রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৫৯ পি.এম
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক (ম্যানেজিং) কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও অভিভাবকরা।
বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আসাদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রফিকুল ইসলাম রফিক, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সিপাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা।
নবনির্বাচিত সভাপতি এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, ঐতিহ্যবাহী শিয়ালকাঠী মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব আমাকে দেওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানটিকে উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে রূপান্তর করব, ইনশাআল্লাহ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে যুবলীগ নেতা এবং মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে পল্লবী থানার পুলিশ একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনার সঙ্গে তসলিম চৌধুরী জড়িত। এই ঘটনার সঙ্গে তার শ্যালকের সম্পৃক্ততার বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ অভিযোগ করেছেন যে, জ্বালানি খাতে আমদানিনির্ভরতা, ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদন এবং ক্যাপাসিটি চার্জের বোঝা-পুরোনো নীতির ধারাবাহিকতা এখনও বিদ্যমান।
তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এক নাগরিক সংলাপে এসব মন্তব্য করেন, যেখানে জ্বালানি খাতে জনস্বার্থ, ন্যায্যতা, জবাবদিহি ও আইনি লড়াইয়ের বিষয়গুলো আলোচিত হয়।
অধ্যাপক আনু মুহাম্মদ উল্লেখ করেন যে, সরকার পরিবর্তন হলেও জ্বালানি খাতের নীতি ও সিদ্ধান্তের পেছনে থাকা স্বার্থগোষ্ঠীর পরিবর্তন হয়নি। এর ফলে, জাতীয় সক্ষমতা বাড়ানোর পরিবর্তে বিদেশি কোম্পানি, ঋণ এবং মুনাফানির্ভর প্রকল্পের ওপর নির্ভরতা এখনও বজায় রয়েছে।
সংলাপে অংশগ্রহণকারীরা জ্বালানি খাতে নীতিগত সংস্কার এবং জাতীয় সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের সুদর্শন অভিনেতাদের মধ্যে অর্জুন রামপালের নাম প্রথম দিকেই উঠে আসে। তিনি মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে পরে অভিনয়ে নিজের স্থান তৈরি করেছেন। ‘ডন’, ‘ওম শান্তি ওম’ এবং ‘রক অন’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। আজ ২৬ নভেম্বর, এই অভিনেতার জন্মদিন। ১৯৭২ সালের এই দিনে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে তার জন্ম হয়।
অর্জুন দিল্লির হিন্দু কলেজে অর্থনীতির উপর পড়াশোনা করেছেন। নব্বইয়ের দশকে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পরিচিতি লাভ করেন তিনি। ফ্যাশন ডিজাইনার রোহিত বালের নজরে আসার পর মডেল হিসেবে কাজের সুযোগ পান। অল্প সময়ের মধ্যে তিনি ভারতের জনপ্রিয় পুরুষ মডেলদের একজন হয়ে ওঠেন। এরপর তিনি বড় পর্দায় কাজের স্বপ্ন নিয়ে বলিউডে প্রবেশ করেন।
২০০১ সালে ‘পেয়ার ইশক অউর মহাব্বাত’ সিনেমার মাধ্যমে অর্জুনের অভিনয়ে অভিষেক ঘটে। প্রথম দিকে কিছু সিনেমায় অভিনয় করলেও তিনি বিশেষ সাফল্য অর্জন করতে পারেননি। ২০০৬ সালে শাহরুখ খানের সঙ্গে ‘ডন’ সিনেমায় অভিনয়ের পর তার পরিচিতি বৃদ্ধি পায়। পরের বছর ‘ওম শান্তি ওম’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকদের নজর কাড়েন।
অর্জুন ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘রক অন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনেতা হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেন। এতে তিনি জোসেফ ম্যাসকারেনহাস চরিত্রে অভিনয় করেন। এই সিনেমায় তার অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এরপর ‘রাজনীতি’, ‘হাউসফুল’, ‘রা.ওয়ান’, ‘ডি-ডে’ এবং ‘ড্যাডি’-র মতো সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে তাকে দেখা যায়।
অভিনয়ের পাশাপাশি অর্জুন প্রযোজনাতেও যুক্ত হয়েছেন। তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণ করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি রোমান্টিক নায়ক থেকে অ্যাকশন ও অপরাধভিত্তিক গল্পের চরিত্রে নিজেকে মানিয়ে নিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে তিনি বলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন।
ব্যক্তিজীবনে অর্জুন রামপাল বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন। ১৯৯৮ সালে সাবেক সুপারমডেল মেহর জেসিয়াকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে রয়েছে। ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। পরে তিনি দক্ষিণ আফ্রিকান মডেল ও ডিজাইনার গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের সঙ্গে সম্পর্কে জড়ান। তাদের দুই ছেলে রয়েছে। ২০২৬ সালের আগস্টে গোয়ায় তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়।
মডেলিংয়ের মঞ্চ থেকে বলিউডের বড় পর্দা—দীর্ঘ পথ পেরিয়ে আজ ৫৪ বছরে পা দিলেন অর্জুন রামপাল। বয়সের সঙ্গে তার কাজের ধরন পরিবর্তিত হয়েছে, তবে পর্দায় তার উপস্থিতি ও অভিনয়ের বৈচিত্র্য এখনও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের যৌথ নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার এ আলম সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী।
আলোচনা সভা শেষে কোমলমতি শিক্ষার্থীদের ডিম ও দুধ খাওয়নোর পাশাপাশি তাদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ