ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘দৈত্যকে বোতলে ফেরানোর সময় ফুরিয়ে আসছে’: রেড ক্রসের স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে সতর্কতা


‘দৈত্যকে বোতলে ফেরানোর সময় ফুরিয়ে আসছে’: রেড ক্রসের স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে সতর্কতা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য দ্রুত আন্তর্জাতিক চুক্তি করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা। তারা সতর্ক করে বলেছে, দৈত্যকে বোতলে ঢোকানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে। এই অস্ত্রের উন্নয়ন ও ব্যবহার নিয়ন্ত্রণের উদ্যোগের তুলনায় এগিয়ে যাচ্ছে অনেক দ্রুত। ফলে, কার্যকর বিধিনিষেধ আরোপ করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

জেনেভায় জাতিসংঘের নির্দিষ্ট প্রচলিত অস্ত্রবিষয়ক কনভেনশনের (সিসিডব্লিউ) ১২০টির বেশি সদস্যদেশের সপ্তাহব্যাপী সম্মেলনের পর এই সতর্কবার্তা প্রকাশ করা হয়। তবে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আগামী দুই বছর আলোচনা চালানোর বিষয়ে একটি সমঝোতা না হওয়ায় হতাশা প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

আইসিআরসির আন্তর্জাতিক আইন, আন্দোলন ও অংশীদারত্ববিষয়ক পরিচালক ড. কর্ডুলা দ্রগে মন্তব্য করেন, “আমরা যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখতে শুরু করেছি। সম্ভবত অস্ত্রব্যবস্থাতেও এর ব্যবহার শুরু হয়েছে। যদি এটিকে অনিয়ন্ত্রিত রাখা হয়, তাহলে জিনিটিকে বোতলে ফিরিয়ে আনা অনেক বেশি কঠিন হবে।”

আরও পড়ুন: ফিনল্যান্ডের জলসীমায় ড্রোন হামলায় রুশ কার্গো জাহাজ, চলছে উদ্ধার অভিযান

স্বয়ংক্রিয় অস্ত্র বলতে এমন সামরিক ব্যবস্থাকে বোঝায়, যা মানুষের সরাসরি তত্ত্বাবধান ছাড়াই কাজ করতে সক্ষম। এসব অস্ত্র পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তির ব্যবহার করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সামরিক বাহিনী ও অস্ত্র নির্মাতারা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক নানা ধরনের উন্নত অস্ত্র তৈরি করছে। এর মধ্যে রয়েছে ইসরাইলি বাহিনীর গাজায় লক্ষ্যবস্তু শনাক্তে ব্যবহৃত এআই প্রযুক্তি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ব্যবহৃত আধা-স্বয়ংক্রিয় ড্রোন। এসব ড্রোনের বিশেষ সক্ষমতা হলো, লক্ষ্যবস্তুর একেবারে কাছাকাছি পৌঁছানোর শেষ পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে।

আইসিআরসির প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ এগার এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে স্পষ্ট নিষেধাজ্ঞা ও বিধিনিষেধসহ আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তির আহ্বান জানিয়েছেন।

আইসিআরসি বিশেষ করে মানুষের বিরুদ্ধে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা, অস্ত্রের আচরণ অনুমানযোগ্য রাখা এবং সামরিক লক্ষ্যবস্তুতে এসব অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে বাংলাদেশের ‘জাতীয় লস অ্যান্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক’

কর্ডুলা দ্রগে আরও বলেন, “সব ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে না। বরং আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এমন কিছু সীমারেখা নির্ধারণ করতে হবে, যা কখনোই অতিক্রম করা যাবে না। আমরা ইতিমধ্যে সেই সীমারেখার খুব কাছাকাছি পৌঁছে গেছি। বিশেষ করে যন্ত্রের মাধ্যমে মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করা নৈতিকভাবে অগ্রহণযোগ্য হওয়া উচিত।”

মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে, নিয়ন্ত্রণ আরোপে বিলম্ব হলে বেসরকারি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ও সামরিক বাহিনীগুলোই স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের নিয়মকানুন নির্ধারণ করে ফেলবে।

ইতোমধ্যে এসব অস্ত্রের কারণে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে। গত জুলাইয়ে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় এআই প্রযুক্তি দিয়ে পরিচালিত রাশিয়ার একটি ড্রোনের আঘাতে তিন বেসামরিক নাগরিক নিহত হন। ড্রোনটির লক্ষ্য ছিল একটি পেট্রল স্টেশন। কিন্তু সেটি দেয়ালে আছড়ে পড়ে এবং বিস্ফোরণের ধাতব টুকরার আঘাতে কাছের একটি ঝরনায় থাকা তিনজনের মৃত্যু হয়।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল এআই প্রযুক্তির সাহায্যে মানুষের পক্ষে সম্ভব নয়, এমন দ্রুতগতিতে সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্ত করেছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এর ফলে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দুর্বল বা সামান্য সম্পর্ক থাকা ব্যক্তিসহ অনেক বেসামরিক মানুষ ভুলভাবে হামলার শিকার হয়েছেন।

আরও পড়ুন: কপ৩১-এ চুক্তির সম্ভাবনা কমছে: ইইউ প্রেসিডেন্টের হতাশা

এ ছাড়া ইরানে যুক্তরাষ্ট্রের একটি হামলায় একটি প্রাথমিক বিদ্যালয় আক্রান্ত হয়ে ১৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। তাঁদের মধ্যে ১২০ জনই ছিল স্কুলশিক্ষার্থী। এআই ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করা ভুল গোয়েন্দা তথ্যের কারণে হামলাটি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ফিউচার অব লাইফ ইনস্টিটিউটের সামরিক এআই পরিচালনা বিভাগের প্রধান আনা হেহির বলেন, শক্তিশালী আন্তর্জাতিক চুক্তি করতে আরও দেরি হলে গত ১৮ থেকে ২৪ মাসে দেখা যাওয়া বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানির মতো আরও ঘটনা ঘটতে পারে। ভবিষ্যতে কিছু ঘটনায় প্রাণহানির মাত্রা অতীতের ঘটনাগুলোকেও ছাড়িয়ে যেতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন: পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়ায় এক মাসেও অভিযোগ বাক্সগুলোতে জমা পড়েনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


পটিয়ায় এক মাসেও অভিযোগ বাক্সগুলোতে জমা পড়েনি

চট্টগ্রামের পটিয়ায় সংসদ সদস্য (এমপি) এনামুল হক এনামের উদ্যোগে স্থাপিত অভিযোগ বাক্সগুলোতে এক মাসের ব্যবধানে কোনো অভিযোগ জমা পড়েনি। রোববার (২২ নভেম্বর) সকালে পৌর এলাকার ৩২টি অভিযোগ বাক্স খোলা হলে দেখা যায়, সবগুলো খালি রয়েছে।

এ বিষয়ে দুপুরে পটিয়া উপজেলায় নিজের পরিদর্শন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এমপি এনামুল হক এনাম। তিনি বলেন, “পটিয়াবাসী অভিযোগ দিচ্ছেন না, নাকি শান্তিতে আছেন—তা আমি জানি না।”

জানা গেছে, সরকারি দপ্তরের সেবার মান নিশ্চিত করা এবং যেকোনো অনিয়ম, দখলবাজি বা চাঁদাবাজির তথ্য জানার জন্য গত অক্টোবরে পটিয়ার প্রতিটি সরকারি কার্যালয়, বড় বাজার ও ইউনিয়ন পরিষদে দুটি করে মোট ৬০টি অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি এনামুল হক এনাম। ওই সময় তিনি জানিয়েছিলেন, ভুক্তভোগীরা যেকোনো দপ্তরের অনিয়ম কিংবা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ লিখে বাক্সে জমা দিতে পারবেন। একটি কমিটির মাধ্যমে প্রতি সপ্তাহে এসব অভিযোগ সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। স্থানীয়রা তখন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন।

রোববারের সংবাদ সম্মেলনে এমপি এনামুল হক এনাম বলেন, “সমস্যা থাকলেও নানা কারণে সবাই আমার সঙ্গে দেখা করতে পারেন না। তাই সাধারণ মানুষের সমস্যার কথা জানতেই এসব বাক্স স্থাপন করেছিলাম। কিন্তু গত এক মাসে একটি অভিযোগও জমা হয়নি। কারও কোনো সমস্যা থাকলে তা জানানোর জন্য প্রয়োজনে আরও প্রচার চালানো হবে। এ দায়িত্ব শুধু বিএনপির নয়, সংবাদকর্মী ও সচেতন মহলেরও।”

সংবাদ সম্মেলনে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহেরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধা জেলা ইজতেমার আখেরি মোনাজাতে হাজারো মুসল্লির ঢল

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধা জেলা ইজতেমার আখেরি মোনাজাতে হাজারো মুসল্লির ঢল

দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় হাজার হাজার মুসল্লি বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকার রংপুর চিনিকল ইক্ষু খামার মাঠে উপস্থিত হন। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের শুরা সদস্য মাওলানা মনির বিন ইউসুফ।
মোনাজাত চলাকালে ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় ‘আমিন, আমিন’ ধ্বনিতে পুরো ইজতেমা ময়দানে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।
গাইবান্ধা জেলা তাবলিগ কমিটির আয়োজনে গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী সাদপন্থী এ ইজতেমায় দেশের খ্যাতিমান আলেম-ওলামাগণ ঈমান ও আকিদা দৃঢ়করণ, নামাজ কায়েম, তাকওয়া অর্জন, দাওয়াত, তালিম এবং আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে ধারাবাহিক বয়ান ও নসিয়ত পেশ করেন।
ইজতেমা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ইন্দোনেশিয়া ও সুদানসহ বিদেশ থেকেও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। এতে পুরো ইজতেমা ময়দান এক বিশাল ইবাদতখানায় পরিণত হয়। আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ইজতেমা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%