ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে


রাজশাহী কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে দুই রুমমেটের দ্বন্দ্বের জের ধরে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত শিক্ষার্থী শাহাবুর হোসেন জয়কে (২৪) রক্তবমি ও নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ছাত্রাবাসের 'বি' ব্লকের ১০৬ নম্বর কক্ষে এ সংঘর্ষের সূত্রপাত হয়। তবে ছাত্রদল নেতৃত্ব এ ঘটনায় সংগঠনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।
আহত শাহাবুর হোসেন জয় রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, অভিযুক্ত মো. ফজলে রাব্বী ওহী ইতিহাস বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। তাঁরা দুজনই ওই কক্ষের আবাসিক শিক্ষার্থী।
 
হাসপাতালে চিকিৎসাধীন জয় অভিযোগ করেন, কক্ষে ওঠার পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে রাব্বীর সঙ্গে তাঁর বিরোধ চলছিল। বুধবার সকালে রাব্বী এক বন্ধুর সঙ্গে কথা বলার সময় তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ জানালে রাব্বী তাঁর মাথায় আঘাত করেন এবং দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে সাধারণ শিক্ষার্থীরা এসে তাঁদের শান্ত করেন।
জয়ের দাবি, এই ঘটনার প্রায় ৩৫ মিনিট পর রাজশাহী কলেজ ছাত্রদলের কর্মী প্রীতম সেখানে এসে কোনো কথা না শুনেই তাঁর ওপর চড়াও হন। পরে প্রীতমের সঙ্গে আরও কয়েকজন যোগ দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর ও টেনেহিঁচড়ে নিয়ে যায়।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী ইয়াজ উদ্দিন নামে এক শিক্ষার্থী জানান, মারধরের পর জয় আশঙ্কাজনক অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে হোস্টেল সুপারের সহায়তায় তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডের ২১ নম্বর শয্যায় ভর্তি করা হয়। একাধিক শিক্ষার্থী জানান, প্রথমে দুই রুমমেটের সামান্য বাকবিতণ্ডা হলেও বহিরাগত ও রাজনৈতিক পরিচয়ধারী কর্মীরা এসে পরিস্থিতি সহিংস করে তোলেন।
 
ঘটনার পর কলেজ প্রশাসনের কাছে মৌখিক প্রতিবাদ জানিয়েছে রাজশাহী কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির শাখা সভাপতি মোশাররফ হোসেন বলেন, "দুই রুমমেটের বিরোধকে কেন্দ্র করে সাধারণ একজন শিক্ষার্থীকে দলবদ্ধভাবে নির্যাতন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, ছাত্রাবাসের সিট বাতিল এবং দায়িত্বে ব্যর্থ হোস্টেল প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।" বিচার না পেলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের হুমকি দেন তিনি।
 
বিবাদমান পক্ষ ও প্রশাসনের বক্তব্য
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত ফজলে রাব্বী ওহী বলেন, "আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এর চেয়ে বেশি কিছু আমি বলব না।"
 
এবিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতম অভিযোগ অস্বীকার করে বলেন, "দুই রুমমেটের নিজস্ব ঝামেলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানো হচ্ছে। একটি পক্ষ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই চক্রান্ত করছে। তবে আমরাও চাই প্রকৃত দোষীদের তদন্তের মাধ্যমে শাস্তি দেওয়া হোক।"
এ বিষয়ে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী জানান, খবর পেয়ে প্রশাসন ভুক্তভোগী শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যায়। কলেজের সার্বিক নিয়ম অনুযায়ী তদন্ত কমিটি গঠন করে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
 
মুসলিম ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা নাসিরুল আজম বলেন, "দুই সাধারণ শিক্ষার্থীর ঝগড়াকে তৃতীয় পক্ষ এসে ঘোলাটে করেছে। এখন পর্যন্ত সরাসরি কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। নিরপেক্ষ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী মোড় পর্যন্ত সড়কের উন্নয়নকাজ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী মোড় পর্যন্ত সড়কের উন্নয়নকাজ সম্পন্ন
রাজশাহী মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী মোড় পর্যন্ত সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সড়কটি দিয়ে চলাচলে ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে কাজটি শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
 
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সড়কটির কার্পেটিং ও সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সড়কের কাজের গুণগত মান ও অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি কার্পেটিংয়ের ফিনিশিং যথাযথভাবে সম্পন্ন করা এবং নির্মাণকাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
 
রাসিক সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল সড়কটি পরিদর্শন করে নাগরিক দুর্ভোগ লাঘবে বন্ধ থাকা উন্নয়নকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন প্রশাসক। তাঁর নির্দেশনার পর সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হয়।
 
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 
সড়কটির কাজ শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী ও স্থানীয় বাসিন্দারা। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলাভিত্তিক অভিবাসন কর্মপরিকল্পনা প্রণয়নে সরকারকে সহায়তা করছে আইওএম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


জেলাভিত্তিক অভিবাসন কর্মপরিকল্পনা প্রণয়নে সরকারকে সহায়তা করছে আইওএম

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সরকারের অভিবাসন সেবা জোরদার করার জন্য এবং অভিবাসী ও প্রত্যাবর্তনকারীদের সহায়তা বৃদ্ধির লক্ষ্যে নয়টি জেলায় কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা প্রদান করছে। এই কর্মপরিকল্পনার মাধ্যমে নিরাপদ ও নিয়মিত অভিবাসন সম্পর্কিত তথ্য, সরকারি সেবা, সুরক্ষা এবং দেশে ফেরার পর পুনঃএকত্রীকরণ সহায়তা আরো সহজলভ্য করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) মাদারীপুরে প্রথম কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জ, সুনামগঞ্জ, কুমিল্লা, ফেনী, পটুয়াখালী, খুলনা, রংপুর ও জামালপুরে একই ধরনের কর্মশালা আয়োজন করা হবে।

আইওএম জানায়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘প্রত্যাশা ২ : অভিবাসন ব্যবস্থাপনা ও টেকসই পুনঃএকত্রীকরণের উন্নয়নে সেবা প্রদান ব্যবস্থা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পটির উদ্দেশ্য হলো, সরকারের সংস্কার ও উন্নয়নবিষয়ক পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোসহ জাতীয় পর্যায়ের অভিবাসন-সংক্রান্ত অগ্রাধিকারগুলোকে স্থানীয় চাহিদার ভিত্তিতে বাস্তবায়নযোগ্য কার্যক্রমে রূপ দেওয়া।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালাহউদ্দিন। এতে জেলা পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়া অভিবাসন সেবাদানকারী সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলার অভিবাসন-সংক্রান্ত চ্যালেঞ্জ, সেবার ঘাটতি এবং সেবা পেতে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয়। পাশাপাশি জেলাভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকারমূলক কার্যক্রম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব, সময়সীমা ও সমন্বয়ব্যবস্থা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব সালাহউদ্দিন বলেন, "অভিবাসনের সুফল সর্বোচ্চ পর্যায়ে নিতে হলে বিদেশে কর্মসংস্থানের জন্য মানুষকে প্রস্তুত করা, পুরো অভিবাসন প্রক্রিয়ায় তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং দেশে ফেরার পর পুনঃএকত্রীকরণে সহায়তা দেওয়ার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।"

তিনি আরও বলেন, "জেলা-ভিত্তিক কর্মপরিকল্পনা জাতীয় অভিবাসন অগ্রাধিকারের সঙ্গে স্থানীয় বাস্তবতার সংযোগ ঘটাবে এবং সারা দেশে আরো সমন্বিত ও টেকসই অভিবাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়তা করবে।"

জেলা প্রশাসক মর্জিনা আক্তার জানান, "জেলা পর্যায়ে সমন্বয় জোরদার করা জরুরি, যাতে অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা নির্ভরযোগ্য তথ্য এবং প্রয়োজনীয় সেবা পেতে পারেন। এই উদ্যোগ স্থানীয় চ্যালেঞ্জ চিহ্নিত করার পাশাপাশি অভিবাসন সেবাকে আরো সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক ও মানুষের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে কার্যকর পদক্ষেপ নির্ধারণে সহায়তা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ দুই ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


রাজশাহীতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ দুই ব্যক্তি গ্রেপ্তার
 
রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ কোডিনযুক্ত ফেনসিডিল ও নগদ অর্থ সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌনে ২টায় নগরীর কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০৬ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল, মাদক বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ শাহিন (৩০), সে নগরীর মতিহার থানার দাশমারী কাশেমের মোড়ের বাসিন্দা। বর্তমানে কাটাখালী থানার চর খিদিরপুর এলাকায় বসবাস করে ও মোঃ ফারজেম ওরফে ফজা, সে কাটাখালীর শ্যামপুর শান্তিনগর এলাকার বাসিন্দা।
 
বুধবার দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
এসআরবি জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন বিভিন্ন উপায়ে ফেনসিডিল সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাঁরা পরস্পর রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা করে বলেও জানিয়েছে। 
 
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নগরীর কাটাখালী থানায় মামলা করা হয়েছে।
বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে যুবদল নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


শরীয়তপুরে যুবদল নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

শরীয়তপুরের জাজিরা উপজেলা যুবদলের সহ-সভাপতি রুবেল শেখের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর স্থানীয় পর্যায়ে আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি নিয়ে নানা প্রশ্নও উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে রুবেল শেখের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য রয়েছে। তবে ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, সেই তথ্য এবং এটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন।

স্থানীয় কয়েকজনের অভিযোগ রয়েছে যে, রুবেল শেখের বিরুদ্ধে এর আগে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। তবে পূর্ববর্তী এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এদিকে, ভিডিওটি সম্পর্কে মন্তব্য জানতে রুবেল শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা জানিয়েছেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%