ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

‘৫ বছরের মধ্যে পাসপোর্টের প্রয়োজন হবে না’


‘৫ বছরের মধ্যে পাসপোর্টের প্রয়োজন হবে না’

আগামী পাঁচ বছরের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রচলিত পাসপোর্টের প্রয়োজনীয়তা কমে যেতে পারে, এমন পূর্বাভাস দিয়েছেন দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রিফিথস। তিনি উল্লেখ করেছেন যে, প্রযুক্তিগত সক্ষমতা তৈরি হলেও এই ব্যবস্থা কার্যকর করার জন্য বিভিন্ন দেশের সরকার, বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন।

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে তিনি এই মন্তব্য করেছেন।

পল গ্রিফিথস তার পোস্টে উল্লেখ করেছেন, "পাঁচ বছরের মধ্যে পাসপোর্ট অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে।" অনেক ভ্রমণকারী পাসপোর্টে বিভিন্ন দেশের সিল সংগ্রহ করতে পছন্দ করেন, তবে প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে উড়োজাহাজে ভ্রমণের জন্য কাগজের পাসপোর্ট বহন করার ধারণা এখন পুরোনো হয়ে গেছে।

আরও পড়ুন: ফ্রান্সের সুপারমার্কেটের ফ্রিজ সাইবার হামলায় ইরানকে দায়ী

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে যাত্রীদের যাতায়াত সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দরের টার্মিনাল-৩-এ দুই শতাধিক মুখমণ্ডল শনাক্তকরণ ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই ক্যামেরাগুলোর মাধ্যমে নিবন্ধিত যাত্রীরা চেক-ইন, অভিবাসন, বিশ্রামাগার এবং উড়োজাহাজে ওঠার বিভিন্ন ধাপে মুখমণ্ডল শনাক্ত করে সেবা গ্রহণ করতে সক্ষম হচ্ছেন।

নিবন্ধনের জন্য যাত্রীদের পাসপোর্টের তথ্য যাচাই, ছবি তোলা এবং ব্যক্তিগত শনাক্তকরণ তথ্য ব্যবহারের সম্মতি দিতে হয়। দুবাইয়ের চেক-ইন কাউন্টারেও নিবন্ধনের সুযোগ রয়েছে।

তবে বর্তমান ব্যবস্থায় পরিচয় শনাক্তের প্রাথমিক ভিত্তি হিসেবে পাসপোর্টের তথ্য প্রয়োজন। গ্রিফিথসের পরিকল্পনা আরও বিস্তৃত, তিনি চান যে, একজন যাত্রীর ডিজিটাল পরিচয় আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের ক্ষেত্রেও স্বীকৃতি পাক। এর ফলে বিমানবন্দরের বিভিন্ন ধাপে পাসপোর্ট দেখানোর প্রয়োজন হবে না এবং ভ্রমণের সময় পাসপোর্ট সঙ্গে রাখারও দরকার হবে না।

তিনি বলেন, "বিভিন্ন দেশের সরকার, বিমান সংস্থা এবং বিমানবন্দরকে নিজেদের ব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপন করতে হবে।" পাশাপাশি আন্তর্জাতিকভাবে ডিজিটাল পরিচয় শনাক্তের অভিন্ন মানদণ্ড তৈরি করতে হবে।

আরও পড়ুন: রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, একাধিক বিস্ফোরণের শব্দ

দুবাইয়ে পাসপোর্টবিহীন যাতায়াতের উদ্যোগ নতুন নয়। ২০১৯ সাল থেকে দেশটির নাগরিক, বাসিন্দা এবং নিবন্ধিত বিদেশি যাত্রীরা মুখমণ্ডল ও চোখের আইরিস শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে পাসপোর্ট বা পরিচয়পত্র না দেখিয়ে বিমানবন্দরের নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন।

এছাড়া, দুবাইয়ের ‘রেড কার্পেট’ নামের মুখমণ্ডল শনাক্তকরণ ব্যবস্থার মাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭ লাখ ৪৫ হাজার ১৮৮ জন যাত্রী সেবা নিয়েছেন। এই ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তির সাহায্যে নির্ধারিত পথ দিয়ে পাসপোর্ট বা বোর্ডিং পাস না দেখিয়েই যাতায়াত করা যায়।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ‘ক্লিক অ্যান্ড ট্রাভেল’ নামের মোবাইলভিত্তিক অভিবাসন সেবা চালু হয়েছে। এর মাধ্যমে কর্মকর্তারা মোবাইল যন্ত্র ও মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে যাত্রীদের কাছাকাছি থেকেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

গ্রিফিথসের মতে, ভবিষ্যতে একই ডিজিটাল পরিচয় ব্যবহার করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করার পাশাপাশি গাড়ি ভাড়া নেওয়া কিংবা হোটেলে ওঠার কাজও করা সম্ভব হবে।

আরও পড়ুন: ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বড় নয়: জুলিয়েট স্টিভেনসন

তবে তিনি স্বীকার করেছেন যে, সব দেশ একই সময়ে এই ব্যবস্থা চালু করতে পারবে না। আন্তর্জাতিক ভ্রমণে এই সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দেশের সরকার, বিমান চলাচল এবং পর্যটন খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা প্রয়োজন।

গ্রিফিথসের ভাষায়, "ভবিষ্যতে যাত্রীরা নিজেদের পরিচয় প্রমাণ করতে কম সময় ব্যয় করবেন, আর ভ্রমণ উপভোগে বেশি সময় দিতে পারবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে দলে রাখতে চায় আর্জেন্টিনার বড় অংশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ এম


মেসিকে দলে রাখতে চায় আর্জেন্টিনার বড় অংশ

লিওনেল মেসির ‘সদ্য সাবেক’ আর্জেন্টিনা সতীর্থরা অদ্ভুত এক পরিস্থিতিতে পড়েছেন। একটি জাতীয় দলের ক্যাম্প শুরু হতে যাচ্ছে, যেখানে মেসি নেই এবং তার আসার সম্ভাবনাও নেই! যে ক্যাম্পের মুকুটবিহীন রাজা ছিলেন, সেই তার অনুপস্থিতি দল কীভাবে সহ্য করবে? অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কথায় বিষয়টি ফুটে উঠেছে।

৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি আর্জেন্টিনাকে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা শিরোপা জিতিয়েছেন।

তবে এর পাশাপাশি, আর্জেন্টিনা স্কোয়াডের কাছে মেসি ছিলেন একজন নেতা। সেই নেতার অনুপস্থিতি মেনে নিতে পারেনি আর্জেন্টিনা। ম্যাক অ্যালিস্টার জানিয়েছেন, মেসিকে এখনও আর্জেন্টিনা দলে চায় দলের একটি বড় অংশ।

তিনি বলেছেন, “বিষয়টা অদ্ভুত লাগবে। লিও যে আর আমাদের সঙ্গে থাকবে না, তা আমরা এখনো মেনে নিতে পারিনি। আমাদের একটা অংশ এখনো চায় সে থাকুক।”

তবে পুরো দল বাস্তবতাও বুঝতে পারছে। তা না চাইলেও সবাইকে মানতে হচ্ছে। তিনি বলেন, “কিন্তু আমরা পরিস্থিতিটা বুঝি। এটা নতুন এক প্রক্রিয়া। আমাদের সবচেয়ে ভালোভাবে এর মোকাবিলা করতে হবে। বিশ্বের সেরা খেলোয়াড় আর আমাদের সঙ্গে নেই। তাই দল হিসেবে আমাদের আরও শক্তিশালী হতে হবে।”

দিয়ারিও আসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক অ্যালিস্টার জোর দিয়ে বলেছেন, কঠিন মুহূর্তে আর্জেন্টিনা এখন থেকে একজনের জাদুর ওপর ভরসা করতে পারবে না। এখন দলের লড়াইয়ের মানসিকতাই আসল।

মিডফিল্ডার ব্যাখ্যা করে বলেন, “লিও অবশ্যই অনন্য। তার মতো আর কেউ কখনো আসবে না। ভেতর থেকে আমরা বিশ্বাস করি, আমাদের শক্ত একটি দল হয়ে উঠতে হবে। কারণ ম্যাচ পুরো বদলে দেওয়ার মতো সেই খেলোয়াড় আমাদের নেই। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমরা চাই। এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।”

মেসির মতো কাউকে পাওয়া সম্ভব নয়। তবে তা মেনে নিয়েও ম্যাক অ্যালিস্টার দেশের তরুণ প্রতিভার ওপর আস্থা রাখছেন। তার কথায়, “আর্জেন্টিনায় সব সময় প্রচুর প্রতিভা থাকে। এখনও খুব ভালো খেলোয়াড় আছে। আমার বিশ্বাস, পরের প্রজন্ম এগিয়ে আসবে এবং যারা চলে গেছে তাদের জায়গা পূরণ করবে।”

এই তরুণদের মধ্যে সবার আগে আছেন নিকো পাজ। কোমোর এই তরুণ তারকা ইতালিতে কোচ সেস ফ্যাব্রেগাসের অধীনে দারুণ খেলছেন। মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার নাম আলোচনায় আছে।

পাজের প্রশংসা করে ম্যাক অ্যালিস্টার বলেন, “সে অবিশ্বাস্য মানের ও প্রতিভাবান খেলোয়াড়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা একটি দল হিসেবে, সতীর্থ হিসেবে তাকে সাহায্য করতে পারি। কোমোতে সে এখন যে মানে খেলছে, সেখানে পৌঁছাতে আমরা তাকে সাহায্য করতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা এটাই সবচেয়ে বেশি চাই। আমরা দেখছি, মানুষ তাকে ভালোবাসে এবং অনেক সমর্থন দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। কারণ আমরা সব সময় তার পাশে থাকব।”

১৪ নভেম্বর নিজেদের মাঠে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর কোস্টারিকা সফরে গিয়ে ১৭ নভেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থসংকটে বন্ধ বিশ্বভ্রমণ, সিঙ্গাপুরে জব্দ বিলাসবহুল প্রমোদতরি ‘ওডিসি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ এম


অর্থসংকটে বন্ধ বিশ্বভ্রমণ, সিঙ্গাপুরে জব্দ বিলাসবহুল প্রমোদতরি ‘ওডিসি’

অর্থ ফুরিয়ে যাওয়ার কারণে সিঙ্গাপুর বন্দরে বিলাসবহুল ক্রুজ জাহাজ ‘ওডিসি’ জব্দ করা হয়েছে, যা বিশ্বভ্রমণে বের হয়েছিল। সাড়ে তিন বছরে ১৫০টি দেশ পরিভ্রমণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হলেও, জ্বালানির তীব্র মূল্যবৃদ্ধি ও আর্থিক সংকটের কারণে এই দীর্ঘ সামুদ্রিক যাত্রা মাঝপথেই থেমে গেছে।

এই জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিলা ভি রেসিডেন্সেস’-এর মালিকানাধীন। এটি ২০২৪ সালের অক্টোবরে আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে যাত্রা শুরু করে। বিবিসি সূত্রে জানা গেছে, যাত্রীদের জন্য এতে স্থায়ীভাবে বসবাসের পাশাপাশি মাসিক ভাড়ারও ব্যবস্থা ছিল। তবে শুরু থেকেই যান্ত্রিক গোলযোগ, আইনি জটিলতা ও আর্থিক সমস্যায় জর্জরিত ছিল পুরো আয়োজন। একপর্যায়ে খাবার সরবরাহকারীর বকেয়া মেটাতে না পেরে নাবিকদের স্থানীয় দোকান থেকে খাবার কিনতে হয়েছিল।

সাম্প্রতিক যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বহুগুণ বেড়ে যাওয়ায় কোম্পানিটির পরিচালনা ব্যয় আকাশচুম্বী হয়ে যায়। প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ যেখানে ১৮০০ ডলার ছিল, তা লাফিয়ে ৮০০০ ডলারে পৌঁছায়। এই পরিস্থিতির সামাল দিতে না পেরে গত মাসে কম্বোডিয়ায় অবস্থানকালে কর্তৃপক্ষ হঠাৎ করেই কার্যক্রম স্থগিত করে। ফলে জাহাজে থাকা প্রায় ২০০ যাত্রী মাঝপথেই নেমে যেতে বাধ্য হন। কোম্পানিটি জানায়, কম্বোডিয়ায় আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে কাজ করছে তারা।

পরবর্তীতে চলতি মাসের শুরুতে যখন জাহাজটি সিঙ্গাপুর পৌঁছায়, তখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ এটিকে জব্দ করে। সিঙ্গাপুরের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জাহাজে কোনো যাত্রী নেই এবং ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন।

বিশ্ব পরিভ্রমণের স্বপ্ন নিয়ে শুরু হওয়া এই বিলাসবহুল সফর যাত্রীদের জন্য একটি বড় দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ঋণদাতাদের আইনি পদক্ষেপ এবং পরিচালনাকারী সংস্থার চরম আর্থিক অনিশ্চয়তার কারণে জাহাজটির ভবিষ্যৎ এবং আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণের বিষয়টি এখন বড় প্রশ্নচিহ্নের মুখে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরাগে নিষিদ্ধ সংগঠনের ৩ আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ এম


তুরাগে নিষিদ্ধ সংগঠনের ৩ আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানার পুলিশ বিশেষ একটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার সময় তুরাগ থানাধীন প্রত্যাশা ব্রিজের আশপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশের ফ্ল্যাশ রিপোর্ট অনুযায়ী, তুরাগ থানার আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. নুর হোসেন এবং তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল করার উদ্দেশ্যে ব্যানারসহ প্রত্যাশা ব্রিজ এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদ পাওয়ার পর তুরাগ থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মো. মাহমুদুল হক, এসআই মো. মাসুদ রানা, এএসআই মো. মশিউর রহমান এবং এএসআই মো. সোহেল রানাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

মিছিলের প্রস্তুতির সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকার বাকরাল উত্তরপাড়ার মো. কামরুল ইসলাম (২১), মালিপাড়া কালাইবাড়ী এলাকার মো. হযরত আলী (২০) এবং বাদাম এলাকার মো. মিতুল হাসান (১৯)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একটি ৭/৩ ফুট আকারের ব্যানার জব্দ করা হয়। উদ্ধারকৃত ব্যানারে লেখা ছিল- ‘শেখ হাসিনা বীরের বেশে ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে’。

​

তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুলের শেষ দিনগুলোর সাক্ষী বিএমইউ-এর ১১৭ নম্বর কেবিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ এম


নজরুলের শেষ দিনগুলোর সাক্ষী বিএমইউ-এর ১১৭ নম্বর কেবিন

বরুন কুমার দাশ

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : একটি কেবিন, চারটি দেয়াল, এবং একটি শয্যা। এটি তৎকালীন পিজি হাসপাতালের ১১৭ নম্বর কেবিন। এই কেবিনের সঙ্গে জড়িয়ে আছে বাংলা সাহিত্যের ইতিহাসের একটি আবেগঘন অধ্যায়।

একজন মানুষ, যিনি একদিন কলমের আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন পরাধীনতার শৃঙ্খল। দুরারোগ্য অসুস্থতার কারণে জীবনের শেষ পর্বে তাঁর কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছিল। শব্দের যে জগৎ তাঁকে দিয়েছিল অমরত্ব, সেই শব্দের সঙ্গেই তৈরি হয় এক গভীর নীরবতার দূরত্ব। এখানে কথা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। তাঁর জীবনের শেষ দিনগুলোর কথা মনে পড়লে শুধু একজন অসুস্থ কবির ছবি ভেসে ওঠে না, বরং ভেসে ওঠে এক সুদীর্ঘ নীরবতা এবং প্রিয় কবির প্রতি মানুষের ভালোবাসা, ইতিহাসের এক মর্মস্পর্শী অধ্যায়ও।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহ, সাম্য ও মানবতার কণ্ঠস্বর। তাঁর কবিতার শব্দে কেঁপে উঠেছিল অন্যায়ের সিংহাসন। নজরুলের গানে মানুষ মুক্তির প্রেরণা খুঁজে পেয়েছিল। জীবনের শেষ অধ্যায়ে সেই মহাবিদ্রোহী কাটিয়েছেন দীর্ঘ নীরবতার মধ্যে।

বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের ১১৭ নম্বর কেবিনটি সেই নীরব সময়ের স্মৃতি বহন করে। অসুস্থ অবস্থায় কবি এখানে কাটিয়েছেন জীবনের শেষ এক বছর এক মাস আট দিন। ১৯৭৫ সালের ২২ জুলাই ধানমন্ডির ‘কবিভবন’ থেকে কবিকে এখানে নিয়ে আসা হয়। এই কেবিনে থাকার সময়েই কবিকে ১৯৭৬ সালের জানুয়ারিতে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার নাগরিকত্ব প্রদান করে।

এর আগে, ১৯৭২ সালের ২৪ মে, কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় আনা হয় স্বাধীন বাংলাদেশে। বাঙালি জাতি তাঁকে গ্রহণ করে জাতীয় কবির মর্যাদায়, গভীর ভালোবাসায়।

ধানমন্ডির পুরোনো ২৮ নম্বর সড়কের ৩৩০-বি নম্বর বাড়িটি তাঁর বাসভবন হিসেবে বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি পরিচিতি পায় ‘কবিভবন’ নামে। এই ‘কবিভবন’ থেকেই তাঁর স্থান হয় ১১৭ নম্বর কেবিনে।

নজরুল মানেই বিদ্রোহ। নজরুল মানেই অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস। তাঁর কবিতায় ছিল শোষিত মানুষের আর্তনাদ। তাঁর গানে ছিল সাম্য ও সম্প্রীতির আহ্বান। তিনি কখনো প্রেমের কবি, কখনো মানবতার কবি, আবার কখনো শৃঙ্খল ভাঙার দুর্বার প্রতীক।

কিন্তু অসুস্থতা তাঁকে ক্রমশ নিস্তব্ধ করে দেয় চিরতরে। ১৯৪২ সালের পর থেকে তাঁর সৃজনশীল জীবন কার্যত থমকে যায়। যে কণ্ঠে একদিন উচ্চারিত হয়েছিল দ্রোহের অগ্নিবাণী, সেই কণ্ঠ আর আগের মতো কখনও সাড়া দেয়নি।

হাসপাতালের কেবিন সাধারণত চিকিৎসা, অপেক্ষা এবং উদ্বেগের জায়গা হয়ে থাকে। তবে কিছু কিছু কক্ষ সময়ের সীমানা অতিক্রম করে ইতিহাসের অংশ হয়ে যায়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের ১১৭ নম্বর কেবিনও তেমনই, যেখানে নজরুলের জীবনের অন্তিম অধ্যায়ের স্মৃতি জড়িয়ে আছে। কেবিনটি ঘিরে মানুষের মনে তৈরি হয়েছে বিশেষ আবেগ। কেবিনটির দরজা, জানালা কিংবা শয্যা সবকিছুকে ঘিরেই যেন কল্পনায় ফিরে আসে কেবল সেই দিনগুলোর কথাই।

জানা গেছে, কবিকে ‘কবিভবন’ থেকে পিজি হাসপাতালের ১১৭ নম্বর কেবিনে কবির ইচ্ছার বিরুদ্ধেই ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ১৯৭৬ সালের ২৯ আগস্ট ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁকে সমাহিত করা হয়। আজও তাঁর সমাধি শ্রদ্ধা জানাতে আসা মানুষের কাছে প্রিয় কবির স্মৃতির এক অমূল্য ঠিকানা।

নজরুলের অসুস্থতা ছিল ব্যক্তিগত বেদনার চেয়েও বড় একটি জাতীয় অনুভূতি। তাঁর সাহিত্য, সংগীত এবং মানবতাবাদী চেতনা তাঁকে মানুষের হৃদয়ে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছিল, যেখানে শারীরিক উপস্থিতির চেয়েও বড় হয়ে ওঠে তাঁর সৃষ্টির শক্তি। তিনি কথা বলতে না পারলেও তাঁর কবিতা কথা বলেছে। তাঁর কণ্ঠ স্তব্ধ হলেও তাঁর গান থেমে থাকেনি। প্রজন্মের পর প্রজন্ম তাঁর সৃষ্টিতে খুঁজে পেয়েছে প্রতিবাদ, প্রেম, সাম্য, অসাম্প্রদায়িকতা এবং মুক্তির বাণী।

নজরুলের শেষ দিনগুলোর নীরব সাক্ষী বিএমইউ-এর ১১৭ নম্বর কেবিন কেবল ইতিহাসের কাছে একটি স্থাননাম, কিন্তু বাঙালির আবেগে এটি এক মহৎ জীবনের শেষ অধ্যায়কে স্মরণ করার প্রতীক। তবে দুঃখজনক হলেও সত্যি, দীর্ঘ বছর কেউ কবির জীবনের শেষ দিনগুলো কাটানো এই কক্ষটির খোঁজ রাখেনি। যদিও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বি-ব্লকে শিক্ষক, শিক্ষার্থী এবং হাজার হাজার রোগী প্রতিনিয়ত আনাগোনা করেন। কিন্তু অনেকে জানতেনই না যে ওই ভবনের (প্রশাসনিক ভবন) দ্বিতীয় তলার ১১৭ নম্বর কেবিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কক্ষটির সংস্কার কাজ চলছে। এজন্য জাতীয় কবির ব্যবহৃত সকল কিছু কেবিন থেকে সরিয়ে অন্যত্র রাখা হয়েছে। রুমটির আধুনিকায়নের কাজ শেষ হলে সবকিছু আবার সাজানো হবে।

বিএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার বাসসকে জানান, সাধারণত সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা থাকে ‘নজরুল কক্ষ’। অনেকেই কক্ষটি ঘুরে দেখেন এবং পরামর্শ দেন। কক্ষটিকে আধুনিকায়ন করার লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ফলে এটি এখন দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত নয়। শিগগিরই কাজটি শেষ হয়ে যাবে। তখন আবার তা দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, নজরুল গবেষকদের দাবির প্রেক্ষিতে ২০০২ সালে তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন কক্ষটির নামফলকসহ সংরক্ষণের উদ্যোগ নেন। তখন থেকে এটি নজরুলের স্মৃতি রক্ষার্থে ‘নজরুল কক্ষ’ হিসেবে পরিচিতি পায়। কিন্তু এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেবিনটি আবারও স্টোর হাউজ হিসেবে ব্যবহৃত হতে থাকে। নজরুল গবেষকদের কঠোর সমালোচনার মুখে ২০১৬ সালের দিকে কিছুটা সংস্কার কাজ করা হয়। এরপর আবারও অবহেলায় পড়ে কক্ষটি। সম্প্রতি নজরুল বর্ষ উপলক্ষে এ কক্ষের সংস্কারে হাত দেয় বিএমইউ কর্তৃপক্ষ।

যে কেবিনে জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন বিদ্রোহী কবি, সেটি কেবল একটি হাসপাতালকক্ষ নয়, বাঙালির ইতিহাস ও আবেগের এক অমূল্য স্মারক। যথাযথ সংরক্ষণ ও মর্যাদার সঙ্গে কক্ষটি উন্মুক্ত রাখা গেলে নতুন প্রজন্মও অনুভবে সক্ষম হবে জাতীয় কবির জীবনের শেষ অধ্যায়ের স্মৃতি। এর ফলে সময়ের নীরব সাক্ষী হয়ে ১১৭ নম্বর কেবিন বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%