১০:০৩ পি.এম
নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন পরিবহণ মালিকরা। এই সিদ্ধান্তের ফলে টার্মিনালে এসে যাত্রীরা বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, বুধবার দুপুরের দিকে গোপালগঞ্জের বেশ কিছু পয়েন্টে বিচ্ছিন্নভাবে বাসে হামলা, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে পরিবহন মালিকরা নিজ উদ্যোগে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
তিনি আরও জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের উপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও আপাতত বন্ধ রাখা হয়েছে।
এদিকে আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে বিকল্প পথে কিছু বাস চলাচল করলেও ফরিদপুর মোড় এলাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন