০৪:৩৬ পি.এম
দেশে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা রোধে শিল্পী, লেখক এবং কলাকুশলীদের সোচ্চার থাকার জন্য আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্ম পরিচালক, লেখক, শিল্পী ও কলাকুশলী কল্যাণ ট্রাস্ট বাস্তবায়ন প্রস্তুতি কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, গণতন্ত্র এবং ভোটাধিকার রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্যাসিবাদ ফিরে এলে দেশের গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হবে। যারা গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের প্রতি বেঈমানি করা হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন ও সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ভূমিদস্যুতার সহযোগী মজিবরের বিরুদ্ধে দুদকের অভিযান দাবি ভুক্তভোগীদের
টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে ট্রাস্ট গঠনের দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী জানান, ট্রাস্ট গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। এ জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। তবে ট্রাস্টটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে গঠন করা হবে, নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে, তা নিয়েও আলোচনা প্রয়োজন।
ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারি উদ্যোগে কোনো কল্যাণ ট্রাস্ট গঠন করা হলে তা বিদ্যমান সরকারি ট্রাস্টগুলোর নীতিমালা ও নিয়মকানুন অনুসরণ করেই পরিচালিত হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ অন্যান্য কল্যাণমূলক ট্রাস্টের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। ট্রাস্টের কাঠামো এবং পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রেও সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, ট্রাস্ট গঠনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত এবং পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের প্রস্তাবগুলো পর্যালোচনা করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্পৃক্ততাও প্রয়োজন হতে পারে। আলোচনার মাধ্যমে কোন মন্ত্রণালয়ের অধীনে ট্রাস্টটি গঠন করা হবে, তা নির্ধারণ করা হবে।
ট্রাস্ট গঠনে কিছুটা সময় লাগতে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এক দিনে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে সরকার দ্রুত এ কার্যক্রম শুরু করতে চায়। যত কম সময়ের মধ্যে ট্রাস্ট গঠনের উদ্যোগ সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে কাজ করা হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করবেন তিনি।
আরও পড়ুন: সুনামগঞ্জ সীমান্ত থেকে ৫ লাখ টাকার ভারতীয় গরু, ঘোড়া, কয়লা ও জিরা জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন