১২:২৮ পি.এম
চীনের দক্ষিণাঞ্চলের শেনজেন শহরের এক বাবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তার ছেলের টেলিভিশন দেখার সময় নিয়ন্ত্রণ করছেন। নতুন একটি ব্যবস্থায়, টেলিভিশনে অনুষ্ঠান দেখতে হলে প্রতি ১০ মিনিট পর স্কুলের পড়া থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হয় ছেলেকে। সঠিক উত্তর দিতে পারলে তবেই অনুষ্ঠান দেখার সুযোগ মেলে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ওই বাবা পেশায় একজন ট্যাক্সিচালক এবং তার ছেলে মাধ্যমিকের নিচের স্তরের শিক্ষার্থী। বাবার অভিযোগ, তার ছেলে পড়াশোনার চেয়ে টেলিভিশন দেখায় বেশি সময় ব্যয় করে। তাকে নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদ্ধতি চেষ্টা করেও তিনি সফল হননি। পরে, টেলিভিশন দেখার সঙ্গে পড়াশোনাকে যুক্ত করার পরিকল্পনা করেন।
শেনজেন টিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ওই বাবা টেলিভিশনের নিজস্ব প্রশ্নোত্তর ব্যবস্থা চালু করেন। কিন্তু তার ছেলে সহজেই সেই ব্যবস্থা এড়িয়ে যাওয়ার উপায় বের করে ফেলে। এরপর, টেলিভিশনের সঙ্গে একটি স্মার্ট প্লাগ যুক্ত করার চেষ্টা করেন। পরিকল্পনা ছিল, নির্দিষ্ট সময় পর প্লাগের মাধ্যমে টেলিভিশনের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে। কিন্তু তার ছেলে প্লাগটি খুলে ফেলায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
আরও পড়ুন: আজ শনিবারের রাশিফলে লাভবান হবেন ১২ রাশির মধ্যে কারা
শেষ পর্যন্ত, গত অক্টোবরে একটি এআই অ্যাপের সাহায্য নেন ওই বাবা। অ্যাপটির পরামর্শে ‘প্রশ্নের উত্তর দেওয়ার চাবি’ নামে একটি প্রোগ্রাম তৈরি করেন তিনি। পরে, এআইয়ের সাহায্যে প্রোগ্রামটিতে আরো কিছু পরিবর্তন এনে টেলিভিশনের সঙ্গে যুক্ত করেন।
নতুন ব্যবস্থায়, ছেলে টেলিভিশনে অনুষ্ঠান দেখার সময় প্রতি ১০ মিনিট পর পর্দায় একটি প্রশ্ন ভেসে ওঠে। প্রশ্নগুলো চীনা ভাষা, গণিত ও ইংরেজি বিষয় থেকে তৈরি করা হয়েছে। স্কুলে ছেলের পড়াশোনার অগ্রগতি অনুযায়ী প্রশ্নের ধরন ও কঠিন হওয়ার মাত্রা ঠিক করা হয়েছে।
কোনো প্রশ্নের ভুল উত্তর দিলে তাকে আরেকটি প্রশ্নের উত্তর দিতে হয়। সঠিক উত্তর দিতে পারলে আবার অনুষ্ঠান দেখার সুযোগ পায়। ওই বাবা জানান, তার ছেলে আনন্দের সঙ্গে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে দেখে তিনি অবাক হয়েছেন। এখন প্রশ্নগুলো আরো কঠিন করার পরিকল্পনা করছেন তিনি।
তবে, ছেলেকে পুরোপুরি টেলিভিশন দেখা থেকে বিরত রাখার উদ্দেশ্য নয় তার। বরং, টেলিভিশন দেখাকে বাবা-ছেলের মধ্যে একটি মজার খেলায় পরিণত করতে চান তিনি। ওই বাবা আরো বলেন, তার ছেলে এই ব্যবস্থা এড়িয়ে যাওয়ার নতুন নতুন উপায় খুঁজবে। আর তিনি সেসব উপায় ঠেকানোর চেষ্টা করবেন। এতে দুজনেরই নতুন কিছু শেখার সুযোগ তৈরি হবে। তিনি বলেন, তার ছেলে যদি নিজে থেকেই এসব চ্যালেঞ্জ মোকাবেলার উপায় বের করতে পারে, তাহলে তিনি খুশি হবেন।
আরও পড়ুন: আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের হিন্দি গানের সঙ্গে মোগলাই খাবারের আয়োজন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন