০৬:০২ পি.এম
তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো হোল্ডিং বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। বুধবার (২৫ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।
সূত্রের খবর, সানকো হোল্ডিং তাদের ডেনিম বিভাগ ইসকোর মাধ্যমে এবং বাংলাদেশের ডিবিএল গ্রুপের সহযোগিতায় মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। এই কারখানায় একটি ইন্টিগ্রেটেড স্পিনিং ইউনিটও অন্তর্ভুক্ত থাকবে। সানকো হোল্ডিং এই প্রকল্পে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে।
ইনভেস্ট বাংলাদেশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সানকো হোল্ডিং একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী, যার টেক্সটাইল ব্যবসার ইতিহাস ১৯০৪ সাল থেকে শুরু। বর্তমানে প্রতিষ্ঠানটি বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতে কার্যক্রম পরিচালনা করছে। তাদের ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
আরও পড়ুন: বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন নথি ফাঁস
প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। তারা ৬০টিরও বেশি দেশে গ্রাহকদের সেবা প্রদান করে। তুরস্কের প্রথম মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্রও তাদের দ্বারা পরিচালিত হয়।
সানকোর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বোর্ডের ভাইস চেয়ার ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু। তারা ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রস্তাবিত ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আশা করা হচ্ছে, এই কারখানা থেকে প্রায় ৪ হাজার ৪০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
ইনভেস্ট বাংলাদেশ জানায়, প্রতিনিধিদলে আরও ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস। স্থানীয় যৌথ উদ্যোগ অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রচিও উপস্থিত ছিলেন।
ইনভেস্ট বাংলাদেশ জানায়, প্রস্তাবিত রপ্তানিমুখী কারখানাটির মাসিক উৎপাদন ক্ষমতা হবে প্রায় ১০ মিলিয়ন মিটার। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। এই বিনিয়োগ বাংলাদেশের টেক্সটাইলের পশ্চাৎ-সংযোগ (ব্যাকওয়ার্ড লিংকেজ) শিল্পকে শক্তিশালী করবে এবং রপ্তানি আয় বাড়ানোর সম্ভাবনা রয়েছে। প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিতে ইনভেস্ট বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: কানাডায় বাংলাদেশের জিএসপি সুবিধা ২০৩২ সাল পর্যন্ত অব্যাহত রাখার সুখবর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন