শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪২ পি.এম
জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষাটি শুরুর মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। গত রাতে এ পদে নিয়োগের জন্য এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ সকালে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
আজ শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সকাল পৌনে ১০টার দিকে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করেন কেন্দ্রের দায়িত্বে থাকা জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। হঠাৎ করে পরীক্ষা স্থগিত হওয়ায় দূরদূরান্ত থেকে আসা প্রার্থীরা ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে স্থগিতের সুনির্দিষ্ট কারণ জানতে না পেরে তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়।
কালাই ডিগ্রি কলেজ সূত্রে জানা যায়, হিসাব সহকারী পদে মোট ১৪ জন প্রার্থী আবেদন করেছিলেন। শুক্রবার সকালে তাদের মধ্যে ছয়জন পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে উপস্থিত হন। উপস্থিত প্রার্থীদের মধ্যে ছিলেন ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মণ্ডলও।
তবে আবু রায়হান মণ্ডল ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, সকাল ১০টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়েও পরীক্ষা আয়োজনের কোনো লক্ষণ দেখতে পাননি। তিনি দাবি করেন, কারো সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করেননি।
পরীক্ষা স্থগিতের বিষয়ে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন নির্ধারিত সময়ের আগেই উপস্থিত ছিলেন। তবে কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনকে তিনি কেন্দ্রে দেখতে পাননি। তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনের বক্তব্য ভিন্ন। তিনি দাবি করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি উপস্থিত না হওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকে তো কত কিছুই বলা হয়। টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।’
নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। শুক্রবার দুপুরে মোবাইল ফোনে তিনি বলেন, পরীক্ষা কেন স্থগিত করা হয়েছে, সে বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেবেন।
এ বিষয়ে কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিক জানান, নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা স্থগিত করা হয়েছে। কেন পরীক্ষা স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে। নিয়োগে আর্থিক লেনদেনের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা আমার জানা নেই। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে দেখা উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের আসামে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৩ জনে পৌঁছেছে। আগে নিহতের সংখ্যা ১৬ জন বলে জানানো হয়েছিল। শুক্রবার (১৩ নভেম্বর) আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের নিকটবর্তী এলাকায় একটি মিনিবাসের সঙ্গে কন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে অনেকেই কলেজ শিক্ষার্থী। জাতীয় মহাসড়ক ৭১৫-এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। মিনিবাসটি গোলাঘাট থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল, অন্যদিকে কন্টেইনার ট্রাকটি আসামের ওপরের দিকে চলছিল। পুলিশের একজন কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন, তবে তাঁদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনাকবলিত মিনিবাসটির বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, দুমড়েমুচড়ে যাওয়া মিনিবাস থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেটও জানিয়েছেন, চিকিৎসকেরা ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে, তবে মিনিবাসে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে অংশগ্রহণ করেন। এ সময় বেশ কয়েকজন যাত্রী মিনিবাসের ভেতরে আটকা পড়েছিলেন। আহতদের প্রথমে কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়।
পরে নয়টি অ্যাম্বুলেন্সে করে তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য ২০ জনকে জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বিধায়ক ও আসামের মন্ত্রী অতুল বোরাও উদ্ধারকাজ তদারকি করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক মিনিবাসটির নিয়ন্ত্রণ হারান। এছাড়া কাজিরাঙা জাতীয় উদ্যানের নিকটবর্তী এলাকায় যান চলাচলের নিয়মও অমান্য করা হয়ে থাকতে পারে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে জেলা প্রশাসন তদন্ত শুরু করেছে। গাড়ির গতিসীমা ও যাত্রী বহনের নিয়ম মানা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মরদেহের ময়নাতদন্ত রাতের দিকে গোলাঘাটের একটি হাসপাতালে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজনীতিতে ফের আগুন সন্ত্রাস দেশের জন্য অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। তিনি উল্লেখ করেন, বাসে আগুন, দোকানে আগুন, গাড়ীতে আগুন এই ধরনের ধ্বংসাত্মক রাজনীতি দেশের, মানবতার ও ইসলামের জন্য ভয়াবহ ক্ষতিকর। তিনি সতর্ক করেন যে, প্রতিহিংসার রাজনীতি দেশকে চরম সঙ্কটে নিপতিত করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় জনগণ আতঙ্কিত হয়ে পড়ছে।
এদেশের তথাকথিত রাজনীতিকরা প্রতিহিংসার রাজনীতি থেকে দীর্ঘ ৫৫ বছরে বের হয়ে আসতে পারেনি। মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, এই প্রতিহিংসার রাজনীতিকে সমূলে উপড়ে ফেলতে শরীয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজন। তিনি দাবি করেন, ইসলামী শরীয়া প্রতিষ্ঠিত হলে দেশে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটবে চিরদিনের জন্য। তিনি সকলকে আহ্বান জানান, পীর সাহেব চরমোনাই নেতৃদ্বে ইসলামী আন্দোলনে যোগ দিয়ে দেশকে একটি আদর্শিকভাবে গড়ে তুলতে।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার বাঙ্গরা উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাটি অনুষ্ঠিত হয় দলটির বাঙ্গরা উপজেলা সভাপতি মুফতি দেলাওয়ার আমীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা ফয়সাল মাহমুদের সঞ্চালনায়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারী মুফতি রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নেতা মুফতি মানসুরুল হক, মাস্টার আরিফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, হাফেজ মাওলানা শাফায়েত হোসাইন, রেজাউল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, মানুষ সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের কবল থেকে বাঁচতে চায়। তিনি উল্লেখ করেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ভয়াবহ রূপ নিয়েছে। আইন শৃঙ্খলার অবনতিতে ফ্যাসিবাদী চক্র সক্রিয় হচ্ছে। তিনি জানান, বিভিন্ন জায়গায় মিছিল করছে, আগুন দিচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রেমের সম্পর্ক নেই, নিয়মিত যোগাযোগও নেই; কিন্তু মনে মনে কাউকে নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন কল্পনা। কখনো ভাবা হয়, সেই ব্যক্তির সঙ্গে একদিন সম্পর্ক হবে, আবার কখনো মনে মনে একসঙ্গে কাটানো ভবিষ্যতের গল্প সাজানো হয়। বাস্তবে সম্পর্কের কোনো ভিত্তি না থাকলেও এমন কল্পনার জগতে ডুবে থাকার প্রবণতাকে ‘ডেলুশনশিপ’ (Delusionship) বলা হচ্ছে। জেন জিদের মধ্যে পরিচিতি পাওয়া এই শব্দটি বর্তমানে ডেটিং ও সম্পর্কবিষয়ক আলোচনায় বেশ আলোচিত হয়ে উঠেছে।
‘ডেলুশনশিপ’ শব্দটি এসেছে ইংরেজি ‘Delusion’ এবং ‘Relationship’ শব্দের সমন্বয়ে। সহজভাবে বললে, এটি এমন একটি কাল্পনিক সম্পর্ক, যেখানে একজন ব্যক্তি নিজের মনে কাউকে নিয়ে প্রেমের গল্প তৈরি করেন। কিন্তু অপর পক্ষ হয়তো এ বিষয়ে কিছুই জানেন না, অথবা দুজনের মধ্যে আদৌ কোনো প্রেমের সম্পর্ক নেই।
কেন তৈরি হয় এমন সম্পর্ক?
কাউকে ভালো লাগা, তার প্রতি আকর্ষণ কিংবা একসঙ্গে সময় কাটানোর ইচ্ছা থেকেই এমন কল্পনার শুরু হতে পারে। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ছবি বা পোস্ট দেখে তার প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর সেই ব্যক্তিকে নিয়ে নানা ভাবনা ও কল্পনা তৈরি হতে থাকে। বাস্তবে যোগাযোগ না থাকলেও মনে মনে তাকে ঘিরে সম্পর্কের গল্প এগিয়ে চলে।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে কাউকে দূর থেকে অনুসরণ করা কিংবা তার অনলাইন উপস্থিতি থেকে ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা তৈরির সুযোগ বেড়েছে। ফলে কখনো কখনো বাস্তব পরিচয়ের চেয়ে কল্পনার মানুষটির সঙ্গে আবেগের সংযোগ বেশি তৈরি হয়।
‘ডেলুশনশিপ’ আর একতরফা প্রেম কি এক?
দুটি বিষয় কাছাকাছি হলেও এক নয়। একতরফা প্রেমে একজন ব্যক্তি অন্য কাউকে ভালোবাসেন, কিন্তু অপর পক্ষের কাছ থেকে একই ধরনের অনুভূতি পান না। অন্যদিকে ‘ডেলুশনশিপ’-এ বাস্তব সম্পর্কের চেয়ে কল্পনার ভূমিকা বেশি। অর্থাৎ, কারও সঙ্গে সম্পর্ক হওয়ার সম্ভাবনা বা তার সঙ্গে ভবিষ্যৎ জীবনের নানা দৃশ্য মনে মনে তৈরি করে নেওয়াই এর অন্যতম বৈশিষ্ট্য।
কখন সতর্ক হওয়া প্রয়োজন?
কাউকে পছন্দ করা কিংবা তাকে নিয়ে কল্পনা করা অস্বাভাবিক নয়। তবে সেই কল্পনা যখন বাস্তব জীবন, পড়াশোনা, কাজ কিংবা অন্য সম্পর্কের ওপর প্রভাব ফেলতে শুরু করে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। নিজের অনুভূতি ও বাস্তবতার মধ্যে পার্থক্য বুঝতে পারা জরুরি।
সবশেষে, ‘ডেলুশনশিপ’ কোনো আনুষ্ঠানিক মনস্তাত্ত্বিক রোগনির্ণয় নয়; এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও তরুণদের কথাবার্তায় ব্যবহৃত একটি অনানুষ্ঠানিক শব্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের মানুষের জীবন মান উন্নয়নে জাতি, ধর্ম, ও বর্ণ নির্বিশেষে দল মতের উর্ধ্বে থেকে কাজ করে চলেছে। শ্রমজীবী মানুষের মাঝে সরকারি সহযোগিতা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য তারা নিরলসভাবে কাজ করছেন। দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন বিপুল জনসমর্থন দিয়ে। গত ৯ মাস ধরে, প্রধানমন্ত্রীর নির্দেশে, বিএনপির কর্মীরা গ্রামগঞ্জে মানুষের সুবিধা ও অসুবিধা সম্পর্কে তথ্য পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন, "আমরা ভোট পাবার রাজনীতি করিনা! জনগণের কল্যাণের জন্য কাজ করি।" তিনি আরো বলেন, সকল মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে এগিয়ে আসা জরুরি। বেকার সমস্যা দূর করতে উদ্যোক্তা হয়ে সমাজের উন্নয়নে অংশগ্রহণ করা সম্ভব। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বেকারদের স্বাবলম্বী করতে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদান করা হচ্ছে। দিনাজপুরের সুগন্ধি চালের আবাদ বৃদ্ধি করতে কৃষকদের মাঝে মৌসুমী কৃষি প্রণোদনা এবং বিনামূল্যে বীজ ও সার পৌঁছানোর কাজ চলছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিরামপুর উপজেলার বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দে হতদরিদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল, বৃত্তি প্রদান এবং তাদের পরিবারের সেলাই মেশিন বিতরণ করেন। অন্যদিকে, ২৭ অক্টোবর বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জব ফেয়ার মেলায় ২০০ জন নির্বাচিত বেকার যুবক-যুবতীকে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে নিয়োগপত্র প্রদান করা হয়।
একইদিন উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে ২৬-২৭ অর্থ বছরে কৃষি প্রণোদন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। রতনপুর খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে তিনি অংশগ্রহণ করেন। এ সময় তার সাথে ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: তানজিলা খাতুন, সহকারী কমিশনার ভূমি নাজিয়া নওরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় সহ নৃতাত্ত্বিক গোষ্ঠী সম্প্রদায়ের অভিভাবক, ছাত্র-ছাত্রী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ