০৯:৪৭ পি.এম
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ায় তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় ঢাকা জেলা পুলিশ পাঁচজন শ্রমিক ফেডারেশনের নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে দুজনকে ১৭ নভেম্বর রাতে রাজধানীর মিরপুরের পল্লবী থানার একটি বাসা থেকে আটক করা হয়। অন্য তিনজনকে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের ১৯ নভেম্বর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ
গ্রেফতারকৃতরা হলেন গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস (৫১) এবং কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম (৫০)। অপর তিনজন হলেন বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮), বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬) এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আবদুল হালিম (৩৭)।
পুলিশের তথ্যমতে, ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে সাভার ও আশুলিয়ায় পোশাকশিল্পে অস্থিরতার বিভিন্ন ঘটনায় শিল্প পুলিশ ও ঢাকা জেলা পুলিশের পাঁচটি গাড়ি এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি পুলিশ গাড়ি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়।
এসব ঘটনায় শিল্প পুলিশ ও ঢাকা জেলা পুলিশের প্রায় ৫০ সদস্য বিভিন্ন মাত্রায় আহত হন। এছাড়া, আশুলিয়া থানার একটি মামলায় সংঘবদ্ধ অপরাধীদের হামলায় এক পোশাকশ্রমিক নিহত হওয়ার তথ্যও উল্লেখ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ নভেম্বর বেলা ১১টার দিকে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে প্রায় পাঁচ থেকে ছয় হাজার পোশাক শ্রমিক ও অন্যান্য ব্যক্তি সাভারের হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
আরও পড়ুন: সারজিস আলম: ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা
পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে বিক্ষোভকারীদের একটি অংশ ইটপাটকেল, ককটেল ও পেট্রোলবোমা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় পুলিশের একটি পিকআপ ও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুরুতর আহত হন। এ ছাড়া ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্য আহত হন।
এই ঘটনায় ৫ নভেম্বর সাভার মডেল থানায় দায়ের করা ১৬ নম্বর মামলায় ইলিয়াস ও সুলতানা বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে পল্লবী থানার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কারখানার মালিকদের কাছ থেকে চাঁদা আদায় এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি দেওয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তদন্তে ঘটনার সঙ্গে তাদের উপস্থিতি ও সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের ঘোষণা পরিকল্পনা প্রতিমন্ত্রীর
অন্যদিকে, ৩ নভেম্বর আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আশুলিয়া থানায় ২ নম্বর মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় ৪০০ থেকে ৫০০ বিক্ষুব্ধ শ্রমিক লাঠি, ইট, পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় প্রবেশ করে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বাধা দিতে গেলে কারখানার নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের ওপর হামলা চালানো হয়।
এ সময় কারখানার প্রশাসনিক মহাব্যবস্থাপকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। কারখানার ফটকে আগুন দেওয়া হয় এবং পরে ভেতর থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে স্থানীয়ভাবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ।
আরও পড়ুন: জ্ঞানচর্চায় আমৃত্যু নিবেদিত আহমদ রফিক স্মরণে বাংলা একাডেমিতে সভা
ঢাকা জেলা পুলিশ বলেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রমিক সংগঠনের সদস্য হওয়া কিংবা ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার কারণে কাউকে গ্রেফতার করা হয়নি।
শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশ ও ন্যায্য অধিকার আদায়ের দাবিকে পুলিশ সম্মান করে এবং তা সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সহিংসতা, অগ্নিসংযোগ এবং পুলিশসহ অন্যদের ওপর হামলার অভিযোগেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের দাবি, সংশ্লিষ্ট কারখানার মালিক, শ্রমিক ও অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত পাওয়া গেছে, কয়েকজন ফেডারেশন নেতা সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবিকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছেন। আন্দোলনে যোগ দিতে বা নীরব থাকতে শ্রমিকদের চাপ ও হুমকি দেওয়া, সহিংসতা উসকে দিতে অর্থায়ন এবং নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অভিযোগও তদন্তাধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পাঁচ জনকে আদালতে হাজির করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের শুভেচ্ছা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন