০৮:৪৬ পি.এম
বাংলাদেশ টেস্টের হতাশা ভুলে ওয়ানডে সিরিজে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত কোন ম্যাচে জয়ী হতে পারেনি টাইগাররা, তবে ওয়ানডেতে তাদের সুখস্মৃতি রয়েছে। সর্বশেষ সিরিজে বাংলাদেশ প্রোটিয়াদের তাদের মাটিতে পরাজিত করেছিল। কিন্তু তাসকিন আহমেদ স্মৃতিকে স্মৃতির মতোই রাখতে চান। বাংলাদেশ জয় দিয়ে শুরু করে ড্রেসিংরুমকে চাঙ্গা করতে চায়, জানিয়েছেন এই পেসার।
রোববার অনুশীলন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, "প্রত্যেক সিরিজের প্রথম ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু হলে… এটি দলগত খেলা, আলাদা পারফরম্যান্স তো আছেই, দল ভালো না করলে কোন লাভ হবে না। লক্ষ্য একটাই থাকবে, কীভাবে দল জিততে পারে। আর জয়ের পেছনে আমি কিভাবে ভূমিকা রাখতে পারি, এটাই চেষ্টা থাকবে। গত স্মৃতি দারুণ। তবে স্মৃতি তো স্মৃতিই রয়ে যায়। মাঠে নির্দিষ্ট দিনে ভালো খেলেই জিততে হবে।"
বাংলাদেশের বোলাররা টেস্ট সিরিজে আশানুরূপ পারফর্ম করতে পারেনি। তবে তাসকিনের বিশ্বাস, ওয়ানডেতে বোলাররা অন্তত কাউকে হতাশ করবে না। তিনি বলেন, "আশাবাদী, অবশ্যই ভালো (ওয়ানডে সিরিজ) হবে। কারণ, ওয়ানডেতে আমাদের যে মানের বোলিং লাইনআপ আছে, মানে ভালো করেছে অতীতে, এখানেও ভালো করবে আশা করছি। হারলে সবাই মানসিকভাবে একটু হতাশ থাকে। তবে আমার বিশ্বাস, আমরা প্রথম ম্যাচটা ভালোভাবেই শুরু করব ইনশা আল্লাহ।"
আরও পড়ুন: লাউতারো মার্টিনেজ মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হতে চান
বাংলাদেশ ইস্ট লন্ডনে গত ২ দিন অনুশীলন করেছে। অনুশীলনের অভিজ্ঞতা সম্পর্কে তাসকিন বলেন, "আমরা আজকে যেখানে নেট করছিলাম, সেখানে বল একটু গ্রিপ করছিল বেশি। সবার কাটারই অনেক ধরছিল। মাঠে (খেলায়) এমন না-ও হতে পারে। মাঠে যদি স্লো হয়, তাহলে উইকেট অনুযায়ীই বোলিং করতে হবে। পিচে যেটা চায়, সেটাই।"
দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ ওয়ানডে সিরিজে সিরিজসেরা হয়েছিলেন তাসকিন। এবারও তার কাছে ম্যানেজমেন্টের প্রত্যাশা তেমন কিছু। সে প্রসঙ্গে তাসকিন বলেন, "সব ফরম্যাটেই খেলতে নেমেই নিজের সেরাটা দিয়ে ভালো কিছু করতে চাই। একটাই লক্ষ্য থাকবে, কীভাবে জেতা যায় এবং এর পেছনে যেন আমার অবদান থাকে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন