০১:৩০ পি.এম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি সংগীতকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ‘এআই মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই অনুষ্ঠানে এআইয়ের সাহায্যে গান তৈরি করা সংগীতশিল্পী ও নির্মাতাদের পুরস্কৃত করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংগীতের জগতে এআইয়ের ব্যবহার নিয়ে চলমান বিতর্ক এবং আইনি জটিলতার মধ্যেই এই আয়োজন সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে এআই দ্বারা তৈরি গান লাখ লাখবার শোনা হয়েছে এবং বিভিন্ন সংগীত চার্টে স্থান করে নিয়েছে।
অনুষ্ঠানে সেরা এআই শিল্পী, সেরা গান এবং সেরা অ্যালবামের তিনটি প্রধান পুরস্কার লাভ করেছে এআইনির্ভর সংগীতশিল্পী ‘জানিয়া মনেট’ (Xania Monet)। ‘হাউ ওয়াজ আই সাপোজড টু নো?’ গানটির জন্য পরিচিত এই ভার্চুয়াল শিল্পীকে তৈরি করেছেন তেলিশা ‘নিকি’ জোনস। তিনি জানান, গানের সব কথা তিনি নিজেই লিখেছেন, পরে এআইয়ের সহায়তায় সেগুলোতে সুর ও সংগীত যুক্ত করেছেন।
আরও পড়ুন: আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে ডিজিটাল অর্থনীতি চুক্তি, কার্যকর ২০২৭ সালে
জোনস মন্তব্য করেন, এআই সংগীত একটি নতুন বিষয়। মানুষের জন্য এটি ধীরে ধীরে পরিচিত হতে হবে। তাঁর মতে, সংগীত তৈরির এই ধারা শিগগিরই হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
এআই সংগীত তৈরির ক্ষেত্রে মানুষের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে অনুষ্ঠানে। সংগীত প্রযোজক ড্রেক মারফি বলেন, যখন সবাই এআইকে কৃত্রিম বা ভুয়া বলছেন, তখন এর পেছনে থাকা মানুষটি বাস্তব। তাঁর মতে, এআই দিয়ে গান তৈরির পেছনেও মানুষের সৃজনশীলতা ও শ্রম রয়েছে।
অনুষ্ঠানের বিজয়ী নির্বাচন করেছে সনিক ইন্টেলিজেন্স একাডেমির সদস্য এআই শিল্পীরা। এই প্রতিষ্ঠানটি এআই দিয়ে তৈরি গানের তালিকা প্রকাশ এবং সংগীতে এআইয়ের ব্যবহার শনাক্ত করার বিভিন্ন সরঞ্জাম তৈরি করে।
তবে সংগীতে এআইয়ের ব্যবহার নিয়ে বিতর্কও বিদ্যমান। কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যানথ্রপিক ও ওপেনএআইসহ বিভিন্ন এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে রেকর্ড লেবেলগুলো। অভিযোগ করা হচ্ছে, এসব প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই কপিরাইটযুক্ত গান ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ দিচ্ছে। অন্যদিকে, প্রতিষ্ঠানগুলোর দাবি, যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনের ‘ফেয়ার ইউজ’ নীতির আওতায় এ ধরনের ব্যবহার বৈধ হতে পারে।
আরও পড়ুন: মহাকাশে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ভয়েজার ১
সংগীতশিল্পীদের একাংশের উদ্বেগ, এআই দিয়ে তৈরি গান জনপ্রিয়তা পেলে মানবশিল্পীদের কাজের সুযোগ কমে যেতে পারে। এতে সংগীত প্রযোজক, গায়ক, শব্দ প্রকৌশলী ও গীতিকারদের জীবিকা হুমকিতে পড়তে পারে।
তবে পুরস্কারের জন্য মনোনীত অনেক নির্মাতার দাবি, তাদের বলার মতো গল্প থাকলেও সেগুলোকে পূর্ণাঙ্গ সংগীতে রূপ দেওয়ার প্রয়োজনীয় দক্ষতা সবার থাকে না। এআই তাঁদের সেই ঘাটতি পূরণে সহায়তা করছে। তাঁদের মতে, এআই সংগীতের পেছনেও মানুষের সৃজনশীলতা ও পরিশ্রম রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন