মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,
০৬:০০ পি.এম
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত দীঘিনালা-লংগদু মহাসড়কের একটি অংশ স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি সদস্যরা। স্থানীয়দের সহযোগিতায় সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করতে তাদের এ উদ্যোগে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা কমেছে।
শনিবার (১৫ নভেম্বর ২৬) হিল ভিডিপি সদস্যরা এ মেরামত কার্যক্রম পরিচালনা করেন।
জানা গেছে, সাম্প্রতিক বন্যার পানির স্রোতে দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ১নং মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং এলাকায় দীঘিনালা-লংগদু মহাসড়কের একটি অংশে ভাঙন ও ক্ষয়ক্ষতি দেখা দেয়। এতে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল ও স্থানীয়দের যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ এ সড়কের ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত মেরামতের প্রয়োজন দেখা দিলে হিল ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসেন।
দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হকের নির্দেশনায় এবং এপিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে হিল ভিডিপি সদস্যরা স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু করেন। তারা নিজেদের শ্রম ও সময় দিয়ে ভাঙনকবলিত অংশে মেরামত কার্যক্রম পরিচালনা করে সড়কটি সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলেন।
হিল ভিডিপি সদস্যদের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পর যখন যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়, তখন স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত করা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
স্থানীয় বাসিন্দারা বলেন, বন্যার কারণে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলে ঝুঁকি ও দুর্ভোগ তৈরি হয়েছিল। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। হিল ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করায় আপাতত চলাচলের ক্ষেত্রে স্বস্তি ফিরেছে।
হিল ভিডিপি সদস্যদের এ উদ্যোগ শুধু একটি সড়ক মেরামতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক দায়বদ্ধতা পালন এবং পারস্পরিক সহযোগিতার একটি দৃষ্টান্ত হিসেবেও দেখছেন স্থানীয়রা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তাও এ ঘটনায় আরও স্পষ্ট হয়েছে।
স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত কার্যক্রমে অংশ নেন এপিসি মো. খোরশেদ আলম, হাবিলদার হেলাল মিয়া, হাবিলদার জাহাঙ্গীর, নায়েক আবদুল বারেক, ল্যান্স নায়েক আবদুস ছামাদ, সদস্য মো. আবু হানিফ, সপন মিয়া, তারা মিয়া, আবদুল কাদের, সাহাব উদ্দিন, খলিলুর রহমান, সিরাজুল ইসলাম ও হারুন মিয়া।
সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্গম পাহাড়ি এলাকায় প্রাকৃতিক দুর্যোগের পর যোগাযোগব্যবস্থা সচল রাখতে হিল ভিডিপি সদস্যদের এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানবিক ও সামাজিক কাজে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় বাকেরগঞ্জ সদর রোডের রিভার ক্যাফেতে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. মামুন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আহমেদ কাওসার ক্ষোণিশ, দানিসুর রহমান লিমন, উত্তম কুমার দাস, মিনহাজুল ইসলাম সুজন, গোলাম মোস্তফা তুহিন, মো. আবুল বাসার, জাহিদুল ইসলাম মনির, মো. সুমন ভূঁইয়া, মো. কামাল মৃধা, সৌরভ হাওলাদার ও সাইদুর রহমান চুন্নু, কামরুল হাসান টিপু, নাজমুল হোসেন, আহাদ জোমাদ্দারসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভায় পত্রিকাটির দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দেশ ও সমাজের উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। পরে অতিথি ও উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসী কর্মীদের মরদেহ দেশে ফেরত আনার জন্য সরকারি খরচে সহায়তা প্রদান করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এই প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্মীর বিদেশ গমনের বৈধতা এবং প্রয়োজনীয় কাগজপত্রের যাচাই করা হয়।
আজ জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের একটি তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই তথ্য তুলে ধরেন।
মন্ত্রী আরও জানান, প্রবাসে মৃত্যুবরণকারী রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ দেশে ফেরত আনার জন্য মূলত তিনটি ব্যবস্থা রয়েছে।
তিনি উল্লেখ করেন, প্রথমত, যদি কোনো কর্মী নিয়োগকর্তার অধীনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন, তবে নিয়োগকর্তার অর্থায়নে তাঁর মরদেহ দেশে পাঠানো হয়।
দ্বিতীয়ত, বিএমইটির (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নিয়ে বৈধভাবে বিদেশে যাওয়া কর্মী মৃত্যুবরণ করলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে সরকারি খরচে তাঁর মরদেহ দেশে আনা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং দলের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান সম্পর্কে মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীর খোলা চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়েছেন দেশের তিন শীর্ষ আলেম। এই আলেমদের মধ্যে রয়েছেন—অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মাওলানা লিয়াকত আলী এবং মাওলানা মাহফুজুল হক।
রোববার, একটি যৌথ জবাবী পত্রে এই তিন শীর্ষ আলেম মাওলানা ওলিপুরীকে চিঠি চালাচালির পরিবর্তে সরাসরি বৈঠকে বসে পারস্পরিক আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন।
জবাবী পত্রে তারা উল্লেখ করেন, মাওলানা মামুনুল হক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা ও তার বক্তব্যের বিষয়ে কিছু অভিযোগ তুলে ধরে মাওলানা ওলিপুরী তাদের কাছে একটি পত্র পাঠিয়েছিলেন। ওই পত্রের বিষয়বস্তু নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করেন এবং বিষয়টি পরিষ্কার করার জন্য অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর (দেওনা) মাধ্যমে (মুফতী দ্বীন মুহাম্মাদের মারফত) মাওলানা ওলিপুরীকে সরাসরি একত্রে বসে বিস্তারিত আলোচনা করার আহ্বান জানিয়েছিলেন।
তাদের প্রত্যাশা ছিল যে, সরাসরি উপস্থিতিতে পারস্পরিক প্রশ্নোত্তর এবং বক্তব্য-ব্যাখ্যার মাধ্যমে উত্থাপিত বিষয়গুলোর প্রকৃত অবস্থা পরিষ্কার হবে এবং কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা নিরসনের সুযোগ সৃষ্টি হবে। কিন্তু সেই আহ্বানে সাড়া না দিয়ে মাওলানা ওলিপুরী একটি খোলা চিঠির মাধ্যমে বিষয়টি সর্বসাধারণের সামনে উপস্থাপন করায় তারা বিস্ময় ও আক্ষেপ প্রকাশ করেন।
চিঠিতে তারা আরও উল্লেখ করেন, এ ধরনের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়গুলোর সমাধান কেবল চিঠি আদান-প্রদানের মাধ্যমে সম্ভব নয়। বরং পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্য বজায় রেখে সরাসরি উপস্থিতিতে খোলামেলা আলোচনার মাধ্যমেই বিষয়গুলোর সুষ্ঠু সুরাহা হতে পারে। এ জন্য মাওলানা ওলিপুরীকে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
পত্রের শেষাংশে তারা উল্লেখ করেন, যেহেতু মাওলানা ওলিপুরীর পক্ষ থেকে বিষয়টি খোলা চিঠির মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হয়েছে, তাই প্রকৃত অবস্থা দেশবাসীকে অবহিত করার স্বার্থে তাদের প্রেরিত এই জবাবী পত্রটিও সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে আবার কোনো অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান। তিনি বলেছেন, প্রয়োজনে আবারও শহীদ হওয়ার প্রস্তুতি রয়েছে, তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, ‘১৭ বছর জুলুমের পর বাংলাদেশে সবাই এক হয়েছিল। প্রায় এক হাজার ছাত্রকে জীবন দিতে হয়েছিল। আপনারা জানেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন শুরু হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের ভাই, আমাদের ছাত্র আবু সাঈদের রক্ত এখনো শুকায়নি। আবার যদি এই অপশক্তি বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত ১৫ বছরে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল। বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাসীদের কারখানায় পরিণত হয়েছিল। শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। অটোপাস ও এ-প্লাস দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছিল। এবারের ফলাফল সরকার পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, ‘একাত্তরে দেশ স্বাধীন হলেও চব্বিশের আন্দোলন ছিল তার পরিপূরক। সার্বভৌমত্বের লড়াইয়ে আমরা সবাই এক হয়েছিলাম। আর যাতে এই অপশক্তি বাংলাদেশের কোথাও মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দরকার হলে আবার শহীদ হব, তবে বিশৃঙ্খলায় কোনো ছাড় দেব না।’
নিষিদ্ধঘোষিত একটি দলের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রসঙ্গ তুলে অধ্যাপক ফেরদৌস রহমান বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ ঐক্যের ডাক দিয়েছে। সেই ঐক্যের অংশ হিসেবেই তাঁরা রাস্তায় নেমেছেন। বিশৃঙ্খলা কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়; বরং শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যকার বিভেদ ভুলে শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের জীবন নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে এবং ভবিষ্যতে আর কাউকে প্রাণ দিতে না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, প্রতিষ্ঠাকালীন সাদা দলের সদস্য ইলিয়াছ প্রামানিক, ছাত্র উপদেষ্টা মাসুদ রানা, প্রক্টর ইসমাইল হোসেন, বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. হারুন অর রশীদ এবং শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. এটিএম জিন্নাতুল বাশারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ