ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঘটনায় ন্যাটোর প্রতিক্রিয়া হতে পারে কী?


পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঘটনায় ন্যাটোর প্রতিক্রিয়া হতে পারে কী?

ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের আকাশ হামলার প্রেক্ষাপটে পোল্যান্ডের ভূখণ্ডে দুটি রুশ ক্ষেপণাস্ত্র ও একটি জেটচালিত ড্রোন আছড়ে পড়ার ঘটনা পূর্ব ইউরোপে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। পোলিশ কর্তৃপক্ষের দাবি, রুশ বাহিনীর এই অনুপ্রবেশ একটি আকস্মিক ঘটনা নয়, বরং এটি মস্কোর ‘ইচ্ছাকৃত উসকানি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ন্যাটোর যৌথ প্রতিরক্ষা ধারা সক্রিয় করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

কী ঘটেছিল?

পোল্যান্ডের প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের ইউক্রেন সীমান্তের নিকটে বিভিন্ন স্থানে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পড়েছে, যার মধ্যে একটি রুশ তৈরি কেএইচ-১০১ (Kh-101) ক্ষেপণাস্ত্র হিসেবে শনাক্ত হয়েছে। এই ঘটনায় রাতভর ও ভোরের দিকে পোলিশ বিমানবাহিনীর এফ-১৬ এবং সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান আকাশে চক্কর দেয়, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং ন্যাটোর অ্যাওয়াক্স (AWACS) নজরদারি বিমান মোতায়েন করা হয়। রজেসোও আশপাশের অঞ্চলে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং স্থানীয় বাসিন্দাদের ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুন: গাজায় গণহত্যা সত্ত্বেও ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই ঘটনার জন্য রাশিয়াকে ‘ইচ্ছাকৃত উসকানি’ ও উত্তেজনা বৃদ্ধির নতুন ধাপ হিসেবে অভিহিত করেছেন। উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ বলেছেন, এমন সময় ও স্থানে আকাশসীমা লঙ্ঘন ঘটেছে, যখন কাছাকাছি এলাকায় বহুজাতিক সামরিক মহড়া চলছিল—যা নিছক কাকতালীয় বলে মনে করা কঠিন।

ন্যাটোর প্রতিক্রিয়া ও সম্ভাব্য পদক্ষেপ

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে ‘গুরুতর লঙ্ঘন’ এবং ইউক্রেন যুদ্ধের অত্যন্ত বিপজ্জনক পরিণতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি ওয়ারশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে আকাশ প্রতিরক্ষা ও নজরদারি জোরদারের ইঙ্গিত দিয়েছেন। ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

তবে বড় প্রশ্ন হলো, ন্যাটো কীভাবে প্রতিক্রিয়া জানাবে? ন্যাটোর প্রতিষ্ঠাকালীন চুক্তির ৫ নম্বর ধারা অনুযায়ী, কোনো এক সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হয়। কিন্তু এই ধারা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না; এর জন্য ৩২টি সদস্য দেশের সর্বসম্মত রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। বিশ্লেষকদের মতে, প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে এবং সরাসরি যুদ্ধ এড়ানোর প্রবণতা থাকায় আপাতত ৫ নম্বর ধারা চালুর সম্ভাবনা ক্ষীণ।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা, উদ্বেগ বেড়েছে

এর পরিবর্তে পোল্যান্ড চাইলে জরুরি পরামর্শের জন্য ৪ নম্বর ধারা সক্রিয় করতে পারে, যদিও তাৎক্ষণিকভাবে সে পথে না গিয়ে ওয়ারশ ন্যাটোর মিত্রদের কাছ থেকে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম, সেনা ও নজরদারি সহায়তা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, রাশিয়া সরাসরি ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে না চাইলেও এই ধরনের ঘটনায় ভুল বোঝাবুঝি বা হিসাব-নিকাশের ভুলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি থেকেই যাচ্ছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

ভারতের প্রস্তাবিত জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন বা ‘হাম দো হামারে দো’ পাস না হলে দেশের প্রতিটি হিন্দু পরিবারে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রাখার জন্য আহ্বান জানিয়েছেন তেলেঙ্গানার গোশামহলের বিধায়ক টি রাজা সিং। তিনি উল্লেখ করেন যে, সম্প্রদায়ের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষার জন্য এখন বন্দুক রাখা অপরিহার্য হয়ে পড়েছে।

শনিবার (২১ নভেম্বর, ২০২৬) সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত এক ভিডিওতে রাজা সিংকে একদল মানুষের সাথে বসে থাকা অবস্থায় হাতে একটি বন্দুক ধরে থাকতে দেখা যায়। সেখানে তিনি জনসংখ্যা বৃদ্ধি এবং হিন্দুদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে ঘরে ঘরে আগ্নেয়াস্ত্র রাখার এই দাবি জানান।

রাজা সিং বলেন, “‘হাম দো হামারে দো’ আইন পাস না হলে প্রতিটি হিন্দুর বাড়িতে একটি করে লাইসেন্সধারী বন্দুক রাখা জরুরি হয়ে পড়েছে।” তিনি আরও দাবি করেন যে, আগ্নেয়াস্ত্র ছাড়া হিন্দু পরিবারগুলো তাদের সম্পত্তি বা নারীদের রক্ষা করতে পারবে না। তিনি বলেন, “হিন্দুরা যদি বন্দুক না রাখে, তবে সম্পত্তি কিংবা মা-বোন-মেয়েরা কেউই নিরাপদ থাকবে না।”

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির যুক্তি তুলে ধরে রাজা সিং একটি সংবাদপত্রের প্রতিবেদনের উদ্ধৃতি দেন। তিনি দাবি করেন, আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে ভারতে মুসলিম জনসংখ্যা তিনগুণ বৃদ্ধি পাবে। তাঁর যুক্তি হলো, জনসংখ্যার এই বৃদ্ধি হিন্দুদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পাকিস্তানে হিন্দুদের ওপর যেভাবে জোরপূর্বক ধর্মান্তর, হত্যা ও ধর্ষণের মতো নির্যাতন চলছে, ভারতেও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জনমিতিক পূর্বাভাস ভিন্ন চিত্র উপস্থাপন করেছে। ২০২৬ সালের ১৮ নভেম্বর প্রকাশিত সংস্থাটির এক বিশ্লেষণে বলা হয়েছে, ২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ ছিল মুসলিম, যা ২০৭০ সাল নাগাদ প্রায় ২০ শতাংশে পৌঁছাতে পারে। ৫০ বছরের দীর্ঘমেয়াদি এই পূর্বাভাসটি আগামী ১৫ থেকে ২০ বছরে মুসলিম জনসংখ্যা তিনগুণ হয়ে যাওয়ার বিষয়ে রাজা সিংয়ের দাবিকে সমর্থন করে না।

রাজা সিং উত্তর প্রদেশের তথাকথিত ‘বন্দুক সংস্কৃতির’ প্রশংসা করেন এবং দাবি করেন যে রাজ্যটির প্রতিটি বাড়িতেই লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি বলেন, “উত্তর প্রদেশের বন্দুক সংস্কৃতি আমার খুব পছন্দ। সেখানে প্রতিটি বাড়িতে একটি করে লাইসেন্সধারী বন্দুক আছে। একইভাবে ভারতের প্রতিটি হিন্দু বাড়িতেও একটি করে লাইসেন্সধারী বন্দুক থাকা উচিত।”

উল্লেখ্য, ভারতের ১৯৫৯ সালের অস্ত্র আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী, দেশে আগ্নেয়াস্ত্র রাখতে হলে প্রচলিত আইনি কাঠামোর অধীনে বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এ সংক্রান্ত লাইসেন্স প্রদানের বিষয়টি উক্ত আইন এবং ২০১৬ সালের অস্ত্র বিধিমালা দ্বারা পরিচালিত হয়।

বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে রাজা সিং বলেন, সারা দেশের হিন্দুদের আশীর্বাদেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। মোদির নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি জানান, মোদি ক্ষমতায় থাকলে সবকিছুই সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। প্রসঙ্গত, টি রাজা সিং তেলেঙ্গানার গোশামহল আসনের নির্বাচিত বিধায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে আটক প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের চীনা গবেষক ইভা ইয়ে শিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


যুক্তরাষ্ট্রে আটক প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের চীনা গবেষক ইভা ইয়ে শিয়ে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্নায়ুবিজ্ঞানবিষয়ক একটি সম্মেলনে অংশগ্রহণের পর নিউ জার্সিতে ফেরার পথে আটক হয়েছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের চীনা বংশোদ্ভূত গবেষক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার আটক হওয়ার খবরটি দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইস) কর্মকর্তাদের দ্বারা নিশ্চিত করা হয়। এ তথ্য তার আইনজীবী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবরটি প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস।

আটক হওয়া গবেষকের নাম ইভা ইয়ে শিয়ে। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পিএইচডি শিক্ষার্থী। ২০১৬ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার ভিসার মেয়াদ শেষ হলেও আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন থাকায় তিনি দেশটিতে বৈধভাবে থাকার সুযোগ ছিল বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

আইনজীবীদের মতে, ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় আইস কর্মকর্তাদের কাছে শিয়ের বিষয়ে সতর্কবার্তা পৌঁছায়। এরপর তাকে আটক করা হয়। বিমানবন্দর থেকে আটকের পর তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ব্রোডি ল্যাবে সহকর্মীদের কাছে বিষয়টি জানান। এরপর তার সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শুক্রবার (২০ নভেম্বর) পর্যন্ত শিয়েকে ভার্জিনিয়ার চান্টিলিতে আইসের একটি আটককেন্দ্রে রাখা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর নীতির মধ্যে বিদেশি বংশোদ্ভূত বিজ্ঞানীদের আটকের এটি সর্বশেষ ঘটনা।

এ ধরনের নীতির কারণে যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠানগুলো বিশ্বের মেধাবী গবেষকদের নিয়োগ ও ধরে রাখার ক্ষেত্রে সমস্যায় পড়ছে। বিশেষ করে তরুণ গবেষকের সংকটে থাকা বিভিন্ন গবেষণাক্ষেত্রে এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুলের ডিন রডনি ডি প্রিস্টলি এক বিবৃতিতে বলেন, ‘ইভার আটকের খবর আমার এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক সদস্যের জন্য উদ্বেগজনক। আমরা আশা করি, তিনি দ্রুত প্রিন্সটনে ফিরে পড়াশোনা শুরু করতে পারবেন।’

২০১৬ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর শিয়ে ২০২০ সালে ব্রঙ্কস হাইস্কুল অব সায়েন্স থেকে এবং ২০২৪ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে স্নাতক সম্পন্ন করেন। এমআইটিতে তিনি কম্পিউটার বিজ্ঞান ও গণিত বিষয়ে পড়াশোনা করেন। এরপর নিউ জার্সিতে থেকে প্রিন্সটনের ব্রোডি ল্যাবে স্নায়ুবিজ্ঞান নিয়ে গবেষণা শুরু করেন।

চলতি সপ্তাহের শুরুতে ওয়াশিংটনে সোসাইটি ফর নিউরোসায়েন্সের বার্ষিক সম্মেলনে নিজের গবেষণা উপস্থাপন করেন শিয়ে। তিনি মস্তিষ্কের মানসিক মানচিত্র তৈরিতে স্থানাঙ্ক ব্যবস্থার মতো কাজ করে এমন নিউরন নিয়ে গবেষণা করেছেন।

ব্রোডি ল্যাব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘ইভা একজন মেধাবী গবেষক। নিজের গবেষণা উপস্থাপন করতে তিনি একটি সম্মেলনে গিয়েছিলেন। অথচ এখন তিনি আটককেন্দ্রে রয়েছেন। তার বাড়িতে থাকার কথা।’

শিয়ের আইনজীবী কেরি ডয়েল বলেন, ভিসার মেয়াদ শেষ হলেও গ্রিন কার্ড বা আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন থাকা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে আটকের ঘটনা ঘটছে। শিয়ের মতো আরো কয়েকজনের ক্ষেত্রেও এমনটি ঘটেছে বলে তিনি জানান।

শিয়েকে আটকের কারণ এবং তাকে ভার্জিনিয়ার আটককেন্দ্র থেকে অন্য কোথাও নেওয়া হয়েছে কি না, তা জানতে আইসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

শুক্রবার সকালে শিয়ের আইনজীবীরা আদালতে ‘হেবিয়াস করপাস’ আবেদন করেছেন। এর মাধ্যমে কোনো ব্যক্তিকে আটক রাখার বৈধতা পর্যালোচনার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শিয়ের জন্য আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তার আইনজীবী, পরিবার ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয়। এদিকে সোসাইটি ফর নিউরোসায়েন্স জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি হাটের উদ্বোধন, প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি হাটের উদ্বোধন, প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে

প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষি হাটের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় দামুড়হুদা অডিটোরিয়াম হলে আনুষ্ঠানিকভাবে এই হাটের উদ্বোধন সম্পন্ন হয়। এর মাধ্যমে এলাকার প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের বহুদিনের আশা পূরণ হলো।

দামুড়হুদা বাজার বণিক সমিতি এবং দামুড়হুদা ভুষিমাল ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম।

দামুড়হুদা বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা শাখার সেক্রেটারী আবেদ-উদদৌলা-টিটন, জালাল উদ্দিন ও আমজাদ হোসেন, এবং চুয়াডাঙ্গার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম।

এ সময় কৃষি হাট পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান স্বপন, প্রচার সম্পাদক শহিদুল ইসলামসহ বণিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় কৃষক ও বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই কৃষি হাটের মাধ্যমে ধান, ভুট্টা, ডাল, পাটসহ বিভিন্ন কৃষিপণ্য কেনাবেচার জন্য একটি সুসংগঠিত ও নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি হবে। এতে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। ক্রেতা-বিক্রেতাদের সরাসরি যোগাযোগের সুযোগ বাড়ানোর ফলে স্থানীয় অর্থনীতিও উন্নতি লাভ করবে।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা মনে করেন, দামুড়হুদা কৃষি হাট এলাকার কৃষি বাজারব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপাল: প্রকৃতি ও সভ্যতার সৌন্দর্যে ভ্রমণের অভিজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


নেপাল: প্রকৃতি ও সভ্যতার সৌন্দর্যে ভ্রমণের অভিজ্ঞতা

অফিসের কাজের চাপ এবং ব্যস্ততা ক্রমশ আমাকে ক্লান্ত করে তুলছিল। মন চাইছিল, কোথাও দূরে গিয়ে প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে। ঠিক সেই মুহূর্তে অফিস থেকে একটি অপ্রত্যাশিত খবর এল। সহকর্মীদের সঙ্গে বিদেশে ভ্রমণের আয়োজন করা হয়েছে।

নেপাল থেকে একের পর এক ভয়াবহ তুষারধসের খবর সংবাদমাধ্যমে আসছিল। পরিবারের পক্ষ থেকেও আপত্তি জানানো হলো। তাদের যুক্তি ছিল, যেখানে জীবনের ঝুঁকি রয়েছে, সেখানে যাওয়ার প্রয়োজন কী? নিরাপত্তার তুলনায় রোমাঞ্চ কখনো বড় হতে পারে না। পরিবারের উদ্বেগ এবং নিজের ভ্রমণের আকাঙ্ক্ষার মধ্যে টানাপোড়েন চলতে থাকলেও, শেষ পর্যন্ত নেপালযাত্রার প্রস্তুতি শুরু হলো।

১১ অক্টোবর, সকাল ১১টা। আকাশজুড়ে নীলের বিস্তার, চারপাশে ঝলমলে রোদ। কাঁধে ব্যাগ এবং সঙ্গে লাগেজ নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হলাম। আমাদের ফ্লাইট বিকেল ৩টা ৩০ মিনিটে।

বিমানবন্দরে প্রবেশের আগে ট্যুর অপারেটর জহির সাহেব প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দিয়ে ইমিগ্রেশনের নিয়মগুলো সংক্ষেপে জানিয়ে দিলেন।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ব্যাংকের প্লাটিনাম ক্রেডিট কার্ডের সুবিধায় বুফে লাঞ্চ সেরে নিলাম। যাত্রার শুরুতেই এমন প্রাপ্তি ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দিল।

বিকেল ৩টা ৪০ মিনিটে বিমান কাঠমান্ডুর উদ্দেশে উড়াল দিল। সহকর্মী গোলাম মোক্তাদির জানালার পাশের আসনটি নিশ্চিত করে রেখেছিলেন। বিমান ওপরে উঠতেই নিচের নদী, মাঠ ও শহর ক্রমশ ছোট হয়ে দৃষ্টিসীমায় মিলিয়ে যেতে লাগল। মনে হলো, পৃথিবীটাকে যেন অনেক দূর থেকে দেখছি।

নীল আকাশের বুক চিরে ছুটে চলেছে হাওয়াই জাহাজ। পাখার নিচে ভেসে আছে সাদা মেঘের বিস্তীর্ণ স্তর। বিকেলের সোনালি আলোয় মেঘের গায়ে ছড়িয়ে পড়েছে ঝিলমিল আভা। জানালার ওপারে যত দূর চোখ যায়, নীল আকাশ আর শুভ্র মেঘের অপূর্ব মিতালি। এমন দৃশ্য দেখে কিছুক্ষণ নির্বাক হয়ে রইলাম। মনে হলো, সৃষ্টির এমন বিস্ময়কর রূপের পেছনে নিশ্চয়ই রয়েছেন মহান স্রষ্টা।

মনে মনে ভাবি, মানুষ আজ পাখির মতোই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে বেড়ায়। যে আকাশ একসময় ছিল মানুষের বিস্ময় আর কল্পনার জগৎ, বিজ্ঞান আজ তাকেই পরিণত করেছে যাত্রাপথে। একদিন যে দূরত্ব পাড়ি দিতে দিনের পর দিন, কখনো মাসও লেগে যেত, আজ তা অতিক্রম করা যায় মাত্র কয়েক ঘণ্টায়। মানুষের ডানা নেই, অথচ তার জ্ঞান, উদ্ভাবনী শক্তি তাকে দিয়েছে আকাশ পেরিয়ে দূর দেশে পৌঁছানোর ক্ষমতা।

মেঘের রাজ্য পেরিয়ে ভেসে চলেছি হাওয়াই জাহাজে।

বিমান ধীরে ধীরে কাঠমান্ডু উপত্যকার দিকে নামতে শুরু করলে চারপাশের পাহাড়গুলো আরও স্পষ্ট হয়ে উঠল। বিকেলের রোদ তখন কোমল। পাহাড়ি ভূপ্রকৃতির কারণে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ নিয়ে কিছুটা উদ্বেগ ছিল। বিমান যত নিচে নামছিল, অজানা আশঙ্কা আর রোমাঞ্চ মিলেমিশে একাকার হচ্ছিল। অবশেষে রানওয়ে ছুঁয়ে নিরাপদে থামল বিমান।

বিমানবন্দরে পা রেখেই চারদিকে চোখ বুলালাম। পাহাড়ের সারি যেন কাঠমান্ডুকে ঘিরে তৈরি করেছে প্রাকৃতিক প্রাচীর। দৃশ্যটি মন জুড়িয়ে দিল।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কেউ নেপালি সিম কিনল, কেউ ডলার ভাঙিয়ে নেপালি রুপি সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ল। এয়ারপোর্টের বাইরে এসে দেখি, পশ্চিম দিগন্তে সূর্য ঢলে পড়ছে। তার শেষ সোনালি আলোয় পাহাড় ও উপত্যকা রাঙা হয়ে উঠেছে।

হঠাৎ চোখে পড়ল আমাদের অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে আছেন গাইড সুনিতা। তাঁর সঙ্গে সৌজন্য বিনিময়ের পর এগিয়ে গেলাম অপেক্ষমাণ ট্যুরিস্ট বাসের দিকে।

বাসের পাশে দাঁড়াতেই কানে এল পাখির কিচিরমিচির। পেছনে তাকিয়ে দেখি, গাছের ডালে ডালে পাখিদের ব্যস্ত আনাগোনা। কেউ বসে আছে, কেউ উড়ে যাচ্ছে অন্য ডালে। সন্ধ্যার আগে প্রকৃতি যেন তার সবুজ উঠোনে পাখিদের নিয়ে প্রাণবন্ত এক আসর বসিয়েছে।

আমাদের বাস নাগরকোটের উদ্দেশে চলতে শুরু করল। কাঠমান্ডুর ভেতর দিয়ে যেতে যেতে ঢাকার কথা মনে পড়ল। তবে রাজধানী ঢাকার মতো বহুতল ভবনের আধিক্য চোখে পড়ল না। বরং পুরোনো ভবন, জনাকীর্ণ রাস্তা আর মানুষের ব্যস্ত চলাচলে শেষ বিকেলের কাঠমান্ডুকে অনেকটা পুরান ঢাকার মতো মনে হলো।

শহর পেরিয়ে শুরু হলো পাহাড়ি পথ। জানালা দিয়ে দেখলাম, দিগন্তজুড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে উঁচু পাহাড়, তাদের ঢালে ছড়িয়ে-ছিটিয়ে ছোট ছোট বসতি। কিছুক্ষণের মধ্যেই সোনালি বিকেল ম্লান হয়ে এল। দিনের শেষ আলো নিভতেই চারদিকে নেমে এল অন্ধকার।

পাহাড়ের বাঁকে বাঁকে গড়ে ওঠা বাড়িগুলোতে একে একে আলো জ্বলে উঠল। দূর থেকে অন্ধকার পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা আলোগুলোকে মনে হচ্ছিল অসংখ্য জোনাকি।

পাশের সিটে বসা সামিউল বিস্ময় নিয়ে বললেন, "এত উঁচু পাহাড়ে মানুষ ঘরবাড়ি বানিয়ে থাকে কীভাবে?" রাজিব মন্তব্য করলেন, "ওদের তো সমতলে যাতায়াত করতেই বেশ কষ্ট হয়!"

তখনও জানতাম না, আমাদের গন্তব্য কোথায়। জানালার বাইরে আলোকিত পাহাড়ের দিকে তাকিয়ে ভাবছিলাম, এত উঁচুতে মানুষ কীভাবে বসতি গড়ে তুলেছে। কে জানত, ঐ পাহাড় চুড়ায় আমাদের গন্তব্য, নাগরকোট!

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, কাঠমুন্ডু।

আকাশে চাঁদ নেই, অমাবস্যার ঘন অন্ধকার। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা সড়ক বেয়ে ধীরে ধীরে ওপরে উঠছে আমাদের গাড়ি। হেডলাইটের আলোয় সামনের পথটুকু ছাড়া চারপাশে কিছুই দেখা যায় না। প্রতিটি বাঁক পেরোতেই কখনো চোখে পড়ে খাড়া পাথুরে দেয়াল, কখনো রাস্তার কিনার ঘেঁষে নেমে গেছে গভীর খাদ। যত ওপরে উঠছি, পথ ততই দুর্গম হয়ে উঠছে। বিপরীত দিক থেকে কোনো গাড়ি এলেই উৎকণ্ঠা বাড়ছে। সরু সড়কে দুটি গাড়ির পাশাপাশি যাওয়ার জায়গা সামান্যই। চালককে প্রতিটি মুহূর্তে অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছে। একবার মুখোমুখি দুটি গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে নিচে তাকালাম। অন্ধকারে খাদের তলদেশ দেখা যায় না। শুধু গভীরতার কথা ভেবেই গা শিউরে উঠল। মনে হলো, সামান্য অসতর্কতাও ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। নীরবে বসে রইলাম। প্রতিটি বাঁক পেরোনোর সঙ্গে মনে একটাই প্রশ্ন জাগছিল- আর কত দূর? কখন এই দুর্গম পথ পেরিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাব? সেই অপেক্ষা আর অজানা আশঙ্কার মধ্য দিয়েই কাটতে লাগল সময়।

অবশেষে পাহাড়চূড়ার হোটেল চৌতারিতে এসে পৌঁছালাম। গাড়ি থেকে নামতেই স্বস্তি ফিরে এল। হোটেলের কর্মীদের আন্তরিক অভ্যর্থনায় যাত্রার ক্লান্তি অনেকটাই মুছে গেল।

রাতে প্রথমবারের মতো চেখে দেখলাম নেপালি খাবার। খাওয়াদাওয়া শেষে হোটেলের ব্যালকনিতে গিয়ে বসলাম। চারদিকে নিস্তব্ধতা, বাতাসে হালকা শীতের পরশ। দূরের পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা আলোগুলো অন্ধকারে যেন এক মায়াবী দৃশ্যপট তৈরি করেছে।

মন পড়ে রইল ভোরের অপেক্ষায়। সূর্যোদয়ের প্রথম আলোয় হিমালয়ের বরফঢাকা শৃঙ্গগুলো দেখার স্বপ্ন মনে গভীর আগ্রহ জাগাল। সেই প্রত্যাশা বুকে নিয়েই রুমে ফিরে এলাম। কল্পনায় ভেসে উঠল এক অপূর্ব দৃশ্য। পূর্ব দিগন্তে সূর্যের আভা, আর তার আলোয় ঝলমল করছে বরফের শুভ্র মুকুট পরা হিমালয়। সেই দৃশ্যের ভাবনায় বিছানায় গা এলিয়ে দিলাম। কখন যে ঘুম এসে চোখের পাতা বন্ধ করে দিল, টেরই পেলাম না।

সূর্যোদয়ের প্রথম আলোয় হিমালয়ের বরফঢাকা শৃঙ্গ।

হিমালয়ের কোলে অবস্থিত নেপাল পৃথিবীর অন্যতম পর্বতময় দেশ। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপাল ও তিব্বতের সীমান্তে মাথা তুলে দাঁড়িয়ে আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার। হিমালয়ের বরফঢাকা শৃঙ্গের ওপর সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগের জন্য বিখ্যাত নাগরকোট।

পরদিন ভোরে ঘুম ভাঙতেই মনে হলো, আজ বহু আকাঙ্ক্ষিত হিমালয়কে দেখার দিন। দ্রুত বিছানা ছেড়ে ব্যালকনিতে ছুটে গেলাম। রাতের অন্ধকার ফিকে হয়ে আসছে। পূর্ব আকাশে ফুটেছে ভোরের আভা। মেঘে কখনো পাহাড় ঢেকে যাচ্ছে, আবার বাতাসে মেঘ সরে যেতেই উন্মোচিত হচ্ছে নতুন দৃশ্য। মনে হলো, ভোরের সৌন্দর্য শুধু দৃশ্যে নয়, তার বদলে যাওয়ার মধ্যেও।

ব্যালকনির চেয়ারে মাথা হেলিয়ে স্থির হয়ে বসলাম। সামনে পাহাড়ের নীরব সৌন্দর্য, চারদিকে সবুজের বিস্তার। কিছুক্ষণ পর মনে হলো, আমি আর কেবল প্রকৃতির দর্শক নই; তার সঙ্গে যেন একাত্ম হয়ে উঠেছি। এক টিলার গাছপালার ফাঁক দিয়ে অন্য টিলার দিকে উড়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি। তাদের ডানার ছন্দ পাহাড়ের নিস্তব্ধতায় ছড়িয়ে দিচ্ছে প্রাণের স্পন্দন।

তবু আমার দৃষ্টি বারবার ফিরে যাচ্ছিল দূর দিগন্তে। অপেক্ষা করছিলাম কখন সূর্যের আলোয় দৃশ্যমান হবে হিমালয়ের তুষারঢাকা শৃঙ্গ। চারপাশের সৌন্দর্যও সেই প্রতীক্ষা থেকে মন সরাতে পারছিল না।

পূর্ব আকাশ ক্রমে উজ্জ্বল হয়ে উঠল। রাতের অন্ধকার সরে যেতেই দূরের আকাশে ফুটে উঠল কয়েকটি শুভ্র রেখা। প্রথমে বুঝতে পারিনি, ওগুলো মেঘ, নাকি পর্বতের চূড়া। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সংশয় কেটে গেল। ওগুলো মেঘ নয়, বরফে ঢাকা হিমালয়ের শিখর! চশমাটি খুলে পরিষ্কার করে আবার চোখে পরতেই তুষারশুভ্র চূড়াগুলো আরও স্পষ্ট হয়ে উঠল। মেঘের স্তরের ওপরে সাদা শৃঙ্গগুলো আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। কখনো মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে, আবার কখনো মেঘ সরে যেতেই উন্মোচিত হচ্ছে তাদের শুভ্র অবয়ব। নীল আকাশ, ভাসমান মেঘ আর তুষারঢাকা শৃঙ্গের অপূর্ব মেলবন্ধনে চোখ ফেরানো কঠিন হয়ে পড়ল।

কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। ছবিতে হিমালয়কে বহুবার দেখেছি, কিন্তু চোখের সামনে তার বিশালতা অনুভব করার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। নাগরকোটে এসে হিমালয় আর আমার কাছে মানচিত্রের কোনো পর্বতমালা রইল না; সে হয়ে উঠল বাস্তবের এক অনন্য উপস্থিতি। বহুদিনের প্রতীক্ষিত সেই দৃশ্যের সামনে দাঁড়িয়ে উপলব্ধি করলাম, কিছু সৌন্দর্য অনুভবে যতটা গভীর, ভাষায় ততটা প্রকাশ করা যায় না।

সকালের নাস্তার জন্য দরজায় কড়া পড়ল। নেপালি নানা পদের স্বাদ নিয়ে নাস্তা সেরে নিলাম। এরপর গাইড সুনিতা মহার্জন জানালেন, ঘণ্টাখানেকের মধ্যে বাসে ধুলিখেলের উদ্দেশে রওনা হব। পথে দুটি দর্শনীয় স্থানও ঘুরে দেখাবেন।

নাগরকোটে বিদায়বেলার স্মৃতি

নাস্তা শেষে রিসোর্টের প্রাঙ্গণে দোলনায় বসলাম। মেঘ সরে গিয়ে সকালের রোদে ঝলমল করছে পাহাড়। দিনের আলোয় নাগরকোটের রূপ নতুন করে ধরা দিল। পাহাড়ের ঢালে হোটেল-রিসোর্ট, দূরে সবুজ পাহাড়ের সারি আর শোঁ শোঁ শব্দে বয়ে যাওয়া বাতাস। রাতের নাগরকোটের সঙ্গে সকালের এই রূপের যেন কোনো মিলই নেই।

সহযাত্রীরা ক্যামেরায় বন্দি করছিলেন স্মরণীয় মুহূর্তগুলো। আমিও শেষবারের মতো চোখ বুলিয়ে নিলাম চারপাশে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%