সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৪৪ এম
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান গার্মেন্টস অসন্তোষের কারণে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল আজও থমথমে অবস্থায় রয়েছে। ১৩(১) ধারার আওতায় আজও বন্ধ রয়েছে আশুলিয়ার ২২ পোশাক কারখানা।
আজ, সোমবার (২৩ নভেম্বর), বহুল প্রতীক্ষিত মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। তবে, উৎপাদনে অংশ না নেওয়ায় কর্তৃপক্ষ ২৫ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই কারখানাগুলোর মধ্যে হা-মীম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন ও স্টারলিং গ্রুপ অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য আজও বন্ধ রয়েছে ২২টি কারখানা। আরও ৫টি কারখানায় শ্রমিকরা অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।
আজ সকাল থেকে বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরানি ও কাঠগড়া এলাকায় চালু কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রেখেছেন। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, আজ মজুরি বোর্ডের স্থগিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বোর্ডের চেয়ারম্যান আগেই জানিয়েছেন, মজুরি ঘোষণা হলে তা ডিসেম্বর মাস থেকেই কার্যকর হবে।
শ্রমিকরা বলছেন, দ্রুত গ্রহণযোগ্য মজুরি ঘোষণা হলেই কারখানায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ার স্ট্র্যাথমোর শহরে একটি কনসার্টে গুলির ঘটনা ঘটে, যার ফলে ৯ জন আহত হন। স্থানীয় শেরিফ দপ্তর রবিবার (২২ নভেম্বর) এই তথ্য প্রকাশ করে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
কাউন্টি শেরিফের দপ্তরের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ১৫০ জন দর্শকের উপস্থিতিতে কনসার্ট চলাকালীন অনির্দিষ্টসংখ্যক সন্দেহভাজন ব্যক্তি ভিড়ের ওপর গুলি চালায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
শেরিফ বিভাগ জানায়, ২৬ বছর বয়সী এক যুবকের বুকে গুলি লাগে এবং অস্ত্রোপচারের পর তিনি গুরুতর অবস্থায় রয়েছেন। এছাড়া ১৯ ও ২২ বছর বয়সী আরও দুজনের অস্ত্রোপচার প্রয়োজন হয়েছে, এবং বাকি ছয়জনের আঘাত সামান্য।
কর্তৃপক্ষের ধারণা, গুলিবর্ষণের ঘটনাটি গ্যাং-সম্পর্কিত হতে পারে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রায় ৩০০০ জনসংখ্যার পার্বত্য শহর স্ট্র্যাথমোরে আয়োজিত ওই অনুষ্ঠানে পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলো থেকেও শিল্পীরা অংশ নিয়েছিলেন। শেরিফ দপ্তর আরও জানিয়েছে, এলাকায় জনসাধারণের জন্য এখন আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ