বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৫৯ পি.এম
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩২ ফুট দীর্ঘ এক বিশাল আকৃতির সামুদ্রিক তিমির মরদেহ।
বুধবার সকাল ৭টার দিকে, উপজেলার বড়বগি ইউনিয়নের চরপাড়া গ্রামের কাছে আন্দারমানিক নদীর তীরে স্থানীয় লোকজন তিমিটি দেখতে পান।
জেলায় এটি চতুর্থবারের মতো গভীর সমুদ্র থেকে তিমির মরদেহ ভেসে আসার ঘটনা ঘটেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তিমিটি দেখতে সকাল থেকে সেখানে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
ধারণা করা হচ্ছে, কোনো সামুদ্রিক জাহাজের আঘাত অথবা রাসায়নিক বিষক্রিয়ায় তিমিটি মারা যেতে পারে।
বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান জানান, কলাপাড়ার সঙ্গে তালতলীর সীমান্তবর্তী আন্দারমানিক নদীর দিকে মৃত তিমিটি ভেসে যাচ্ছিল। সেটিকে নিশানবাড়িয়ার দিকে নিয়ে আসার চেষ্টা চলছে। মাটিচাপা দেওয়ার আগে তিমিটির প্রয়োজনীয় তথ্য ও নমুনা সংরক্ষণ করা হবে।
একটি পরিসংখ্যানে দেখা গেছে, কেবল কুয়াকাটাতেই ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৬টি ডলফিন ও চারটি তিমির মৃতদেহ পাওয়া গেছে।
উল্লেখ্য, গত কয়েক বছরে উপকূলে বহু মৃত তিমি ভেসে এসেছে। এর মধ্যে বরগুনা এবং তালতলীতে চারটি তিমি ভেসে এসেছে। এর আগে ২০২৪ সালের ১ জুলাই বরগুনার পায়রা নদীর মোহনায় ছোনবুনিয়ার চরে বিশাল আকৃতির একটি তিমি ভেসে আসে।
২০১৪ সালে তালতলীর নলবুনিয়ায় একটি তিমি ভেসে আসার পর সেটি ওই চরেই মাটি চাপা দিয়ে রাখা হয়। তার আগে ১৯৯১ সালে ৪৮ ফুট লম্বা বিশাল আকারের একটি মৃত তিমি ভেসে আসে, যা পরে উদ্ধার করে ঢাকা কেন্দ্রীয় জাদুঘরে সংরক্ষণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবে নিখোঁজ শরীয়তপুরের ডামুড্যা উপজেলার নজরুল ইসলাম রনিকে জীবিত ও সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনার জন্য এবং কথিত মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তার স্বজন ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডামুড্যার আওরঙ্গজেবের মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন রনির পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং স্থানীয় জনগণ।
মানববন্ধনে রনির স্বজনেরা অভিযোগ করেছেন যে, সৌদি আরবে পাঠানোর সময় তার সঙ্গে জাল টিকিটসহ বিভিন্ন ধরনের প্রতারণা করা হয়েছে। বিদেশে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে রনির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দালাল চক্রের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও রনির অবস্থান সম্পর্কে পরিবারের কাছে কোনো তথ্য প্রদান করা হয়নি। এ ঘটনায় পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।
মানববন্ধন থেকে দ্রুত রনিকে খুঁজে বের করে জীবিত ও সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়। একই সঙ্গে আরহান রিক্রুটিং এজেন্সির মালিক শাহীন বাবুসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্বজনেরা।
রনির মা রোকসানা বেগম বলেন, "আমরা জানি না আমার ছেলে কোথায় আছে বা কী অবস্থায় আছে।" তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান যে, দ্রুত তার ছেলেকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে দেওয়া হোক।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, রনির নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রনির সন্ধান ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ী, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : রাজবাড়ীতে বিআরটিএ’র উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আজ চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করা হয়। এ সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে ৫১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য, বিআরটিএ রাজবাড়ীর সহকারী পরিচালক মোহাম্মদ অহিদুর রহমান এবং মালিক গ্রুপ রাজবাড়ীর পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক।
প্রধান অতিথি’র বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন সরকারের যৎসামান্য আর্থিক আনুকূল্য এটা আপনার পরিবারের জন্য একটু হলেও সহানুভূতি যোগাবে। আগামী দিনে আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে। সড়ক দুর্ঘটনায় আর কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হোক, আমরা তা চাইনা।
তিনি বলেন, আমরা সব সময় সতর্কতার সাথে সড়কে চলাচল করব এবং অন্যকেও সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে থাকার পরামর্শ দেব।
আসুন, আমরা সবাই মিলে নিরাপদ সড়ক চলাচলে একে অপরকে সাহায্য করি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ও হংকং আজ একটি বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি (আইপিপিএ) স্বাক্ষর করেছে, যা দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার উদ্দেশ্যে করা হয়েছে। এই চুক্তিটি ১১তম বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে হংকংয়ে স্বাক্ষরিত হয়। বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী। অপরদিকে, হংকং সরকারের পক্ষে স্বাক্ষর করেন বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি আলজের্নন ইএই।
এই চুক্তির ফলে বাংলাদেশ ও হংকংয়ের বিনিয়োগকারীদের মধ্যে পারস্পরিক বিনিয়োগ ও পুঁজির সুরক্ষা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে, দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিবেশ তৈরি হবে এবং নতুন অর্থনৈতিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে, হংকং বাংলাদেশের সপ্তম বৃহত্তম বিনিয়োগ উৎস হিসেবে পরিচিত। নতুন এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে, তৈরি পোশাক ও বস্ত্র শিল্পসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের প্রবাহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
গত পাঁচ বছরে, বাংলাদেশ হংকং থেকে প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এর মধ্যে, ২০২৫ সালে এসেছে ১২২ মিলিয়ন ডলার।
সংশ্লিষ্টদের মতে, আইপিপিএ স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের বিনিয়োগ সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। ফলে, বিনিয়োগের পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে এবং বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
সূত্র : বাসস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেছেন মউক’র চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এই বোর্ড সভাটি বুধবার সকালে নগরীর গণপূর্ত ভবনে অনুষ্ঠিত হয়।
নবগঠিত কর্তৃপক্ষের কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে, পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এবং আধুনিক ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তোলার লক্ষ্যে সভায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, স্থাপত্য অধিদপ্তরের সাইকা বিনতে আলম, মউকের অথরাইজড কর্মকর্তা ইফতেখার আলমসহ অন্যান্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ