ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে অধ্যাপক সলিমুল্লাহ খানের মন্তব্য


শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে অধ্যাপক সলিমুল্লাহ খানের মন্তব্য

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। দেশে তার ফেরার সম্ভাবনা নিয়ে বিশিষ্ট অধ্যাপক ও চিন্তাবিদ সলিমুল্লাহ খান মন্তব্য করেছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, "শেখ হাসিনা ভারতে গেছেন। যদি তিনি আসতেও পারেন, বাংলাদেশের মানুষ যদি সবকিছু ভুলে যায় যে তিনি ব্যাপক হত্যা ও গুম খুন করেছেন, তাহলে তিনি আবার আসবেন। তবে আমার মনে হয় না, ব্যক্তিগত বিশ্বাসের কথা বলছি, তিনি যদি আসতেও পারেন, তার টাকা থাকতে পারে, ধনিক শ্রেণীর সমর্থন থাকতে পারে, পাশের দেশের সমর্থন থাকতে পারে। কিন্তু যেভাবে তিনি একবার স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিলেন, সেটা কখনো পারবেন বলে মনে হয় না।"

তিনি আরও বলেন, "যদি বাংলাদেশের মানুষের মধ্যে আত্মগরিমা বা আত্মমর্যাদা বোধ থাকে, তাহলে এটা সম্ভব হবে না। তবে রাজনীতি সামনে জটিল হতে চলেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। আরও জটিল হবে, কারণ বর্তমান সরকার বেশিরভাগ সময়ই বিভিন্ন ভুল পদক্ষেপ নিচ্ছে। এইগুলির কারণেই হয়তো এই পরিস্থিতির উদ্ভব হচ্ছে।"

আরও পড়ুন: নতুন পাসপোর্টের আবেদন করেও খুনি হাসিনা বাবাকে ফিরতে দেয়নি: ইশরাক

গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, পরিবর্তনের পর একটি সম্মিলিত রাজনৈতিক ফ্রন্ট বা জাতীয় সরকার গঠন করা প্রয়োজন ছিল। কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থতা ছিল বড় ত্রুটি।

এ প্রসঙ্গে তিনি বলেন, "তাহলে এটা থেকে রোধ হতে হলে যেটা দরকার ছিল, বিপ্লবের পরে একটা সম্মিলিত ফ্রন্ট গঠন করা। আমি মনে করছিলাম, এটা জাতীয় সরকার হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছিলেন যে আমরা একা শাসন করব না। কিন্তু পরিবর্তন পরবর্তী যে ইউনাইটেড ফ্রন্ট করার কথা ছিল, সেটা তারা করতে ব্যর্থ হলেন। এটা আমি মনে করি তাদের সবচেয়ে বড় ত্রুটি। বিপ্লব পরবর্তী একটা ঐক্য সরকার লাগে।"

১৯৭২ সালে সরকার গঠনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "কিন্তু ১৯৭২ সালে শেখ সাহেব যে ভুলটা করে, তিনি শুধু আওয়ামী লীগ সরকার করলেন অথচ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করেনি। আমি বলব, আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ করেই নাই। অন্য মানুষ আর মুক্তিযুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের পর তিনি বললেন, তার ব্যক্তিত্ব এবং ক্যারিশমা যে তোমরা অস্ত্র জমা দাও। আ স ম আব্দুর রব বললেন, আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেইনি। মনে আছে না?"

টকশোর হোস্ট নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে উল্লেখ করে সলিমুল্লাহ খান বলেন, "এখনো তো একই কথাই হলো। যে ফর এক্সাম্পল আপনি (মাহমুদুর রহমান মান্না) এসে টক শো করছেন কেন এখন? আপনি তো সবসময়ই বিপ্লবে ছিলেন, জীবনের ঝুঁকি নিয়েছিলেন সব সময়। কিন্তু আপনাকে শুধু টক শো হোস্ট হিসেবে দেখছি। আমি ব্যক্তিগতভাবে খুশি, কিন্তু জাতি খুশি না তাতে। আপনার তো সরকারে থাকা উচিত ছিল।"

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

এ ছাড়া ২০২৪ সালের আওয়ামী লীগের পরাজয়ের পেছনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার রাজনৈতিক ভূমিকার প্রভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, মুক্তিযুদ্ধে তৎকালীন সামরিক বাহিনী, ইপিআর, পুলিশ ও অন্যান্য সশস্ত্র বাঙালিরা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আওয়ামী লীগ ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল বলেও সমালোচনা করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে বিদ্যুতের হাইভোল্টেজ লাইনে আগুন, তার চুরির চেষ্টায় যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নরসিংদী প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


নরসিংদীতে বিদ্যুতের হাইভোল্টেজ লাইনে আগুন, তার চুরির চেষ্টায় যুবকের মৃত্যু

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে পুড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাসাইল রেলগেট এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে খুঁটির নিচে এক যুবকের আগুনে পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। স্থানীয়দের ধারণা, ওই যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে হাইভোল্টেজ সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় তার কাটতে গিয়ে আগুনের সূত্রপাত হয় এবং তিনি দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহাউদ্দীন যাকারিয়া আল্লামা আরশাদ মাদানির সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


বাহাউদ্দীন যাকারিয়া আল্লামা আরশাদ মাদানির সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ হযরত মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি (দা. বা.)-এর শারীরিক অসুস্থতা এবং দুর্বলতা অপরিবর্তিত রয়ে গেছে। তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় দেশবাসীসহ সকল স্তরের মুসলমানের কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি উপমহাদেশের একজন বিশিষ্ট আলেম, প্রাজ্ঞ দ্বীনি ব্যক্তিত্ব এবং মুসলিম উম্মাহর অন্যতম শীর্ষ অভিভাবক। তাঁর ব্যক্তিত্বে ইলম, আমল, ইখলাস, দ্বীনি প্রজ্ঞা ও দূরদর্শিতার অনন্য সমন্বয় প্রতিফলিত হয়েছে।

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া আরও বলেন, আল্লামা আরশাদ মাদানি তাঁর সমগ্র জীবন ইসলামের প্রচার-প্রসার, মুসলিম উম্মাহর দিকনির্দেশনা, ঐক্য-সংহতি প্রতিষ্ঠা এবং নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় উৎসর্গ করেছেন। তাঁর সাহসী নেতৃত্ব, সত্যনিষ্ঠা ও আপসহীন ভূমিকা তাঁকে উপমহাদেশের মুসলিম সমাজে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।

তিনি উল্লেখ করেন, আল্লামা আরশাদ মাদানির অসুস্থতা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়। দ্বীনি ও জাতীয় অঙ্গনে তাঁর অবদান ব্যাপক ও সুদূরপ্রসারী। মুসলিম উম্মাহর জন্য তাঁর অভিভাবকত্ব, দিকনির্দেশনা ও নেতৃত্ব অমূল্য সম্পদ।

তিনি দেশবাসী, আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসলমান, হযরতের ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করার আহ্বান জানান, যেন আল্লামা আরশাদ মাদানি দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য লাভ করেন।

দোয়া করে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, মহান আল্লাহ তাআলা হযরতকে দ্রুত পূর্ণাঙ্গ ও স্থায়ী সুস্থতা দান করুন, সব ধরনের রোগ-ব্যাধি ও শারীরিক দুর্বলতা থেকে মুক্তি দিন এবং মুসলিম উম্মাহর কল্যাণে তাঁর ছায়া দীর্ঘকাল অটুট রাখুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানসম্পন্ন শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


মানসম্পন্ন শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান এমপি বলেছেন, মানসম্পন্ন শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা আবশ্যক। তিনি উল্লেখ করেন, বিএনপি শূন্য হাতে সরকার গঠন করেছে। প্রতিটি বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্য এক কোটির উপরে টাকা বরাদ্দ করা হয়েছে এবং রাস্তাঘাট, মসজিদ, মন্দির, কবরস্থান ও মাঠ উন্নয়নের জন্য ৭শ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

শুধুমাত্র প্রতিষ্ঠানে বড় বড় বিল্ডিং নির্মাণ করা হয়েছে, কিন্তু শিক্ষার মান উন্নয়ন করা হয়নি, এটি গ্রহণযোগ্য নয়। সকলকে সততার সাথে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, চাঁদাবাজি, দখলবাজি, তদবিরবাজি, দালালি, সালিশি চলবে না। তিনি আরও বলেন, আমি, সাংবাদিক, আমার দলের ও দলের বাইরে নেতাকর্মীরা কেউই আইনের ঊর্ধ্বে নয়; কেউ যদি অন্যায় করে, তাহলে তাকে আইন হাতে তুলে দেওয়া হবে।

শনিবার (১৪ নভেম্বর) সখিপুর উপজেলার রতনপুর খোশবাহার উচ্চ বিদ্যালয়, কাহার্তা দাখিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন, উপজেলা কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা, ইন্দারজানি মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিনী নার্গিস সিদ্দিকা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কবির হাসান প্রমুখ। জনাব আযম আরো বলেন, আগামী ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করলে উন্নয়ন কাজকে আরো ত্বরান্বিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে বিষ্ণোই গ্যাংয়ের গুপ্তচর হিসেবে চলচ্চিত্র তারকার তথ্য পাচারকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


ভারতে বিষ্ণোই গ্যাংয়ের গুপ্তচর হিসেবে চলচ্চিত্র তারকার তথ্য পাচারকারী গ্রেপ্তার

বলিউডের তারকাদের ছবি ও চলাফেরার তথ্য লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে পাঠানোর অভিযোগে ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেরালার ত্রিশূর থেকে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম গুরুমূর্তি। এই তথ্য ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, গুরুমূর্তি মুম্বাইয়ে চলচ্চিত্র তারকাদের ছবি তুলে সেগুলো গ্যাংয়ের সন্দেহভাজন সদস্যদের কাছে পাঠাতেন। শনিবার সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) পুলিশের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায়।

অভিযোগ রয়েছে, তামিলনাড়ুর বাসিন্দা গুরুমূর্তি শুধু তারকাদের ছবি তোলার কাজই করেননি, বরং তাদের চলাফেরা ও অবস্থানের ওপরও নজর রাখতেন। পরে তিনি এসব তথ্য বিদেশে অবস্থানরত গ্যাংয়ের সদস্যদের কাছে পাঠিয়ে দিতেন। পুলিশ জানায়, এর বিনিময়ে তামিলনাড়ুর উদুমালপেতে থাকা তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো।

বৃহস্পতিবার রাতে ত্রিশূর সিটি পুলিশের একটি বিশেষ দল পালক্কাদ জেলার ওট্টাপালাম থেকে গুরুমূর্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গত কয়েক মাস ধরে তিনি ওই এলাকায় একটি দুধের বুথে কাজ করছিলেন এবং সেখানেই বসবাস করতেন। পুলিশের তথ্য অনুযায়ী, ওট্টাপালামে আসার আগে গুরুমূর্তি মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ের খান্ডিভালি পশ্চিম এলাকায় থাকতেন।

কেরালায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের লুকিয়ে থাকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ত্রিশূর পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের দাবি, এই গ্যাংটি একাধিক হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় জড়িত। তাদের কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠেছে।

পুলিশ সূত্র পিটিআইকে জানিয়েছে, তদন্তে জানা গেছে, গুরুমূর্তি মুম্বাইয়ে আলোকচিত্রী হিসেবে কাজ করতেন। তিনি চলচ্চিত্র তারকাদের ছবি তোলার পাশাপাশি তাদের চলাফেরার ওপর নজর রাখতেন।

অভিযোগ রয়েছে, এভাবে সংগ্রহ করা ছবি এবং তারকাদের যাতায়াত ও গতিবিধি সম্পর্কিত বিস্তারিত তথ্য তিনি বিদেশে অবস্থানরত বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের কাছে পাঠাতেন।

শুক্রবার আদালত গুরুমূর্তিকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তদন্তের স্বার্থে তাকে উদুমালপেটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে পুলিশ। পাশাপাশি তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহেরও চেষ্টা করছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, হত্যা, হত্যার চেষ্টা ও চাঁদাবাজিসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক অপরাধের সঙ্গে গুরুমূর্তির কথিত সম্পৃক্ততা রয়েছে। এসব ঘটনায় তার ভূমিকা জানতে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে।

তার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএর ১৮ নম্বর ধারায় মামলা করা হয়েছে। এই ধারায় সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র, চেষ্টা এবং এ ধরনের কাজে সহায়তার অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে সহায়তার জন্য কেরালা অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের সহযোগিতা চেয়েছে পুলিশ। এ ছাড়া, গুরুমূর্তির গ্রেপ্তারের বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকেও জানানো হবে।

তদন্তকারীরা আরো খতিয়ে দেখছেন, চলচ্চিত্র তারকাদের ছবি ও তাদের চলাফেরার তথ্য সংগ্রহ করে গুরুমূর্তি কার কাছে এবং কী উদ্দেশ্যে পাঠাতেন। পাশাপাশি তার স্ত্রীর ব্যাংক হিসাবে সন্দেহজনক কোনো অর্থ লেনদেন হয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%