০৬:১০ পি.এম
জুড বেলিংহ্যামকে লাল কার্ড দেখানোর ঘটনায় রেফারি গিয়ের্মো সোতো গ্রাদোর প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিও। তিনি শুধুমাত্র সিদ্ধান্তের সমালোচনা করেননি, বরং রেফারি কি তারকা খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কঠোর অবস্থান নেন, সে প্রশ্নও তুলেছেন পর্তুগিজ এই কোচ।
শনিবার নিজেদের মাঠে আলাভেসের কাছে মৌসুমের প্রথম হারের পর সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন মরিনিও। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শেষে আলাভেস কোচ কিকে সানচেজ ফ্লোরেসের কৌশলের প্রশংসা করলেও, রেফারির ভূমিকা নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না তিনি। বেলিংহ্যামের লাল কার্ডের প্রসঙ্গ টেনে মরিনিও স্মরণ করিয়ে দেন, এর আগেও এমবাপ্পে ও ভিনিসিয়ুসকে লাল কার্ড দেখিয়েছিলেন একই রেফারি।
মরিনিওর ভাষায়, মাঠে বল ছোড়া কিংবা সময়ক্ষেপণের ক্ষেত্রে রেফারি যথেষ্ট নমনীয় ছিলেন। কিন্তু রিয়ালের তারকা ফুটবলারদের ক্ষেত্রে তিনি বারবার কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন। ২০২৫ সালের এপ্রিলে এমবাপ্পে, একই বছরের জানুয়ারিতে ভিনিসিয়ুস এবং এবার বেলিংহ্যামকে লাল কার্ড দেখানোর বিষয়টি উল্লেখ করেন রিয়াল কোচ।
আরও পড়ুন: বাফুফে ও এফসি ইমাবারির মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকের দ্বারপ্রান্তে
এ প্রসঙ্গে মরিনিও বলেন, রেফারির মধ্যে নিজের ক্ষমতা প্রদর্শনের প্রবণতা রয়েছে। তিনি নিজেকে বিশেষ কিছু হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন। এমনকি ব্যঙ্গ করে মরিনিও প্রশ্ন তোলেন, আগামী মৌসুমে তাহলে কি গোলরক্ষক থিবো কোর্তোয়ার লাল কার্ড দেখার পালা আসবে?
বেলিংহ্যামের লাল কার্ডের পাশাপাশি পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ জানিয়েছেন মরিনিও। ম্যাচের বিতর্কিত ঘটনাটি নিয়ে তার নিজেরও সংশয় রয়েছে বলে জানান তিনি। যদিও বেলিংহ্যাম ঘটনাটিকে পেনাল্টি বলে দাবি করেছেন। খেলোয়াড়ের বক্তব্যের প্রতি আস্থা রাখার কথাও জানিয়েছেন রিয়াল কোচ।
তবে হারের জন্য শুধুমাত্র রেফারির সিদ্ধান্তকেই দায়ী করতে চাননি মরিনিও। তিনি দলের শারীরিক সক্ষমতার ঘাটতিকেও পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন। পাশাপাশি আলাভেসের রক্ষণাত্মক কৌশল যে তাদের কাছে অপ্রত্যাশিত ছিল না, সেটিও স্পষ্ট করেছেন। ম্যাচের আগে অনুশীলনেই এমন কৌশলের মোকাবিলা করার প্রস্তুতি নিয়েছিল রিয়াল।
আরও পড়ুন: চলতি মৌসুমে গোল-অ্যাসিস্টে দুইয়ে এমবাপ্পে, শীর্ষে কারা?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন