বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৫৭ পি.এম
ভোলার লালমোহনে কোস্টগার্ড এবং উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে জব্দ হওয়া প্রায় ৬৫০ কেজি জাটকা ইলিশের বিতরণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মৎস্য বিভাগের তালিকা অনুযায়ী, ১৫টি এতিমখানায় প্রায় ১০০ কেজি এবং অসহায়-দুস্থদের মধ্যে প্রায় ২০০ কেজি মাছ বিতরণ করা হয়েছে। তবে, বাকি মাছের সঠিক হিসাব না পাওয়ায় তা কোথায় গেল, সে সম্পর্কে প্রশ্ন উঠেছে।
গত ২৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলার ওয়েস্ট্রানপাড়া ব্রিজের ওপর অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান এবং খুলনা রুটের যাত্রীবাহী চাকলাদার পরিবহন ও মিমজাল পরিবহন থেকে এসব জাটকা জব্দ করা হয়। লালমোহন উপজেলা মৎস্য বিভাগ এবং বাংলাদেশ কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জানা গেছে, জব্দ করা মাছ চরফ্যাশনসহ বিভিন্ন এলাকা থেকে আনা হচ্ছিল। অভিযানের বিষয়ে তথ্য জানতে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গণমাধ্যমে এ অভিযান প্রকাশ করতে চাননি বলে জানান। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, অভিযানে প্রায় ৬৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, জব্দ করা মাছ এতিমখানা ও অসহায়-দুস্থদের মধ্যে বিতরণের কথা থাকলেও বিতরণের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
মৎস্য বিভাগের তালিকা অনুযায়ী, ১৫টি এতিমখানায় প্রায় ১০০ কেজি এবং অসহায়-দুস্থদের মধ্যে প্রায় ২০০ কেজি মাছ বিতরণ করা হয়েছে। সেই হিসাবে, জব্দ করা মোট ৬৫০ কেজি মাছের মধ্যে প্রায় ৩৫০ কেজির বিতরণ বা ব্যবস্থাপনা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা মৎস্য বিভাগের (ক্ষেত্র সহকারী রাজস্ব) কর্মকর্তা মোস্তফা মনোয়ার আলী বলেন, জব্দ করা মাছ কোস্টগার্ডের সহযোগিতায় বিতরণ করা হয়েছে। তিনি ১৫টি এতিমখানায় মাছ বিতরণের কথাও জানান। তবে, বাকি মাছের হিসাব জানতে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করতে বলেন এই কর্মকর্তা।
অন্যদিকে, কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আকাশ বলেন, জব্দ করা মাছ মৎস্য বিভাগ বিতরণ করেছে এবং কোস্টগার্ড সহযোগী হিসেবে কাজ করেছে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, সুবিধাভোগীদের মধ্যে নামমাত্র মাছ বিতরণ করে বাকি মাছ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এই অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
জব্দ করা মাছের মোট পরিমাণ, বিতরণের তালিকা, সুবিধাভোগীদের সংখ্যা এবং অবশিষ্ট মাছের ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, জব্দ করা মাছ বিতরণের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই সনদকে কেন্দ্র করে এনসিপি ও জামায়াতের আস্ফালনের ফলে ফ্যাসিবাদীরা অস্থিরতা সৃষ্টির সুযোগ লাভ করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজনে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের সাথে আলোচনা করার সুযোগ থাকার পরও জামায়াত-এনসিপি লং মার্চের নামে আহাম্মকি কাজ করেছে।
এ সময় তিনি বিরোধীদলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে ফ্যাসিস্টরা ফিরে আসার সুযোগ পায়। তাদের ফিরে আসলে স্থিতিশীল রাজনীতি বজায় রাখা সম্ভব হবে না।
শ্রমিকদের সর্বনিম্ন মজুরিসহ দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে; তবুও পতিত ফ্যাসিবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে জানান নুরুল হক নুর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পদ্মা ব্যারাজ প্রকল্পের জন্য ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করা হয়েছে। পানিসম্পদ মন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, শিগগিরই এই মেগা প্রকল্পের কার্যক্রম দৃশ্যমান হবে। তিনি উল্লেখ করেছেন, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আলোচনা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদীমাতৃক বাংলাদেশের মাটি, মানুষ, সেচ ও কৃষির সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয় গভীরভাবে জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ চলছে। তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্পও অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ, নেদারল্যান্ডস, চীন ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে এই কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
মন্ত্রী গঙ্গা চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার প্রসঙ্গ তুলে বলেন, এ বিষয়ে বিশেষ কমিটির পক্ষ থেকে দুটি চিঠি এবং তার পক্ষ থেকেও একটি ব্যক্তিগত চিঠি পাঠানো হয়েছে। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এখনও কোনো জবাব বা দৃশ্যমান সাড়া পাওয়া যায়নি। বাংলাদেশের মানুষের স্বার্থে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নতুন উদ্যোগে গঙ্গা চুক্তির সমাধান চান তিনি।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করতে পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে।
সভায় সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক (ম্যানেজিং) কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও অভিভাবকরা।
বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আসাদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রফিকুল ইসলাম রফিক, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সিপাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা।
নবনির্বাচিত সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, ঐতিহ্যবাহী শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব আমাকে দেওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানটিকে উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে রূপান্তর করব, ইনশাআল্লাহ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে যুবলীগ নেতা এবং মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে পল্লবী থানার পুলিশ একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনার সঙ্গে তসলিম চৌধুরী জড়িত। এই ঘটনার সঙ্গে তার শ্যালকের সম্পৃক্ততার বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ