০৪:৪৫ পি.এম
কক্সবাজারের রামু সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর গৌরবময় ইতিহাস, মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রামু সেনানিবাসের এরিয়া কমান্ডার ও ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর কমান্ডিং অফিসার এয়ার ভাইস মার্শাল শরীফুল ইসলাম, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলমগীর ফরিদ, সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাব কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেকসহ সেনাবাহিনী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের সূচনা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হয়। পরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ: শিশির মনির
প্রামাণ্যচিত্রে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবময় যাত্রা শুরু হয়। ৪ এপ্রিল তেলিয়াপাড়া বৈঠকে মুক্তিযুদ্ধের সামরিক কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়। ১১ থেকে ১৭ জুলাই অনুষ্ঠিত সেক্টর কমান্ডারদের সম্মেলনে মুক্তিযুদ্ধের সাংগঠনিক কাঠামো সুসংহত করা হয় এবং ১১টি সেক্টরে যুদ্ধ পরিচালনার ব্যবস্থা করা হয়। পরবর্তী সময়ে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বিত সামরিক অভিযানের ঐতিহাসিক দিন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে স্বীকৃতি পায়। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস তুলে ধরে জানানো হয়, মুক্তিযুদ্ধের সময় 'জেড', 'কে' ও 'এস' ফোর্স গঠনের মাধ্যমে সেনাবাহিনীর সাংগঠনিক ভিত্তি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এ বাহিনী দায়িত্ব পালন করে আসছে।
বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা শুরু হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে কয়েকটি ছোট টহলযান নিয়ে প্রাথমিক নৌবহর গঠনের মাধ্যমে। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ ডিসেম্বর নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। অন্যদিকে, ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর 'কিলো ফ্লাইট' গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর যাত্রা শুরু হয়। দেশের আকাশসীমা সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় এ বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানে রামু সেনানিবাসে অবস্থিত ১০ পদাতিক ডিভিশনের ইতিহাসও তুলে ধরা হয়। ২০১৪ সালের ২৮ অক্টোবর রামুতে এ ডিভিশন প্রতিষ্ঠিত হয়। ২০১৪ সালের ১৬ নভেম্বর প্রথম জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে ২০১৫ সালের ১ মার্চ পতাকা উত্তোলনের মাধ্যমে ডিভিশনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।
আরও পড়ুন: ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, পুলিশ সদরদপ্তরের বক্তব্য
দেশপ্রেম, শৃঙ্খলা, পেশাদারত্ব ও আত্মত্যাগের আদর্শ ধারণ করে ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা দেশের দক্ষিণাঞ্চলের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করে আসছেন। 'সাউদার্ন শিল্ড' বা দক্ষিণের সুরক্ষাবলয় হিসেবে পরিচিত এ ডিভিশনের সদস্যরা দেশমাতৃকার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন