বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৪১ পি.এম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ এবং রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, অপরাধ অনুসন্ধানী সাংবাদিকতা তথা ক্রাইম রিপোর্টিং অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অপরাধের ধরন সময়ের সঙ্গে বদলাচ্ছে এবং এখন এটি আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে অপরাধ দমন ও প্রতিরোধে আধুনিক আইনি কাঠামোর পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠ ভূমিকা জরুরি।
তিনি আরও বলেন, অপরাধ, অপরাধী, অপরাধবিজ্ঞান, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় তথ্য ও পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ক্র্যাবের মতো ঐতিহ্যবাহী সংগঠনের প্রয়োজন রয়েছে। ৩১৮ জন পেশাদার সদস্য নিয়ে ৪৩ বছরের যাত্রায় ক্র্যাব অনুসন্ধানী সাংবাদিকতায় একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে।
অনুসন্ধানী সাংবাদিকতাকে জ্ঞানভিত্তিক একটি উচ্চমানের শাখা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ধরনের সাংবাদিকতায় গভীর পড়াশোনা ও তথ্য বিশ্লেষণের প্রয়োজন হয়। অপরাধের মূল কারণ উদ্ঘাটনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অপরাধ শুধু একটি বাহ্যিক উপসর্গ। এর মূল কারণ অনুসন্ধান করে অপরাধের গোড়ায় আঘাত করতে হবে।
সমাজে সংঘটিত বিভিন্ন ঘৃণ্য ও চাঞ্চল্যকর অপরাধ বিশ্লেষণ করে দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রে মাদক ও জুয়া অপরাধের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, অপরাধীকে শাস্তি দেওয়ার পাশাপাশি কেন অপরাধ সংঘটিত হচ্ছে, তা নিয়ে সমাজকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। অপরাধের উৎসে সমাধান করা গেলে সমাজে অপরাধের হার কার্যকরভাবে কমিয়ে আনা সম্ভব।
মন্ত্রী বলেন, ক্রাইম রিপোর্টাররা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত বা আহত সাংবাদিকদের সহযোগিতার বিষয়টি করপোরেট সামাজিক দায়বদ্ধতার তহবিলসহ অন্যান্য উপায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
পেশাগত শ্রেষ্ঠত্ব ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে সাংবাদিকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশের পক্ষ থেকে সনদ দেওয়া যায় কি না, সে বিষয়েও আইনগত দিক পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
গণমাধ্যমকে সমাজের দর্পণ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতা সঠিকভাবে পালন করলে সমাজ ও রাষ্ট্রে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। রাষ্ট্র যা চায় এবং সমাজ যা প্রত্যাশা করে, তা বাস্তবায়নে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাংবাদিকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
অ্যাসিড নিক্ষেপের ঘটনা নিয়ন্ত্রণে অতীতের সফলতার উদাহরণ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময়ে অ্যাসিড নিক্ষেপ রোধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। কঠোর আইন, গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকা ও ব্যাপক সামাজিক সচেতনতার সম্মিলিত প্রয়াসে দেশে অ্যাসিড-সংক্রান্ত অপরাধ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।
একইভাবে মাদক, অনলাইন জুয়াসহ অন্যান্য অপরাধ নির্মূলেও সাংবাদিক, রাষ্ট্র ও সমাজের সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
অনলাইন জুয়া ও মাদক নির্মূলে আইনি কাঠামো সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পুরোনো আইন আধুনিকায়ন করা প্রয়োজন। ১৮৬৭ সালের পুরোনো জুয়া আইন পরিবর্তন করে ডিজিটাল মাধ্যমে অনলাইন জুয়া, খেলা পাতানো ও সংঘবদ্ধ অপরাধচক্র মোকাবিলায় ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, দুর্বল আইনের ফাঁক গলে যাতে অপরাধীরা পার পেয়ে যেতে না পারে, সে জন্য প্রয়োজনীয় আইনি সংস্কার ও নতুন আইন প্রণয়নে সরকার কাজ করছে।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।
বক্তারা ক্র্যাবের ৪৩ বছরের অবদানের প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী কেক কাটার মাধ্যমে ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি মৎস্য ঘেরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে। শিশুটির নাম আয়েশা খানম।
এই ঘটনা ঘটে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে। নিহত আয়েশা খানম বাহিরশিমুল গ্রামের তাইজুল শিকদারের কন্যা।
শিশুটির চাচা লিখন শিকদার জানান, দুপুরের দিকে ঘেরের পানিতে গোসল করতে গিয়ে তিনি পানির নিচে পায়ের সঙ্গে কিছু একটা স্পর্শ অনুভব করেন। এরপর পানি থেকে তুলে দেখেন ভাতিজি আয়েশার দেহ। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার উপ পরিদর্শক সুবীর কুমার সাহা জানান, শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী বছরের শুরুতে ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে।
মন্ত্রী উল্লেখ করেন, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিপুলসংখ্যক বাংলাদেশির যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সরকার ঢাকা থেকে নিউইয়র্কের (জেএফকে) মধ্যে সরাসরি ফ্লাইট চালুর জন্য পদক্ষেপ নিচ্ছে।
বুধবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে এক বৈঠকে বিমানমন্ত্রী এই তথ্য জানান। বৈঠকের সময় দুদেশের মধ্যে বিমান চলাচলে সহযোগিতা, উড়োজাহাজ ক্রয়, বিনিয়োগ ও পর্যটন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই রুটে ফ্লাইট চালুর জন্য বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।
তবে, যুক্তরাষ্ট্রে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ‘ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট’ (আইএএসএ) ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, ইতোমধ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলে বাটলার একটি অনন্য রেকর্ড গড়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি এখন দ্বিতীয় স্থানে রয়েছেন। এই রেকর্ডের মাধ্যমে ভারতীয় সাবেক অধিনায়ক হিটম্যানখ্যাত রোহিত শর্মাকে তিনি টপকে গেছেন। একইসাথে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকও একটি নতুন নজির সৃষ্টি করেছেন।
সাউদাম্পটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাটলার ৪৪ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ৮টি বাউন্ডারি এবং ৩টি ছক্কা ছিল। মাত্র ২৯ বলে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এই ইনিংসের ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার রান সংখ্যা ৪২৯২-এ পৌঁছেছে। এর আগে ৪২৩১ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন রোহিত শর্মা। এবার বাটলার তাকে টপকে গেলেন।
বাটলারের ১৬১ ম্যাচে ব্যাটিং গড় ৩৪.৩৩। এই সময়ে তিনি দু’টি সেঞ্চুরি এবং ২৯টি অর্ধশত রান করেছেন। তবে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে এখনও পাকিস্তানের বাবর আজমের নাম রয়েছে। ১৪৫ ম্যাচে বাবরের সংগ্রহ ৪৫৯৬ রান, তার গড় ৩৮.৯৪।
হ্যারি ব্রুক শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে নতুন নজির গড়েছেন। ২০২৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার দ্বিতীয় শতরান। এর ফলে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম অধিনায়ক হিসেবে একই ক্যালেন্ডার বছরে দুটি টি-টোয়েন্টি সেঞ্চুরির নজির গড়লেন তিনি। ব্রুক মাত্র ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৪৯ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ডের অধিনায়ক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মাহদী আমিন জানান, বাংলাদেশ ব্যাংকের আওতায় তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণকে ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ব্যাংক তরুণ উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য সব গ্রেডে অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। এতে সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনা মূল্যে ল্যাপটপ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে বিনা মূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাহদী আমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ৭৪ জন শহীদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে কাজ করা ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করে জুলাই ফাউন্ডেশনে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
প্রবাসী আয়ের প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ৬ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে (প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলার)। সম্পূর্ণ বিনা মূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং বন্যাদুর্গত নেপালে ১ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ