বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
১১:০৭ পি.এম
ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : সরকার রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ জন মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি প্রদান করেছে। পদোন্নতির পর তাদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নতুন পদায়ন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে আজ বৃহস্পতিবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমানকে একই ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে। এছাড়া অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিমকেও একই ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. রওশানুল হককে একই ব্যাংকের ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনতা ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. আব্দুল মতিনকেও একই ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁকে জনতা ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক শিকদার ফারুক এ আজমকে একই ব্যাংকের ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক শাহীনুর সুলতানাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদায়ন করা হয়েছে। বেসিক ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. হাসান ইমামকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. জামান মোল্লা ও মো. সাফায়াত হোসেন পাটোয়ারীকে একই ব্যাংকের ডিএমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশ দিয়েছে যে, বদলি ও সংযুক্তির আদেশের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করা শিক্ষকদের তথ্য দ্রুত ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইপিইএমআইএস)-এ হালনাগাদ করতে হবে।
আজ বৃহস্পতিবার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২১ জুনের স্মারকের প্রেক্ষিতে গঠিত কমিটির মাধ্যমে বর্তমানে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শিক্ষক বদলি ও পদায়ন কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন পর্যায় থেকে কিছু বদলি ও সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।
তবে, এসব আদেশের পর সংশ্লিষ্ট শিক্ষকেরা কর্মস্থলে যোগদান করলেও তাদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদ না হওয়ায় বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভাগীয় উপপরিচালকেরা নিজেদের আইডি ব্যবহার করে আইপিইএমআইএসে প্রবেশ করে তাদের অধিক্ষেত্রের শিক্ষকদের বদলি ও সংযুক্তির তথ্য হালনাগাদ করতে পারবেন।
এছাড়া, বদলি বা সংযুক্তির আদেশসংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
চিঠিতে বদলি ও সংযুক্তির আদেশের পর যোগদান করা শিক্ষকদের তথ্য সংযুক্তিতে উল্লেখিত ধাপ অনুসরণ করে আইপিইএমআইএসে অনতিবিলম্বে হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা, ৮ অক্টোবর, ২০২৬ : ‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ এই মূল স্লোগানকে সামনে রেখে দেবহাটায় কিশোরী ও অভিভাবকদের জন্য একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের অংশ হিসেবে কিশোরীদের বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয় এবং সঞ্চয়ের বিপরীতে প্রণোদনার চেক বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত ইরেসপো প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জানানো হয়, বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি কিশোরীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, শিক্ষা অব্যাহত রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে কিশোরীদের ভবিষ্যৎ শিক্ষা ও প্রয়োজনীয় কাজে অর্থনৈতিক সহায়তার সুযোগ তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে ইরেসপো প্রকল্পের আওতায় ১৮ বছর পূর্ণ হওয়া সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর হাতে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ এবং সঞ্চয়ের বিপরীতে প্রণোদনার চেক বিতরণ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের জমাকৃত সঞ্চয়ের পরিমাণ ৬৩ হাজার ৮০০ টাকা এবং সরকার প্রদত্ত প্রণোদনা হিসেবে ১ লাখ ৯৩ হাজার ৯১৯ টাকা প্রদান করা হয়।
এছাড়া দেবহাটা উপজেলার দুটি বিদ্যালয়ের প্রায় ২০০ কিশোরী বাল্যবিয়ে না করার শপথ নিয়ে প্রকল্পের সুবিধাভোগী হয়েছে বলে জানানো হয়।
সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মৃদুল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরডিবি সাতক্ষীরার উপ-পরিচালক আফরুজ্জামান, দেবহাটা উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ মন্ডল, শিক্ষার্থী তাহেরা ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখার পাশাপাশি তাদের স্বাস্থ্য সচেতনতা, সঞ্চয়ের অভ্যাস ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরি করতে হবে।
আয়োজকরা জানান, শিক্ষা, সচেতনতা ও সঞ্চয়ের মাধ্যমে কিশোরীদের বাল্যবিয়ের ঝুঁকি থেকে দূরে রাখা সম্ভব। একই সঙ্গে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আত্মবিশ্বাসও তৈরি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ৮ অক্টোবর, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, ডুমুরিয়া উপজেলার সলুয়ায় নির্মিত বর্জ্য রিসাইকিং প্লান্ট আগামী ডিসেম্বরে কার্যক্রম শুরু করবে।
এছাড়া, বটিয়াঘাটা উপজেলার মাথাভাঙ্গায় একটি নতুন বর্জ্য রিসাইকিং প্লান্ট চালুর অপেক্ষায় রয়েছে।
রাজবাঁধ ট্রেন্সিং গ্রাউন্ডে মেডিকেল বর্জ্য শোধনাগার প্লান্টও শীঘ্রই চালু হবে। এই তিনটি রিসাইকিং প্লান্ট চালু হলে মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আজ বৃহস্পতিবার সকালে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ প্রকাশ করেন।
পরিবেশসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিবেশ অধিদপ্তর-খুলনার সহযোগিতায় গাজী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত বিশ্বের অবস্থান উল্লেখ করে তিনি আরও বলেন, "আমরা ততটা না পারলেও কাছাকাছি যেতে চাই। কিন্তু পারস্পারিক সহযোগিতা না থাকলে সফল হওয়া যাবে না।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান।
প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর-খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. রেজাউর রহমান, সহকারী পরিচালক ডা. মোস্তফা আল মামুন, খুলনা সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার মো. আনিসুর রহমান এবং হাসপাতালের জেনারেল ম্যানেজার (জিএম) মো. সাজ্জাদুল হাসনাত খান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান।
কর্মশালায় হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা হাসপাতালের বর্জ্য যথাযথভাবে পৃথকীকরণ, সংগ্রহ, সংরণ ও অপসারণের গুরুত্ব তুলে ধরেন এবং জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প বুহরিংয়ে ইরানের হামলার তীব্রতা এতটাই বৃদ্ধি পায় যে, একপর্যায়ে মার্কিন সেনাদের মরুভূমিতে সরে যেতে বাধ্য হতে হয়। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে হামলার সময়ের দৃশ্য এবং বিস্ফোরণের পর ঘাঁটির বিভিন্ন স্থাপনা ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি দেখা যায়।
বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধ শুরুর পূর্বে ঘাঁটিতে অবস্থানরত প্রায় ৭ হাজার মার্কিন সেনার অধিকাংশকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। তবে শতাধিক সেনা ক্যাম্প বুহরিংয়ে থেকে যান। যুদ্ধ শুরু হওয়ার পর, ঘাঁটিটি বারবার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তিন মার্কিন সেনা সিবিএসকে জানান, হামলায় ইরানের এফ-৫ যুদ্ধবিমানও অংশ নেয়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, "তারা এত কাছ দিয়ে উড়েছিল যে পাইলটদের হেলমেট দেখতে পাচ্ছিলাম। হামলা চালিয়েই তারা চলে যায়।"
হামলার সময় ঘাঁটিতে অবস্থানরত সেনাদের দশমিক ৫০ ক্যালিবারের গোলাবারুদের তীব্র সংকট দেখা দেয়। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের পর্যাপ্ততা নিয়েও উদ্বেগ ছিল।
এক সেনাসদস্য বলেন, "তারা আমাদের ওপর ভয়াবহ আঘাত হেনেছিল। ঘাঁটি ছেড়ে যেতে বাধ্য হয়েছি।"
হামলায় ক্যাম্প বুহরিংয়ে কোনো মার্কিন সেনা নিহত না হলেও, কয়েকজন আহত হন। তাদের মধ্যে দুজন মরুভূমিতে বজ্রপাতে আহত হন। একজনের শরীরে দগ্ধ হওয়ার পাশাপাশি অন্যজনের কানের পর্দা ফেটে যায়।
এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শকের প্রতিবেদনে ইরান যুদ্ধে সর্বোচ্চ ৩৭০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম ক্ষয়ক্ষতির তথ্য উঠে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ