বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৭:৪৫ পি.এম
সন্দ্বীপের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, মাদক এবং কিশোর গ্যাংয়ের কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ১৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা শাখা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সন্দ্বীপবাসীর চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও জরুরি নাগরিক সেবার একটি বড় অংশ নৌ-যোগাযোগের ওপর নির্ভরশীল। এই কারণে নিরাপদ নৌ-যোগাযোগ এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্বীপবাসীর মৌলিক নাগরিক অধিকার।
সম্প্রতি ঘটে যাওয়া ছুরিকাঘাত, গুলিবর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক এবং চাঁদাবাজির ঘটনায় জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্মারকলিপিতে গুপ্তছড়া ঘাটে চিকিৎসার জন্য চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে এসে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের মৃত্যুর ঘটনাও তুলে ধরা হয়েছে।
সংগঠনটি বলছে, একজন বীর মুক্তিযোদ্ধা চিকিৎসার জন্য দ্বীপ থেকে বের হতে না পেরে ঘাটে মৃত্যুবরণ করলে বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা উচিত নয়। এতে নৌ-যোগাযোগ ব্যবস্থা, জরুরি রোগী পরিবহন এবং ঘাট ব্যবস্থাপনায় জবাবদিহির প্রশ্ন উঠেছে।
স্মারকলিপিতে ১৫ দফা দাবি
১. গুপ্তছড়া-কুমিরা নৌরুটে সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ করে ঘাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা।
২. সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাটে পুলিশের একটি টিম সার্বক্ষণিক দায়িত্বে রাখা।
৩. বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের মৃত্যুর কারণ ও নৌযান চলাচল বন্ধের নেপথ্য কারণ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের চিহ্নিত ও তদন্তের ফলাফল প্রকাশ করা।
৪. জরুরি রোগী পরিবহনে গুপ্তছড়া-কুমিরা রুটে ২৪ ঘণ্টা বিশেষ ব্যবস্থা বা রিজার্ভ স্পিডবোট চালু করা।
৫. সরকারি অনুমোদিত ভাড়া, যাত্রী অধিকার ও অভিযোগ জানানোর নম্বরসহ দৃশ্যমান সাইনবোর্ড স্থাপন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
৬. গুপ্তছড়া ও কুমিরা ঘাটের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন ও ২৪ ঘণ্টা নজরদারি নিশ্চিত করা।
৭. রাতের চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ইউনিয়নভিত্তিক নাইট পেট্রোলিং, মোবাইল টহল ও চেকপোস্ট জোরদার করা।
৮. অবৈধ অস্ত্রধারী, অস্ত্র সরবরাহকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে বিশেষ অভিযান পরিচালনা করা।
৯. ইয়াবাসহ সব ধরনের মাদকের বিস্তার রোধে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী, বহনকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান জোরদার করা।
১০. কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে বিশেষ অভিযান ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং এনামনাহার থেকে পশ্চিমে সাগরপাড় ও উত্তরে চৌমুহনী বাজার পর্যন্ত এলাকায় বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নজরদারি বাড়ানো।
১১. আজিমপুর, কালাপানিয়া, হরিশপুরসহ সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা।
১২. ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা, পরিবহন শ্রমিক, পথচারী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তায় বাজার ও বাণিজ্যিক এলাকায় পুলিশি নজরদারি বৃদ্ধি এবং চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।
১৩. কার্যকর হটলাইন ও অভিযোগ বাক্স চালু করা, যাতে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরাও নিরাপদে অপরাধের তথ্য জানাতে পারেন।
১৪. প্রশাসন, পুলিশ, নৌযান কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে নিয়মিত আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা আয়োজন ও সিদ্ধান্ত বাস্তবায়ন তদারক করা।
১৫. গুপ্তছড়া-কুমিরা রুটের ওপর নির্ভরশীলতা কমাতে কাছিয়াপাড়-বাঁশবাড়িয়া ও ছোঁয়াখালী ঘাট আধুনিকায়ন করে বিকল্প নৌ-যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রশাসনের সঙ্গে সংঘাতে নয়, বরং প্রশাসনকে সহযোগিতা করেই নিরাপদ, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত সন্দ্বীপ গড়ে তুলতে তারা আগ্রহী। তবে জনগণের জানমাল ও মৌলিক অধিকার প্রশ্নে নীরব থাকা সম্ভব নয়।
স্মারকলিপির শেষাংশে দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়েছে— “নিরাপদ সন্দ্বীপ—নিরাপদ নৌপথ—নিরাপদ নাগরিক জীবন” হোক সবার সম্মিলিত অঙ্গীকার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিগত ১৭ বছরে দেশে গণতন্ত্রের নামে স্বৈরশাসন চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে তাদের পাশে থাকবে বর্তমান সরকার। আর সরকার যে সকল কর্মসূচী হাতে নিয়েছে তা যথা সময়েই বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, বিগত সময়ের আন্দোলনগুলোতে বিএনপির পাশে ছিলো কাজী জাফর আহমেদের জাতীয় পার্টি। আর কাজী জাফর আহমেদ ছিলেন একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা। বিভিন্ন শ্রমিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। তার কাছ থেকে রাজনীতিবিদরা অনেক কিছু শিখেছেন।
প্রশাসনকে ধ্বংস করা হয়েছে, সরকারকে কাজ করতে এখন বেগ পেতে হচ্ছে। সরকার সংকট সমাধানে চেষ্টা করছে, ছয় মাস এসব মোকাবিলার জন্য যথেষ্ট কি না সেটি চিন্তা করেই আন্দোলন করবেন কি না সেই সিদ্ধান্ত নিতে বিরোধীদলকে আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোণা, ২৭ আগস্ট, ২০২৬ : জেলা পুলিশের সেবা সহজ ও আরও গতিশীল করার লক্ষ্যে মদন থানায় একটি নতুন ডাবল ক্যাবিন পিকআপ গাড়ি হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন করিমের হাতে নতুন এই গাড়ির চাবি তুলে দেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
গাড়ি হস্তান্তরকালে পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, নতুন যানবাহন সংযোজনের ফলে মদন থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নাইট টহল এবং দুর্গম অঞ্চলে জরুরি পুলিশি সেবা দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেবা পৌঁছে দিতে নেত্রকোণা জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘নিজেকে জানাই জ্ঞানের প্রকৃত সূচনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) তৃতীয়বারের মতো শুরু হয়েছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর ষষ্ঠ তলায় স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম দিনে পাবনা জেলার বিভিন্ন স্কুলের ১৬টি দল অংশ নেয়। দ্বিতীয় ও তৃতীয় দিনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করবেন। তিন দিনব্যাপী এ আয়োজন চলবে ২৯ আগস্ট পর্যন্ত।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, পাস্ট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মুবাশ্বিরা গালিবা তন্বী এবং সোসাইটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, তোমরা এমন একটি সময়ে বেড়ে উঠছো, যখন পৃথিবীর সব তথ্য যেন তোমাদের হাতের মুঠোয়। শুধু তথ্য জানা নয়, তথ্যকে যাচাই-বাছাই করার সক্ষমতাই তোমাদের সবচেয়ে বড় শক্তি। তথ্যকে যুক্তি দিয়ে যাচাই করার এই অভ্যাস শুধু তোমাদের একজন ভালো বিতার্কিক তৈরি করবে না; আমি বিশ্বাস করি, এই অভ্যাস তোমাদের একজন ভালো মানুষ ও সুনাগরিক হিসেবেও গড়ে তুলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা ১ হাজার বস্তা সিমেন্ট, ২৮০ বস্তা রাসায়নিক সার ও পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল। এ সময় সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১ হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার পাওয়া যায়। এসব পণ্য ও পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ করা হয়েছে। একই সঙ্গে ছয়জন পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ