০৮:৫৪ পি.এম
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে খনন করা ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ এ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কূপটিতে গ্যাসের অবস্থান নিশ্চিত হওয়ার তথ্য জানায়। উল্লেখ্য, গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়েছিল।
বাপেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে কূপটিতে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা চলমান রয়েছে। এই পরীক্ষার ফলাফল আসার পর কূপটিতে গ্যাসের মজুদের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
আরও পড়ুন: ইনানীর রিসোর্টে আগুন: নিখোঁজ মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও তাঁর স্ত্রী-সন্তান
সূত্র জানাচ্ছে, ডিরেকশনাল ওয়েল পদ্ধতি ব্যবহার করে এমডব্লিউডি (মেজারমেন্ট হোয়াইল ড্রিলিং) প্রযুক্তির মাধ্যমে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীরতায় খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার জোনে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।
সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আরো দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। পরীক্ষা শেষ হলে কূপটিতে মোট কত গ্যাস মজুদ রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন