ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০


নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০

নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ১৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। তাদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে, ১০ জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় প্রসিকিউশন দেওয়া হয়েছে এবং ছয়জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

থানাভিত্তিক অভিযানের মধ্যে হাতিয়া থানায় সর্বোচ্চ ৪৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে, ছয়জনকে ৩৪ ধারায় প্রসিকিউশন দেওয়া হয়েছে। বাকি ৪১ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বেগমগঞ্জ মডেল থানায় আটক ৩২ জনের মধ্যে চারজনকে ৩৪ ধারায় প্রসিকিউশন দিয়ে বাকি ২৮ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া সোনাইমুড়ী থানায় আটক ১৮ জনের মধ্যে ছয়জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ১২ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানায় ১৭ জন, কবিরহাট থানায় ৯ জন, চাটখিল থানায় ৬ জন, সুধারাম মডেল থানায় ৪ জন, সেনবাগ থানায় ৩ জন এবং চরজব্বর থানায় ৩২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আওর বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপু বিশ্বাস ও আদর আজাদের নতুন ব্রাইডাল ফটোশুটে ভক্তদের প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৯ এম


অপু বিশ্বাস ও আদর আজাদের নতুন ব্রাইডাল ফটোশুটে ভক্তদের প্রশংসা

ব্রাইডাল ফটোশুটে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে প্রায়শই দেখা যায়। সিনেমার কাজের ব্যস্ততা কিছুটা কম থাকলে বিভিন্ন মেকওভারের আয়োজনের মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। নতুন একটি ব্রাইডাল ফটোশুটে কনে সাজে অপুকে দেখা গেছে। বর সাজে ছিলেন চিত্রনায়ক আদর আজাদ।

সম্প্রতি অপু বিশ্বাস নিজের ফেসবুক পেজে ফটোশুটের কিছু ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে বর-কনের সাজে দুজনকে একসঙ্গে দেখা গেছে। ছবিগুলো প্রকাশ করে অপু লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা।’

ফটোশুটে অপুকে জলপাই রঙের নান্দনিক কাজ করা লেহেঙ্গায় দেখা গেছে। সঙ্গে ছিল হলুদ ওড়না। পোশাকের সঙ্গে ভারী গয়না তার সাজে আলাদা মাত্রা যোগ করেছে। অন্যদিকে, আদর আজাদের পরনে ছিল লাল কাজ করা পাঞ্জাবি। বর-কনের সাজে দুজনকে বেশ কয়েকটি ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়।

কখনো অপুর লাল দোপাট্টার আড়ালে আদর আজাদ, আবার কখনো পাশাপাশি দাঁড়িয়ে দুজনের পোজ—ছবিগুলোতে বিয়ের আবহ ছিল। ফটোশুটের কিছু ছবিতে দুজনকে একই ফ্রেমে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন অনেকে। কেউ কেউ তো তাদের জুটি নিয়ে মন্তব্য করেছেন, তাঁদের একসঙ্গে বেশ মানিয়েছে।

তবে এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বিশেষ একটি ব্রাইডাল ফটোশুট। এই আয়োজনের মেকওভার, স্টাইলিং, পোশাক, গহনা ও কনসেপ্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছেন অপু বিশ্বাস।

সিনেমার পর্দায় নিয়মিত জুটি হিসেবে দেখা না গেলেও এই ফটোশুটে অপু বিশ্বাস ও আদর আজাদের রসায়ন নজর কেড়েছে তাঁদের অনুসারীদের। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো নিয়ে চলছে আলোচনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ততায় সচেতনতা বাড়ানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩০ এম


হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ততায় সচেতনতা বাড়ানোর আহ্বান

হাম-রুবেলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শিশুদের প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখতে সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য মসজিদভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে হাম-রুবেলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে আয়োজিত অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

অনুষ্ঠানে যুগ্ম সচিব এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, পরিচালক (সমন্বয়) মো. মহিউদ্দিন, ইউনিসেফের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক সরকার সরোয়ার আলম। সভার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন ইউনিসেফের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট ডা. মো. শামছুজ্জামান।

সভায় হাম-রুবেলার বর্তমান পরিস্থিতি, টিকাদানের গুরুত্ব, জনসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ধর্মীয় নেতা ও ইমামদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ইপিআই, স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল অফিসার ডা. রাজিব সরকার হাম-রুবেলার বর্তমান পরিস্থিতি ও টিকাদান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা উল্লেখ করেন, শিশুদের হাম ও রুবেলার মতো প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখতে নির্ধারিত সময়ে টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান নিয়ে মানুষের মধ্যে বিদ্যমান ভুল ধারণা ও বিভ্রান্তি দূর করতে ইমাম, খতিব, আলেম-ওলামা ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মসজিদভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে অভিভাবকদের শিশুদের টিকা দিতে উৎসাহিত করা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী বলেন, শিশুদের সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা সৃষ্টিতে দেশের মসজিদ, ইমাম ও খতিবদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন।

তিনি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ ও পরিকল্পনার বিষয়ে মতামত দেন। এ সময় ডা. শারমিন ও ডা. শান্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

জেলা ও উপজেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা ও করণীয় বিষয়ে আলোচনা করেন ইউনিসেফ বিসিওর এসবিসি অফিসার এ আর এম এম কামাল।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, ইউনিসেফ, স্বাস্থ্য অধিদপ্তর ও অন্যান্য অংশীজনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভা শেষে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির সফলতা কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াইট হাউসে নতুন উপ-প্রেসসচিব হিসেবে নিয়োগ পেলেন বেনি রে হারমনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩১ এম


হোয়াইট হাউসে নতুন উপ-প্রেসসচিব হিসেবে নিয়োগ পেলেন বেনি রে হারমনি

ক্যারোলিন লেভিটের পদত্যাগের পর, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বেনি রে হারমনিকে হোয়াইট হাউসের উপ-প্রেসসচিব হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর হোয়াইট হাউস সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শনিবার, হারমনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নতুন দায়িত্ব গ্রহণের কথা জানান। তিনি বলেন, "ট্রাম্প প্রশাসনে যোগ দিতে পেরে আমি আনন্দিত।" তিনি আরও উল্লেখ করেন, ‘রিয়েল আমেরিকাস ভয়েস’-এর হয়ে হোয়াইট হাউসের খবর করার সুযোগকে তিনি সম্মানের সঙ্গে দেখেন।

তবে, হোয়াইট হাউসে যোগ দেওয়ার আগে হারমনি বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ক নিহত হওয়ার পর, তার সম্পর্কে আবেগঘন মন্তব্য করেছিলেন তিনি। এর ফলস্বরূপ, ‘রিয়েল আমেরিকাস ভয়েস’ তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে নেয়। পরে হারমনি চাকরি থেকে ইস্তফা দেন।

সেই ঘটনার কিছুদিন পর, ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।

এদিকে, হোয়াইট হাউসের প্রেস সচিবের পদ ছেড়েছেন ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট। গত মে মাসে তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দেন এবং জুলাইয়ে কাজে ফিরে আসেন। তবে, কাজে ফেরার এক মাসের মধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

পদত্যাগের কারণ হিসেবে লেভিট মাতৃত্বের সঙ্গে কাজের চাপ সামলানোর বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, দ্বিতীয়বার মা হওয়ার পর হোয়াইট হাউসের প্রেসসচিবের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সময়, শক্তি ও মনোযোগ দেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল।

লেভিটের পদত্যাগের পর, ট্রাম্প প্রশাসন তার জায়গায় নতুন নেতৃত্বের সন্ধান শুরু করে। শেষ পর্যন্ত, সাবেক সাংবাদিক বেনি রে হারমনিকে হোয়াইট হাউসের নতুন দায়িত্বের জন্য বেছে নেওয়া হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩২ এম


সন্ধ্যার মধ্যে দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন বিভাগের কয়েকটি জেলায় আগামী চার দিনের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে দেশের বেশ কয়েকটি জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া, রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%