০২:০৯ পি.এম
১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিল, হেডম্যান প্রথা বিলুপ্ত এবং পার্বত্য অঞ্চলে প্রত্যাহার করা সেনা ক্যাম্পগুলো পুনঃস্থাপনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। একই সঙ্গে জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি সন্তু লারমার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া শুরুর দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ শনিবার সকালে রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মজিবুর রহমান।
লিখিত বক্তব্যে কাজী মজিবুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বাঙালিদের ওপর হামলা, অপহরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং সাধারণ নাগরিক হত্যার ঘটনা ঘটছে। সংগঠনের নিজস্ব পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, এ পর্যন্ত বাঙালিদের ওপর ১৯৪টি হামলা, ২৯৭টি অপহরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ৯৭টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩০৮ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রসঙ্গে বক্তারা বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালে চুক্তি হলেও দীর্ঘ সময় পরও প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠিত হয়নি। তাঁদের দাবি, চুক্তি-পরবর্তী সময়ে পাহাড়ে চাঁদাবাজি, খুন ও অপহরণের মতো অপরাধ বেড়েছে। চুক্তির বিভিন্ন বিধানের কারণে পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিরা বৈষম্যের শিকার হচ্ছেন বলেও দাবি করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিল, হেডম্যান প্রথা বিলুপ্ত, প্রত্যাহার করা সেনা ক্যাম্প পুনঃস্থাপন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনা।
এ ছাড়া রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন জেলা নিয়ে সেনাবাহিনীর পৃথক একটি ডিভিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রামের সব সশস্ত্র গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণার দাবিও জানানো হয়।
বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি।
আরও পড়ুন: ভাঙ্গায় প্রাইভেটকার-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত
সংবাদ সম্মেলনে পিসিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু, রাঙামাটি জেলা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এম এ আমিন, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার ও যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন