০৭:২৫ পি.এম
ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির মামলায় সাত দিনের রিমান্ড শেষে মতিঝিল এলাকার পরিচিত শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি এবং তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়াকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এই আদেশ প্রদান করেন।
এইদিন দুই আসামিকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এবং মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আবেদনের অনুমোদন দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, যুবক নাজমুল হাসান আটক
এর পূর্বে গত ১৭ জুলাই সকালবেলায় হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করা হয় এবং একই দিন দুপুরে উত্তর কমলাপুর এলাকা থেকে রাকিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করে পুলিশ। পরবর্তীতে ১৮ জুলাই আদালত তাদের সাত দিনের রিমান্ড অনুমোদন করেন।
মামলার এজাহার অনুসারে, বাদী ইসমাইল হোসেন একজন ব্যবসায়ী। তিনি মতিঝিল থানাধীন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদারও।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৫ মে রাত সাড়ে ১১টার সময় মতিঝিলের এজিবি কলোনি এলাকার অবস্থানকালে ইসমাইল হোসেনের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল আসে। কল রিসিভ করার পর আসামিরা গরুর হাটে তাদের মনোনীত ব্যক্তিকে অংশীদার হিসেবে রাখার জন্য চাপ দেন এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
দাবি অনুযায়ী টাকা না দিলে এবং তাদের মনোনীত ব্যক্তিকে অংশীদার না করলে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।
আরও পড়ুন: হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান অব্যাহতি, নতুন পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল
পরবর্তীতে ১৯ মে সকালে কোরবানির পশুর হাটসংক্রান্ত একটি সভায় থাকাকালীন ইসমাইল হোসেন তার ভাগনে হৃদয়ের মাধ্যমে জানতে পারেন, ভোর বেলায় দুর্বৃত্তরা তার অফিসে গুলি চালিয়েছে। এ ঘটনায় পরের দিন ২০ মে তিনি বাদী হয়ে মতিঝিল থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন