১২:২৫ পি.এম
সিলেট নগরীতে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গত শুক্রবার (১৯ জুন) র্যাব-৯-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগের দিন, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার কাজিরবাজার মোগলটুলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, কাজিরবাজার মোগলটুলা এলাকায় একটি চক্র অনলাইনে জুয়া পরিচালনা করছে, এই খবরে র্যাব-৯, সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল সেখানে পৌঁছায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। তাদের কাছ থেকে একটি স্মার্টফোন ও ছয়টি টালি খাতা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই মোবাইল ফোনে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও অবৈধ লেনদেনের আলামত পাওয়া গেছে বলে জানান র্যাব।
আরও পড়ুন: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, ৭-৮ লাখ টাকার ক্ষতি
র্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃতরা সাধারণ মানুষকে অল্প টাকায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করত এবং সেখান থেকে মোটা অঙ্কের কমিশন হাতিয়ে নিত।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দ আলামতসহ তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও জানান, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় বদলি হলেন পুলিশের দুই কর্মকর্তা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন