবনা থেকেই আংটির নকশায় আটটি হীরা রাখা হয়েছিল। আংটির আনুমানিক দাম ৩ কোটি রুপি। ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেছিলেন রণবীর ও আলিয়া ভাট।

প্রিয়াংকা চোপড়া

নিক জোনাসের দেওয়া টিফানি অ্যান্ড কোং-এর কুশন-কাট হীরার আংটির দাম প্রায় ২.১ কোটি রুপি। নিক জোনাসের সঙ্গে বাগদানের সময়ে প্রিয়াংকার আংটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। টিফানি অ্যান্ড কোম্পানির তৈরি প্ল্যাটিনামের এই আংটিতে ছিল একটি বড় হীরা, এবং দুই পাশে রয়েছে ছোট ছোট হীরার কারুকাজ। ২০১৮ সালের ডিসেম্বর মাসে যোধপুরের প্রাসাদে বিয়ে করেছিলেন তারা। আংটির দাম আনুমানিক ২ কোটি ৭০ লাখ রুপি বলে জানা যায়।

দীপিকা পাড়ুকোন

আরও পড়ুন: শতাব্দীকন্যা শামিয়ানা অভিনয়ে আত্মপ্রকাশ, ‘ফাতমা’ সিনেমায় প্রথম কাজ

অভিনেতা রণবীর সিংহের সঙ্গে বিয়ের পর থেকেই দীপিকার আঙুলে দেখা যায় একটি বড় হীরার আংটি। আয়তাকার নকশার হীরাটি প্ল্যাটিনামের ওপর খোদাই করা। আংটির দাম আনুমানিক ১ কোটি ৩০ লাখ থেকে ২ কোটি ৭০ লাখ রুপির মধ্যে। ২০১৮ সালের নভেম্বর মাসে ইতালির লেক কোমোয় দুই রীতিতে বিয়ে করেছিলেন দীপিকা ও রণবীর। তাদের বিয়ের নানা অনুষ্ঠান চলেছিল প্রায় এক মাস ধরে।

আনুশকা শর্মা

বিরাট কোহলির সঙ্গে বাগদানের সময়ে আনুশকার আংটিও বিশেষভাবে নজর কেড়েছিল। অস্ট্রিয়ার এক গহনাশিল্পীর তৈরি এ আংটিতে রয়েছে একটি বড় হীরা। এর দাম আনুমানিক ১ কোটি রুপি। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেছিলেন বিরাট ও আনুশকা শর্মা।

কিয়ারা আদভানি

আরও পড়ুন: শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো ‘সোজন বাদিয়ার ঘাট’ নাটক

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের সময়ে কিয়ারা আদভানির আঙুলে দেখা গিয়েছিল একটি বড় হীরার আংটি। এ আংটিতে সাবেকী ও আধুনিক দুই ছোঁয়াই রয়েছে। বিয়ের ছবিতে আংটিটি বিশেষভাবে নজর কেড়েছিল। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এর দাম ১ কোটি থেকে ১ কোটি ৩০ লাখ রুপির মধ্যে বলে শোনা যায়। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের বিয়ে করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা।

সামান্থা রুথ প্রভু

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর আংটিটি নকশার দিক থেকে বেশ ব্যতিক্রমী। চার পাশে আটটি পাপড়ির মতো নকশায় বসানো রয়েছে আটটি হীরা। এমন নকশা তৈরি করতে অত্যন্ত দক্ষ কারিগরির প্রয়োজন হয়। আংটির দাম আনুমানিক ১ কোটি ৫০ লাখ রুপি বলে জানা গেছে। ২০২৫ সালের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা রুথ প্রভু।

রানি মুখার্জি

আরও পড়ুন: ‘ভেড়িয়া ২’ আসছে, ফিরছেন বরুণ ধাওয়ান

পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে রানি মুখার্জির বিয়ে হয়েছিল অত্যন্ত ঘরোয়া আয়োজনে। ২০১৪ সালের ২১ এপ্রিল বিয়ে করেছিলেন তারা। বিয়ের পর রানির আঙুলে দেখা যায় একটি বড় হীরার আংটি। নকশায় সাবেকী আভিজাত্যের ছাপ থাকলেও হীরার আকার নজর কাড়ে। শোনা যায়, আংটির দাম আনুমানিক ২ কোটি রুপি।

সোনম কাপুর

ফ্যাশন নিয়ে বরাবরই সচেতন সোনম কাপুর। তার বিয়ের আংটিতেও রয়েছে সেই রুচির ছাপ। ব্যবসায়ী আনন্দ আহুজার দেওয়া আংটিতে রয়েছে একটি বড় হীরা। কোটির সীমা পার না হলেও এ আংটির দাম আনুমানিক ৯০ লাখ টাকা। ২০১৮ সালের ৮ মে মুম্বাইয়ে বিয়ে করেন সোনম ও আনন্দ।

তবে অভিনয়জগতের তারকারা একমাত্র নয়। বিয়ের আংটির দিক থেকে শিল্পপতিদের স্ত্রীরাও এগিয়ে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম নাম নীতা আম্বানি। নীতার আংটিতে রয়েছে ৫২.৫৮ ক্যারাটের হীরা। মোগল যুগের ছোঁয়া রয়েছে এ সাবেকী আংটিতে। শোনা যায়, এই আংটির দাম ৫৩ কোটি রুপি ছাড়িয়ে যায়।

আরও পড়ুন: মাশহুরের কনসার্টে সুফি ও কাওয়ালির সুরে মুগ্ধতা

কোটির কাছাকাছি না পৌঁছালেও কারিনা কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও বিদ্যা বালানের সংগ্রহেও রয়েছে দামি আংটি। তবে শুধু আংটিই নয়, অভিনেত্রীদের কয়েকজনের সংগ্রহে রয়েছে নানা রকমের দামি গহনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আল্লামা ইকবালের সমাধিতে ফাতেহা পাঠ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আল্লামা ইকবালের সমাধিতে ফাতেহা পাঠ করেছেন

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তানের লাহোরে অবস্থিত উপমহাদেশের বিশিষ্ট কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার, তিনি সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে নিয়ে সমাধিটি পরিদর্শন করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ করেন, পুষ্পস্তবক অর্পণ করেন এবং দর্শনার্থীদের বইয়ে নিজের মন্তব্য লেখেন।

আল্লামা ইকবাল উপমহাদেশের সাহিত্য, দর্শন ও রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ১৮৭৭ সালের ৯ নভেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। উর্দু ও ফারসি ভাষায় কবিতা রচনা করার পাশাপাশি দর্শন ও রাজনীতি নিয়ে তার চিন্তাভাবনা দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজে গভীর প্রভাব ফেলেছে। পাকিস্তানে তাকে জাতীয় কবি হিসেবে বিশেষ সম্মান দেওয়া হয়।

ইকবালের চিন্তাধারা পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৩০ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলোকে একত্রিত করে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র গঠনের ধারণা উপস্থাপন করেন। তার এই প্রস্তাব পরবর্তী সময়ে পাকিস্তান প্রতিষ্ঠার বুদ্ধিবৃত্তিক ভিত্তিগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

‘সারে জাহাঁ সে আচ্ছা’সহ জনপ্রিয় দেশাত্মবোধক কবিতার রচয়িতা ইকবাল ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মৃত্যুবরণ করেন। ঐতিহাসিক বাদশাহী মসজিদের নিকট হাজুরি বাগে তার সমাধি অবস্থিত। লাহোরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত এই সমাধি উপমহাদেশের সাহিত্য ও ইতিহাসের একটি স্মৃতিচিহ্ন হয়ে আছে।

লাল বেলেপাথরে নির্মিত সমাধিটির নির্মাণকাজ ১৯৫১ সালে সম্পন্ন হয়। সমাধির মার্বেলের মূল স্মৃতিস্তম্ভটি আফগানিস্তান সরকারের উপহার। এর স্থাপত্যে মুঘল ও পারস্যের শিল্পরীতির প্রভাব স্পষ্ট। সমাধির দেয়ালে ইকবালের কবিতার পঙ্‌ক্তিগুলোও খোদাই করা হয়েছে।

ইকবালের সাহিত্য ও দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মপরিচয়, আত্মমর্যাদা ও আত্মশক্তির বিকাশ। তার ‘খুদি’ দর্শনে ব্যক্তির আত্মসচেতনতা, আত্মবিশ্বাস এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তার কবিতায় শিক্ষা, ঐক্য, আত্মজাগরণ ও মানবিক মর্যাদার বিষয়গুলোও বিশেষভাবে উঠে এসেছে।

ইকবালের বহুল পরিচিত একটি কবিতার পঙ্‌ক্তি হলো—

‘সিতারোঁ সে আগে জহাঁ অউর ভি হ্যায়
আভি ইশ্‌ক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়।’

এই পঙ্‌ক্তির বাংলা ভাবার্থ হলো, নক্ষত্রের ওপারেও আরো জগৎ রয়েছে; ভালোবাসা ও সাধনার আরো পরীক্ষা বাকি। এই পঙ্‌ক্তি মানুষের স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও আত্মোন্নয়নের বার্তা বহন করে।

স্পিকারের পাকিস্তান সফরের অংশ হিসেবে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল লাহোরের আরও কয়েকটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা পরিদর্শন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লাহোর ফোর্ট, বাদশাহী মসজিদ ও মিনার-ই-পাকিস্তান। লাহোর ফোর্টে প্রতিনিধিদলকে ঐতিহাসিক দুর্গের স্থাপত্য, শীশ মহল, দেওয়ান-ই-আম, দেওয়ান-ই-খাসসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখানো হয়।

মিনার-ই-পাকিস্তানও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের স্মৃতি ধারণ করে নির্মিত এই মিনার পাকিস্তানের রাষ্ট্রীয় ইতিহাসের অন্যতম প্রতীক। লাহোরের গ্রেটার ইকবাল পার্কে অবস্থিত মিনারটি আল্লামা ইকবালের সমাধির নিকটে অবস্থিত। ফলে একই সফরে ইকবালের সমাধি ও মিনার-ই-পাকিস্তান পরিদর্শনের মধ্য দিয়ে প্রতিনিধিদলটি পাকিস্তানের সাহিত্যিক ও রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দুটি স্মৃতিচিহ্ন দেখার সুযোগ পেয়েছে।

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের এই পাকিস্তান সফরও তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের জাতীয় পরিষদের তথ্য অনুযায়ী, দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ২৪ নভেম্বর শুরু হওয়া সফরটি বাংলাদেশের কোনো জাতীয় সংসদ স্পিকারের প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে ইরানে অস্কার মনোনীত চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


সরকারবিরোধী প্রচারণার অভিযোগে ইরানে অস্কার মনোনীত চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ান গ্রেফতার

ইরানের নিরাপত্তা বাহিনী প্রখ্যাত মানবাধিকারকর্মী এবং অস্কার মনোনীত চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ানকে গ্রেফতার করেছে। বুধবার (২৫ নভেম্বর) রাজধানী তেহরানের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সরকারবিরোধী প্রচারণা ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই তথ্য জানিয়েছেন মাহমুদিয়ানের এক বন্ধু এবং ইউরোপভিত্তিক এক ইরানি মানবাধিকারকর্মী।

মাহমুদিয়ান ইরানি সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এর সহ-চিত্রনাট্যকার। সিনেমাটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল।

তার ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়।

বৃহস্পতিবার তার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আরেকটি বার্তায় জানানো হয়, তার বিরুদ্ধে সরকারবিরোধী ‘প্রচার’ এবং ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগ আনা হয়েছে। সংস্কারপন্থি সংবাদমাধ্যম এমতেদাদও বুধবার তার গ্রেফতারের খবর প্রকাশ করে।

মাহমুদিয়ানের বন্ধু ও ইউরোপে অবস্থানরত ইরানি মানবাধিকারকর্মী হোসেইন রাজ্জাক এপিকে জানান, বুধবার রাত ২টা থেকে ৩টার মধ্যে সর্বশেষ মাহমুদিয়ানের সঙ্গে তার ফোনে কথা হয়। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর ছড়িয়ে পড়া বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট একটি মৃত্যুদণ্ডের মামলা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছিল।

এরপর থেকে মাহমুদিয়ানের ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজ্জাক জানান, এক ডজনের বেশি সশস্ত্র নিরাপত্তা কর্মকর্তা তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেন এবং ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে যান। আটকের পর তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রাজ্জাক আরও জানান, বর্তমানে মাহমুদিয়ান রাজধানীর বাইরে অবস্থিত গ্রেটার তেহরান কারাগারে বন্দি রয়েছেন।

২০২২ সালে ২২ বছর বয়সি মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হিজাব যথাযথভাবে না পরার অভিযোগে দেশটির নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় দেশজুড়ে কয়েক মাস ধরে বিক্ষোভ চলে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে শত শত মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষকে আটক করা হয়।

মাহমুদিয়ান দীর্ঘদিন ধরে কারাবন্দি বিক্ষোভকারী এবং মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের পক্ষে প্রকাশ্যে কথা বলে আসছিলেন।

বুধবার গ্রেফতারের এক দিন আগে তিনি তার টেলিগ্রাম চ্যানেলে সতর্ক করে বলেছিলেন, মাহসা আমিনির মৃত্যুর পরের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে কারাবন্দি দুই বিক্ষোভকারীর ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে।

নরওয়ের রাজধানী অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, মাহসা আমিনিকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ২০২৬ সালেও দুটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

জাতিসংঘের বিশেষ দূত মাই সাতো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মিলাদ আরমুন ও নাভিদ নাজারানের মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, তাদের পরদিন ভোরে মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা রয়েছে।

তবে বুধবার মাহমুদিয়ান তার টেলিগ্রাম চ্যানেলে জানান, আইনজীবী ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।

এর আগে গত ফেব্রুয়ারিতেও গ্রেফতার হয়েছিলেন মাহমুদিয়ান। অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক দিন আগে তাকে আটক করা হয়েছিল।

এর আগে তিনি আরও ১৬ জনের সঙ্গে একটি বিবৃতিতে স্বাক্ষর করেন। ওই বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং জানুয়ারিতে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ দমনে সরকারের সহিংস অভিযানের নিন্দা জানানো হয়েছিল।

মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, জানুয়ারির বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার অব্যাহত রেখেছে ইরানি কর্তৃপক্ষ। পাশাপাশি কারাবন্দি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাও বেড়েছে। ইরানের বাইরের মানবাধিকার পর্যবেক্ষকদের হিসাবে, এ পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় অস্ত্র-গুলিসহ দুই জলদস্যু সহযোগী আটক, পলাতক নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


খুলনায় অস্ত্র-গুলিসহ দুই জলদস্যু সহযোগী আটক, পলাতক নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

খুলনা, ২৭ নভেম্বর, ২০২৬ : জেলার কয়রা এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি আগ্নেয়াস্ত্র, শটগান এবং এয়ারগানের বিপুল পরিমাণ গোলাবারুদসহ সুন্দরবনের জলদস্যুর দুই সহযোগীকে আটক করেছে এসআরবি-৬।

এ সময় পলাতক অবস্থায় থাকা এক জলদস্যু নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয় এসব অস্ত্র ও গোলাবারুদ।

আজ শুক্রবার এসআরবি'র প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার কয়রা থানাধীন ৫নং কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন—কয়রা এলাকার কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)। এ ঘটনায় পলাতক রয়েছেন জলদস্যু নেতা ইয়াদ আলীপাড়, যিনি কয়রার মহরালী পাড়ের বাসিন্দা।

এসআরবি-৬, স্পেশাল কোম্পানি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাড়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হাফিজ ও রহিমকে আটক করা হয়।

পরে হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু নেতা ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় উদ্ধার করা হয় দস্যুতার কাজে ব্যবহৃত ৪টি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাফিজ জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে সহযোগিতা করতো। অপরদিকে, আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রশদ পৌঁছে দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি সম্পর্কে দস্যুদের তথ্য দিয়ে সহায়তা করতো।

অভিযান সংশ্লিষ্টরা জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদককারবারিসহ চাঞ্চল্যকর অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান মার্কিন বাহিনীর কাছ থেকে ২ তেলবাহী জাহাজ পুনরুদ্ধার করল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


ইরান মার্কিন বাহিনীর কাছ থেকে ২ তেলবাহী জাহাজ পুনরুদ্ধার করল

ইরানের নৌবাহিনীর কমান্ডার দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকে দেশটির সশস্ত্র বাহিনী দুটি তেলবাহী জাহাজ পুনরুদ্ধার করেছে। এই তথ্যটি ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রকাশ করেছে।

তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, "মার্কিন সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী জাহাজ ‘চুরি’ করেছিল। তবে আমাদের সেনারা জাহাজ দুটিতে অভিযান চালিয়ে সেগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়েছে। এ সময় জাহাজের নাবিকেরা ঘুমিয়ে ছিলেন।"

তবে, জাহাজ দুটি কখন ‘চুরি’ করা হয়েছিল এবং সেগুলো পুনরুদ্ধার করার সময়সীমা সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য প্রদান করা হয়নি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%