০৩:০১ পি.এম
বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালের একটি পুরোনো অভিজ্ঞতা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। গুরুতর পায়ের চোট থেকে দ্রুত সুস্থ হওয়ার জন্য তিনি টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেছিলেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই অদ্ভুত অভিজ্ঞতার কথা আবারও সামনে এসেছে। প্রয়াত অ্যাকশন পরিচালক বীরু দেবগন, যিনি অভিনেতা অজয় দেবগনের বাবা, তাঁকে এই পরামর্শ দিয়েছিলেন।
ঘটনাটি বেশ কয়েক বছর আগে ঘটে। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ঘাতক’ সিনেমার শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার হন পরেশ। সিনেমার একটি দৃশ্যে মাছের বাজারের ভেজা মেঝেতে তাঁকে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল। এ সময় পিচ্ছিল জুতার কারণে ভারসাম্য হারিয়ে হাঁটুতে গুরুতর আঘাত পান তিনি। পরবর্তীতে অভিনেতা টিনু আনন্দ ও ড্যানি ডেনজংপা তাঁকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছিলেন, সুস্থ হতে তাঁর প্রায় দুই থেকে আড়াই মাস সময় লাগবে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরেশের সঙ্গে দেখা করতে যান বীরু দেবগন। তাঁর চোটের কথা শুনে বীরু তাঁকে সকালে ঘুম থেকে উঠে নিজের প্রথম প্রস্রাব পান করার পরামর্শ দেন। একইসাথে সুস্থ হওয়ার আগপর্যন্ত মদ্যপান, লাল মাংস ও ধূমপান এড়িয়ে চলার কথাও বলেছিলেন তিনি। বীরুর দাবি ছিল, যোদ্ধারাও এমন পদ্ধতি অনুসরণ করেন।
আরও পড়ুন: ‘ইয়েস, ডিয়ার’ অভিনেতা অ্যান্থনি ক্লার্ক নিউমোনিয়ায় মারা গেছেন
সম্প্রতি ‘দ্য লাল্লানটপ’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরেশ জানান, তিনি পরামর্শটি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে একবারে পান না করে বিয়ারের মতো চুমুক দিয়ে পান করার পরিকল্পনা করেছিলেন। এভাবে টানা ১৫ দিন সেই অভ্যাস চালিয়ে যান অভিনেতা।
পরেশের ভাষ্য অনুযায়ী, ১৫ দিন পর তাঁর এক্স-রে করানো হলে চিকিৎসক হাড় জোড়া লাগার অগ্রগতি দেখে বিস্মিত হন। চিকিৎসক জানতে চেয়েছিলেন, এত দ্রুত হাড় জোড়া লাগার প্রক্রিয়া কীভাবে এগোল। তাঁর দাবি, চিকিৎসকদের ধারণার চেয়ে প্রায় এক মাস আগেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। আড়াই মাসের পরিবর্তে দেড় মাসের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।
তবে পরেশের এই অভিজ্ঞতা ব্যক্তিগত দাবি মাত্র। নিজের প্রস্রাব পান করলে চোট দ্রুত সেরে যায়, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা চিকিৎসার বিকল্প হিসেবে এ ধরনের পদ্ধতি অনুসরণ না করার পরামর্শ দেন।
আরও পড়ুন: মৌসুমী চ্যাটার্জির স্বামী জয়ন্ত মুখার্জি ৭০ বছর বয়সে মারা গেলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন