০৮:২৬ পি.এম
বরিশাল নগরীতে ৮০০ পিস ইয়াবাসহ আটক এক মাদক কারবারির গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি পুলিশে এক উপপরিদর্শক (এসআই) অদ্ভুতভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তন করেছিলেন। এআই প্রযুক্তি দিয়ে আসামিকে ব্রাজিলের জার্সি পরিয়ে সেই ছবি গণমাধ্যমে পাঠানোর মতো দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেলে কর্মরত এসআই তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশে তাকে এই শোকজ নোটিশ প্রদান করা হয়। তিনি জানান, শোকজের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, সোমবার (২৯ জুন) ‘বরিশাল ক্রাইম নিউজ’ নামের একটি অনলাইন পোর্টালে এই ঘটনা প্রকাশ হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
আরও পড়ুন: যশোরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
জানা যায়, সোমবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে রাসেল হাওলাদার নামের এক মাদক কারবারিকে আটকের তথ্য ও ছবি গণমাধ্যমে পাঠানো হয়। ওই ছবিতে দেখা যায়, আটক রাসেলের গায়ে ব্রাজিলের জার্সি ছিল। কিন্তু আসলে আটকের সময় তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল।
বিষয়টিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও আলোড়ন সৃষ্টি হলে বিএমপির মিডিয়া সেলের মেসেঞ্জার গ্রুপ ও ফেসবুক পেজ থেকে সম্পাদিত ছবিটি দ্রুত সরিয়ে নেওয়া হয়। পরে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছবি পরিবর্তন করে পুনরায় সঠিক তথ্য ও মূল ছবি মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে প্রকাশ করা হয়।
এ ঘটনায় নিজের ভুল স্বীকার করেছেন মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ। তিনি বলেন, “আমার ভুল হয়েছে। আমি কেবল মজা করতে গিয়ে এমনটা করেছি। মিডিয়া সেলের দায়িত্বে থেকে এমন কাজ করা আমার উচিত হয়নি। আমি সব জায়গা থেকে ছবিটি ডিলিট করে দিয়েছি।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণমাধ্যমে ভুল তথ্য এবং এআই দিয়ে বানানো ছবি পাঠানো এসআই তানজিল আহমেদ নিজেও আর্জেন্টিনার একজন কট্টর সমর্থক। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি বিএমপির মিডিয়া উইংয়ে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন: রাণীশংকৈলের ঐতিহাসিক রামরাই (রাণীসাগর) দিঘি প্রাঙ্গণে ২০০ কৃষ্ণচূড়া গাছ রোপণ
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল পৌনে ৫টার দিকে কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথের নেতৃত্বাধীন একটি বিশেষ টিম নগরীর ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাসেলকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আঁখি নামের আরেক নারী মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ নিশ্চিত করেছেন যে, আটকের সময় মাদক কারবারি রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সিই ছিল। পরবর্তীতে এআই প্রযুক্তি ব্যবহার করে সেটির রং ও ডিজাইন পরিবর্তন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন