বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:০৯ পি.এম
যথাযথ অনুমতিপত্র বা পাশ ছাড়া বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ আর অনুমোদিত হবে না। এ বিষয়ে সচিবালয়ের নিরাপত্তা শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের অনুমতিপত্র ছাড়াই প্রবেশের ঘটনা ঘটছে। এটি সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে। পাশাপাশি, সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশের উপরও নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
সুতরাং, সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সকল দর্শনার্থীর প্রবেশের আগে OTP বা অনুমতিপত্র যথাযথভাবে যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জ, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল এবং সুতাসহ জব্দ করেছেন ভ্রম্যমাণ আদালত।
গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ধোপাবাড়ী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় একটি পরিত্যক্ত গোডাউন থেকে মনোফিলামেন্ট সুতাসহ আনুমানিক ৬ হাজার ৫শ’ রিল সুতা এবং ৫০ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল হাসেম এবং মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ মো. মাবুদসহ মুক্তারপুর নৌ পুলিশ। অভিযানের সময় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল হাসেম বাসসকে জানান, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদীতে নিউগিনী প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে রিমান্ডে নেওয়ার অনুমতি আদালত প্রদান করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— মো. মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্না (২৯)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য অনুযায়ী, মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ আদালতে হাজির হয়ে তিন আসামির জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর মামুন ও আসলামকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় এবং মুন্নাকে ক্যান্টনমেন্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ধরা হয়। পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য পাওয়ার প্রয়োজন রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনী প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্পে প্রায় ৫০ জনের একটি দল বেআইনিভাবে প্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ বেশ কয়েকজন আহত হন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি ক্যাবল, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় কিছু গাড়িও ভাঙচুর করা হয়। মামলার এজাহারে প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরির কথা উল্লেখ করা হয়েছে।
হামলার সময় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতেও অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে দুই আসামিকে গ্রেপ্তারের পর পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ খাতে চলমান সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয়, বরং পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময় সৃষ্ট সংকটের প্রভাব এখনও জনগণকে ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা।
তিনি বলেন, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ব্যারিস্টার শাকিলা ফারজানা জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিদ্যুৎ ও গ্যাস খাতে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং অর্থ লুটপাট করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ এখনও ভোগান্তির শিকার হচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে জ্বালানি খাতের সংকট জটিল আকার ধারণ করেছে। পরবর্তী সময়ে প্রায় দেড় বছর দায়িত্বে থাকা সরকারও এ সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে তিনি দাবি করেন। ফলে জ্বালানি সংকটের পাশাপাশি এর প্রভাব দেশের অর্থনীতিতে পড়ছে।
বর্তমান সরকারকে একদিকে জ্বালানি সংকট এবং অন্যদিকে অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশের অর্থনীতি সচল রাখার চেষ্টা করছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশ নতুন করে আর্থিক চাপের মুখে পড়ছে, যা সাধারণ মানুষের ওপরও প্রভাব ফেলছে।
পথসভায় বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক, বদরগঞ্জ পৌর বিএনপির সভাপতি কমল লোহানী, উপজেলা যুবদলের সদস্য সচিব প্রভাষক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সভাপতি আপেল মাহামুদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। এরপর তিনি বদরগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পরিবারের মধ্যে আপস-মীমাংসা সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর এই বিষয়টি সামনে এসেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালতে জামিনের শুনানিতে এই তথ্য প্রকাশিত হয়।
শুনানিতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলে বাদী মো. মাসুম বিল্লাহের কোনো আপত্তি নেই বলে উল্লেখ করেন। পরে আদালত শুনানি শেষে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদার জামিন মঞ্জুর করেন, তবে গাজী নজরুলের জামিন নামঞ্জুর করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সম্পর্কে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জানান, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের আপসের শর্তে জামিনের আবেদন করা হয়েছিল। তারা ঘটনার সঙ্গে জড়িত নন। ইতিমধ্যে বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা সম্পন্ন হয়েছে। শুনানিতে উপস্থিত থেকে বাদী বলেছেন, দুই আসামির জামিন দিলে তার আপত্তি নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ