শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫৩ পি.এম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে না। এই সময়ে উপজেলার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, রাজারহাট উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফলে নির্ধারিত সময়ে উপজেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ বিষয়ে রাজারহাট উপকেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম জানান, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সিটি কর্পোরেশনের নিজস্ব ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যক্তিপর্যায়েও সৌরবিদ্যুৎ ব্যবহারে নগরবাসীকে উদ্বুদ্ধ করার পরিকল্পনা রয়েছে।
এ লক্ষ্যে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নগর ভবনে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত সভায় মহানগরীতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক পর্যায়ে নয়, ব্যক্তিপর্যায়েও সৌরবিদ্যুৎ উৎপাদনে নগরবাসীকে সম্পৃক্ত করতে হবে। এ ব্যবস্থার সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে নাগরিকদের সচেতন করে উদ্বুদ্ধ করা প্রয়োজন। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা কমাতে এ উদ্যোগে সবার অংশগ্রহণ জরুরি।
মতবিনিময় সভায় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী ও মোঃ ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, সহকারী প্রকৌশলী সফিকুল হাসান ও জেসমিন সুলতানা সভায় অংশ নেন।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দুর্বৃত্তদের দ্বারা পাকা ধানের স্তূপে আগুন লাগানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে বর্গাচাষি কৃষক আব্দুল জলিলের তিন বিঘা (১৫০ শতাংশ) জমির পাকা ধান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। সোনালি ফসল ঘরে তোলার স্বপ্ন যখন তিনি দেখছিলেন, তখনই তাঁর পরিশ্রম এবং স্বপ্নের সমাপ্তি ঘটে। এই ঘটনার ফলে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াগছ গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জলিল মৃত নকিব উদ্দিনের ছেলে। তিনি ধারদেনা করে অন্যের জমি বর্গা নিয়ে আমন ধানের চাষ করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলিল বাড়ির পশ্চিম পাশে ধান কেটে সড়কের পাশে স্তূপ করে রেখেছিলেন। তিনি ধান মাড়াই করে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ওই ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার ফজরের নামাজের পর একই গ্রামের আনছারুল নামে এক ব্যক্তি ধানের স্তূপে আগুন জ্বলতে দেখে কৃষক আব্দুল জলিলকে খবর দেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে তাঁর তিন বিঘা জমির পাকা ধান পুড়ে ছাই হয়ে যায়।
নাওয়াগছ গ্রামের বাসিন্দা আনছারুল বলেন, তিনি ওই রাস্তা দিয়ে পশ্চিম দিকে যাওয়ার সময় রাস্তার পাশে স্তূপ করে রাখা ধানে আগুন জ্বলতে দেখতে পান। বিষয়টি দেখে তিনি তাৎক্ষণিকভাবে কৃষক আব্দুল জলিলকে খবর দেন। তবে কে বা কারা ধানের স্তূপে আগুন দিয়েছে, সে সময় তিনি কাউকে দেখতে পাননি।
শুক্রবার সকালে পোড়া ধানের ছাইয়ের পাশে দাঁড়িয়ে আহাজারি করতে দেখা যায় কৃষক জলিলকে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "এলাকায় কারও সঙ্গে আমার কোনো বিরোধ বা শত্রুতা নেই। কে বা কারা আমার এমন সর্বনাশ করলো, বুঝতে পারছি না। ধারদেনা আর ঋণ নিয়ে বর্গা জমিতে চাষ করেছিলাম। এখন সংসার কীভাবে চলবে আর ঋণের টাকাই বা কীভাবে শোধ করবো, কোনো কূলকিনারা পাচ্ছি না।"
নাওয়াগছ গ্রামের বাসিন্দা আবু হোসেন বলেন, আব্দুল জলিল অত্যন্ত দরিদ্র ও অসহায় একজন মানুষ। তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। পাশাপাশি অন্যের জমি আধি-ঠিকা নিয়ে চাষাবাদ করে সংসার চালানোর চেষ্টা করেন। এমন একজন অসহায় কৃষকের পাকা ধানে আগুন দিয়ে তাঁর সর্বনাশ করা কোনোভাবেই কাম্য নয়। যিনি বা যারা এ অমানবিক কাজটি করেছেন, তাঁদের এমনটি করা উচিত হয়নি। তিনি ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জলিলের পাশে দাঁড়াতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সহযোগিতার আহ্বান জানান। তাঁর মতে, সরকারিভাবে আর্থিক বা কৃষি সহায়তা পেলে অসহায় কৃষক জলিল কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান বলেন, কৃষক আব্দুল জলিল ধান মাড়াইয়ের প্রস্তুতি হিসেবে রাস্তার পাশে তাঁর পাকা ধান স্তূপ করে রেখেছিলেন। কিন্তু রাতের আঁধারে কে বা কারা তাঁর ধানে আগুন লাগিয়ে এমন অমানবিক ঘটনা ঘটিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, "জলিল এই ধান ঘরে তুলেই তাঁর ধারদেনা পরিশোধ করতেন এবং পরিবারের আগামী এক বছরের খাদ্যের সংস্থান করতেন। কিন্তু দুর্বৃত্তদের আগুনে মুহূর্তেই তাঁর সব আশা-স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে।" তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জলিলের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সাংবাদিক তরিকুল ইসলামের ফেসবুক আইডিতে ঘটনাটি দেখতে পেয়ে উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক ক্ষতিগ্রস্ত কৃষকের ধানের স্তূপ পরিদর্শন করেন।
এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, "ঘটনাটি অত্যন্ত অমানবিক ও বেদনাদায়ক। একজন কৃষক অনেক পরিশ্রম ও কষ্টের বিনিময়ে ফসল উৎপাদন করেন। তাঁর সেই পরিশ্রমের ফসলে আগুন দিয়ে নষ্ট করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" তিনি আরও বলেন, পরবর্তী মৌসুমে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো প্রণোদনা বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জলিলকে সেই প্রণোদনার আওতায় এনে সহযোগিতা করার চেষ্টা করা হবে।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বলেন, তাঁর দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে তাঁকে বিষয়টি অবহিত করেছেন। তিনি আরও বলেন, "ক্ষতিগ্রস্ত কৃষককে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গে কথা বলবেন।"
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান বলেন, ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) দিলিপ কুমারকে পাঠানো হয়েছে। তিনি প্রাথমিকভাবে ঘটনার বিষয়টি অবহিত করেছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডে সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। নগরবাসীর সমস্যা সমাধান, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও অবকাঠামোগত উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নগরবাসীর যেকোনো সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা রয়েছে।
তিনি আরও বলেন, "আপনাদের যেকোনো সমস্যা নিয়ে আমার সঙ্গে দেখা করতে পারবেন। এটা এমন নয় যে, আমার সঙ্গে দেখা করা কঠিন। প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকার মানুষ আমার সঙ্গে দেখা করছেন। আপনারা এলাকার সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি আমাকে জানাবেন।"
আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে নগরীর ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের মুরাদনগর মিদ্দা পাড়া মাঠে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ‘চাল বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক উল্লেখ করেন, নগরীর উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করতে এলাকা ভিত্তিক সমস্যা চিহ্নিত করা জরুরি।
বিশেষ করে যেসব সড়ক ও অবকাঠামোর কারণে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, তা অগ্রাধিকার ভিত্তিতে সিটি কর্পোরেশনকে জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
নাগরিক সেবা সহজ করতে ‘আমার চট্টগ্রাম’ অ্যাপের গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, এ অ্যাপের মাধ্যমে নগরবাসী ঘরে বসেই সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবা গ্রহণ এবং এলাকার সমস্যা ও অভিযোগের ছবি পাঠাতে পারবেন। সংশ্লিষ্ট কর্মীরা সরেজমিনে গিয়ে সমস্যার সমাধানে কাজ করবেন।
বায়েজিদ থানা কৃষক দলের সহ সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ হাসান বাপ্পার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শামসুল আলম, জি এম আইয়ুব খান, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, মহানগর বিএনপি’র সাবেক সদস্য আব্দুর রহিম প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, প্রকৃতির আচরণ থেকে শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গঠনে শিশুদের জন্য কেমন শিক্ষা গ্রহণ করা হবে, তা নির্ভর করছে। কারণ, গাছ, ফুল, ফল, বৃষ্টি এবং ঝিঁঝি পোকার ডাক শুনে তাদের বেড়ে উঠতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়ায় দেশের প্রথম প্রকৃতির পাঠশালা উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী এই মন্তব্য করেন।
তিনি আরও জানান, প্রকৃতির পাঠশালাকে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। প্রকৃতির সঙ্গে মিশে বেড়ে ওঠা শিশু মানবিক গুণাবলী অর্জন করে। দেশের জন্য তাদের হৃদয় ব্যাকুল থাকে। তাই আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে শিশুরা এখন থেকেই নিজেদের তৈরি করবে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৃতির পাঠশালার উদ্যোক্তা জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এবং প্রশাসন ও শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, বর্তমানের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা ঠিক করবে নিজেদের কীভাবে গড়ে তুলবে। তাই তাদের মতো করে এখন থেকেই আলোকিত হোক আগামীর স্বপ্ন। এই লক্ষ্যেই প্রকৃতির পাঠশালা চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সাত লাখ টাকা ব্যয়ে প্রকৃতির পাঠশালা নির্মাণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ