ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে শিক্ষার্থীরা বৃহস্পতিবার ক্যাম্পাসে গরু ভোজের কর্মসূচি ঘোষণা করেছেন। প্রশাসন গরুর গোশত রান্নাকে কেন্দ্র করে বিতর্কের পর ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে গরু ভোজ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, কর্মসূচির স্থান হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা এই বিষয়ে একটি পোস্ট তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। একই পোস্ট শেয়ার করেন জবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ। তারা ফেসবুক পোস্টের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য গুগল ফরমের লিংকও শেয়ার করেছেন।

আরও পড়ুন: বিএএফ ফ্যালকন হলে বাফওয়া ও লেডিস ক্লাবের ‘বার্ষিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে নৈশভোজের সময় গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় তারা বিক্ষোভও করেন।

ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি প্রকাশের পরই গরু ভোজ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন: ঢাকায় অসহায় রোগীদের জন্য ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন চালু করল বিনা মূল্যে অ্যাম্বুলেন্স সেবা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা আবারো একসাথে নতুন নাটকে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা আবারো একসাথে নতুন নাটকে

বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় ও ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে আবারো একটি নতুন নাটকে জুটি বাঁধলেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। নাটকের নাম ‘জামাই মানে যন্ত্রনা’।

নাটকটি পরিচালনা করেছেন তরুণ মেধাবী নির্মাতা সরদার রোকন, যিনি ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি তৈরি করেছেন। নাটকটির নির্মাণ কাজ দৃশ্যধারণ পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা জুটির পূর্বের নাটকগুলো দর্শকদের মাঝে যথেষ্ট সমাদৃত হয়েছে। নতুন এই কাজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে মোশাররফ করিম মন্তব্য করেন, “সরদার রোকন বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। গল্পটা অন্যরকম এবং নীলা আগের চেয়ে ভালো অভিনয় করার চেষ্টা করেছে।”

সহশিল্পী হিসেবে মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নীলাঞ্জনা নীলা বলেন, “মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করাটা শুরুর দিকে বেশ ভয়েরই ছিল। তবে দিন দিন তাঁর সঙ্গে কাজ করাটা ভীষণ উপভোগ্য হয়ে উঠছে। তাঁর সঙ্গে অভিনয় করা মানেই অভিনয়ের অনেক কিছু জানা ও শেখা। ‘জামাই মানে যন্ত্রনা’ নাটকটি নিয়ে আমি দারুণ আশাবাদী।”

পরিচালক সরদার রোকন জানান, “মোশাররফ ভাই আমাদের নাট্যাঙ্গনের ভীষণ গুণী ও জাত অভিনেতা। নির্মাতা হিসেবে তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে আমিও অনেক কিছু শিখি। খোকনের চমৎকার গল্পে মোশাররফ ভাই ও নীলাঞ্জনা নীলা দুজনই দারুণ অভিনয় করেছেন।”

পরিচালক সূত্রে জানা গেছে, শিগগিরই নাটকটি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে।

উল্লেখ্য, এর আগে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলাকে ‘জামাই বউ অতি চালাক’, ‘বাবার বিয়ে’, ‘জামাই বউ আসামী’, ‘ফিটফাট বাবু’ ও ‘বউ পাগল জামাই’ নাটকে একসাথে দেখা গেছে। অন্যদিকে সরদার রোকনের পরিচালনায় মোশাররফ করিমের ‘ভাঙ্গারির বই রাজরানি’, ‘রেডিও জয়নাল’ ও ‘ইনজেকশন মতিন’ নাটকগুলোও দর্শকের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে তথ্য যাচাই ও ফ্যাক্ট চেকিং সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


মেহেরপুরে তথ্য যাচাই ও ফ্যাক্ট চেকিং সেমিনার অনুষ্ঠিত

মেহেরপুর, ১৪ অক্টোবর ২০২৬ : জেলায় আজ ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ এবং সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে মেহেরপুরে গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও ফ্যাক্ট চেকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

এ সেমিনারের সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসান। বক্তৃতা দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি।

জেলা প্রশাসক শিল্পী রানী রায় মন্তব্য করেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। তিনি উল্লেখ করেন যে, এসব তথ্য যাচাই না করে প্রচার করা হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করা, একাধিক সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করা অত্যন্ত জরুরি।

সেমিনারে তথ্য যাচাইয়ের কৌশল, গুজব শনাক্তকরণ এবং গণমাধ্যমে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী এ সেমিনারে জেলার ৩০ জন সংবাদ কর্মী অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মন্তব্য করেছেন যে, সিসাদূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা আবশ্যক। তিনি উল্লেখ করেন, সরকার সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য বদ্ধপরিকর। শিশুদের সুস্থ বিকাশ, শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সিসাদূষণ প্রতিরোধে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীতে আন্তর্জাতিক সিসা বিষক্রিয়া প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত ‘সিসামুক্ত বাংলাদেশের পথে অগ্রযাত্রা : সমাধানের সম্প্রসারণ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এই সেমিনারটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় পিওর আর্থ বাংলাদেশ আয়োজন করে।

মন্ত্রী আরও বলেন, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা ‘সিসামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতীয় কৌশল ও বহুবর্ষমেয়াদি কর্মপরিকল্পনা ২০২৬–২০৩৫’ অনুমোদন করেছে। এই কর্মপরিকল্পনায় সিসাদূষণের উৎস শনাক্তকরণ, পরিবেশগত নজরদারি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আইন ও বিধিবিধান শক্তিশালীকরণ, শিল্পখাতের দায়িত্বশীল অংশগ্রহণ, জনসচেতনতা সৃষ্টি, গবেষণা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় কৌশল অনুমোদনের পর এখন এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় অর্থায়ন, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, দূষিত এলাকা পুনর্বাসন, নিরাপদ শিল্পব্যবস্থাপনা এবং নিয়মিত পরিবেশগত পর্যবেক্ষণ জোরদার করা প্রয়োজন। জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি খাতকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।

পরিবেশমন্ত্রী আরো বলেন, সিসা-অ্যাসিড ব্যাটারিশিল্পে পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা বা এক্সটেন্ডেড প্রডিউসার রেসপনসিবিলিটি (ইপিআর) কাঠামো প্রণয়নের কাজ চলমান রয়েছে। এর মাধ্যমে ব্যাটারি উৎপাদক, আমদানিকারকসহ সংশ্লিষ্টদের দায়িত্ব নির্ধারণ, ব্যবহৃত ব্যাটারি নিরাপদে সংগ্রহ এবং পরিবেশসম্মত পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এ ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রচলিত পরিবেশ আইন ও বিধিবিধান প্রতিপালন এবং শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তরুণদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সিসাদূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী সমাধান বাস্তবায়নে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে বাস্তবায়নযোগ্য উদ্যোগগুলো এগিয়ে নিতে হবে। তিনি সিসামুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে তরুণদের আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সেমিনারে সিসাদূষণ প্রতিরোধে ‘সিসামুক্ত বাংলাদেশের জন্য জাতীয় যুব জোট’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এ ছাড়া সিসাদূষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও স্থানীয় পর্যায়ে কার্যকর সমাধান উদ্ভাবনে আয়োজিত চিত্রাঙ্কন ও উদ্ভাবনী উদ্যোগ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের সিসাদূষণ শনাক্তকরণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুটি বহনযোগ্য এক্স-রে ফ্লুরোসেন্স (এক্সআরএফ) বিশ্লেষণযন্ত্র হস্তান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে হা-ম-লা-র জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


সৌদিতে হা-ম-লা-র জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি

ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি প্রতিশ্রুতি দিয়েছেন যে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোনো দেশে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি এই নিশ্চয়তা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে প্রদান করেন।

গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর, বুধবার প্রথমবারের মতো সৌদি আরব সফরে যান ইরাকি প্রধানমন্ত্রী। রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।

ইরাকি বার্তা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে, ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে, প্রতিবেশী দেশগুলোর শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ডের জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। বাগদাদের লক্ষ্য হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ককে এগিয়ে নেওয়া।

প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পেছনে রয়েছে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনা। গত মাসে সৌদির প্রধান ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে ড্রোন হামলা চালানো হয়, যা পরে নিশ্চিত করা হয় যে, হামলাটি ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত হয়েছিল।

হামলার পর সৌদি আরবকে সাময়িকভাবে তেল রপ্তানি বন্ধ রাখতে হয়েছিল। এই পাইপলাইনটি দেশটির জ্বালানি সরবরাহব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হয়। তবে হামলার পর বন্ধ হয়ে যাওয়া পাইপলাইনটির কার্যক্রম ইতিমধ্যে আবার শুরু হয়েছে।

এই ঘটনার পর সৌদি আরব ও ইরাকের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ইরাকি প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিকে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধ এবং প্রতিবেশী দুই দেশের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ইরাকের এই অবস্থানের মাধ্যমে দেশটির ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর সুযোগ বন্ধ রাখার বিষয়ে বাগদাদের অঙ্গীকার আবারো স্পষ্ট হলো।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%