ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬


নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এ ছাড়া একজনকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আদালতে পাঠানো হয়েছে। বাকি ৪০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন থানায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার (২৪ অক্টোবর) সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করা হয়।

পুলিশের তথ্যমতে, সুধারাম মডেল থানায় সাতজন, কোম্পানীগঞ্জ থানায় আটজন, কবিরহাট থানায় চারজন, বেগমগঞ্জ মডেল থানায় আটজন, সোনাইমুড়ী থানায় একজন, চাটখিল থানায় চারজন এবং চরজব্বর থানায় পাঁচজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ছাড়া হাতিয়া থানায় আটক নয়জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল, একজনকে পরোয়ানামূলে আদালতে পাঠানো এবং তিনজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে জনসচেতনতামূলক এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম চালানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা ৭ দিন বন্ধের পর পুনরায় চালু হলো ইরান-পাকিস্তান সীমান্তপথ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


টানা ৭ দিন বন্ধের পর পুনরায় চালু হলো ইরান-পাকিস্তান সীমান্তপথ

পাকিস্তান ও ইরানের মধ্যে গাবদ-রিমদান সীমান্তপথ টানা সাত দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আবার শুরু হয়েছে। একই সঙ্গে আটকে থাকা এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যবাহী ট্রাক চলাচলের সুযোগ পেয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে রোববার (২৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটি অনুযায়ী, শনিবার সকালে পাকিস্তানের গোয়াদর এলাকার গাবদ-রিমদান সীমান্তপথ দিয়ে বাণিজ্যিক যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। ‘গেট ২৫০’ নামে পরিচিত সীমান্তপথে যেসব পণ্যবাহী ট্রাকের চালানপত্র ১৬ অক্টোবর বা তার আগে ইস্যু করা হয়েছিল, সেগুলোকে পারাপারের অনুমতি দেওয়া হয়েছে।

গোয়াদর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মীর নাভিদ জান কালমাতি সীমান্তে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে সীমান্ত খুলে দেওয়ার পর আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন দুই দেশের মধ্যে চলাচল করতে পারছে।

সীমান্তপথ খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কালমাতি বলেন, বাণিজ্য পুনরায় চালু হওয়ায় সীমান্তের দুই পাশে আটকে থাকা ব্যবসায়ী ও পরিবহনকারীরা তাৎক্ষণিক স্বস্তি পাবেন। সরবরাহব্যবস্থা স্বাভাবিক হলে পাকিস্তানজুড়ে এলপিজির সংকট কমতে পারে। পাশাপাশি জ্বালানি ও খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দামেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে সপ্তাহের শুরুতে হামলার ঘটনার পর সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে স্থানীয় প্রশাসন। বাণিজ্যিক পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের পর শনিবার সীমান্তটি পুনরায় চালু করা হয়।

বৃহস্পতিবার অজ্ঞাত বন্দুকধারীরা গাবদ-রিমদান সীমান্তের কাছে আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলোতে হামলা চালায়। এতে কয়েক ডজন ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আরও কয়েকটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

গত ১৭ অক্টোবর থেকে ট্রাকগুলো সীমান্তে আটকে ছিল। ওই দিন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় গাবদ-রিমদান ও তাফতান—উভয় সীমান্তপথে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করে। মন্ত্রণালয় একটি স্মারকলিপির মাধ্যমে ৩ অক্টোবর জারি করা বাণিজ্য আদেশও তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেয়। তবে বাণিজ্য স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তথ্যসূত্র: দ্য ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্দরে নবজাতকের মৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


বন্দরে নবজাতকের মৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জের বন্দরের একটি বেসরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগে গুরুতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নবজাতকের বাবা হোসেন রয়েল অভিযোগ করে বলেছেন যে, তিনি ক্লিনিকের মালিক ও চিকিৎসক ডা. ময়না বেগমের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। শনিবার দুপুরে আমিন আবাসিক এলাকার স্কুলঘাটসংলগ্ন ময়না ক্লিনিকে এই ঘটনাটি ঘটে।

হোসেন রয়েল অভিযোগে উল্লেখ করেন, ২৩ অক্টোবর সকালে প্রসববেদনা শুরু হলে তাঁর স্ত্রীকে ময়না ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুরের দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। জন্মের পর শিশুটি ক্রমাগত কাঁদতে থাকে, এই বিষয়টি চিকিৎসক ময়না বেগমকে জানানো হলে তিনি বলেন, শিশুটির কোনো সমস্যা নেই।

শনিবার সকালে শিশুটির কান্নার মাত্রা বেড়ে যাওয়ায় চিকিৎসককে ফোন করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে যে, চিকিৎসক ক্লিনিকে এসে শিশুটিকে দেখতে আসেননি। দায়িত্বরত নার্সদেরও ডাকা হলে সাড়া পাওয়া যায়নি, এমনটাই দাবি করেন রয়েল।

রয়েল আরও জানান, শিশুর অবস্থার অবনতি হলে ময়না বেগমের পরামর্শ অনুযায়ী ঝাউতলা এলাকার এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসককে না পেয়ে পুনরায় যোগাযোগ করলে তাঁকে ময়না বেগমের ব্যক্তিগত চেম্বারে এবং পরে ফরাজীকান্দা এলাকার আরেক চিকিৎসকের কাছে যেতে বলা হয়। কিন্তু কোথাও প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া যায়নি। পরে মাতুয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং জানান যে, শিশুটি প্রায় এক ঘণ্টা আগে মারা গেছে।

ময়না ক্লিনিকের কর্মকর্তা কাউছার অভিযোগের বিষয়ে বলেন, ‘শিশুটি মারা যাওয়ার আগে সুস্থ ও স্বাভাবিক ছিল। আমরা যথোপযুক্ত চিকিৎসা দিয়েছি। পরিবারকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার না দিতে বলা হয়েছিল। শিশুটির মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে।’

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলাউল কবির দিপু জানান, ‘সিভিল সার্জনের নির্দেশে ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে।’

বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুকসুদপুরে পিকআপচাপায় বাবা-মেয়ের প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


মুকসুদপুরে পিকআপচাপায় বাবা-মেয়ের প্রাণ গেল

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পিকআপের চাপায় বাবা ও মেয়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজের ওপর গোপালগঞ্জগামী মাছের পিকআপটি মুকসুদপুরগামী একটি অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ে মারা যান।

নিহতদের মধ্যে রয়েছেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) এবং তার মেয়ে সামিরা আক্তার (৬)।

স্থানীয় সূত্র ও থানার পুলিশ জানায়, গোপালগঞ্জগামী একটি মাছের পিকআপ বিপরীত দিক থেকে আসা অটোভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলের দামে বড় লাফ, দুই মাসে সর্বোচ্চ বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


তেলের দামে বড় লাফ, দুই মাসে সর্বোচ্চ বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার এবং সৌদি আরবে হুথিদের ক্রমাগত হামলার ফলে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা তৃতীয় সপ্তাহের জন্য বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির ফলে ইউরোপের পাশাপাশি এশিয়াতেও চাপ বৃদ্ধি পাচ্ছে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম অন্তত ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১১৬ দশমিক ৭২ ডলার অতিক্রম করেছে। গত সপ্তাহে জ্বালানি তেলের দাম ৬ দশমিক ২ শতাংশ বেড়ে গেছে, যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি হিসেবে চিহ্নিত হয়েছে। শনিবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এটি গত মে মাসের পর থেকে তেলের সর্বোচ্চ দাম।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৫০ শতাংশের বেশি বেড়ে শুক্রবার ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%