ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে


বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম বাজারে শীর্ষ রপ্তানিকারক দেশের অবস্থান বজায় রেখেছে।

বর্তমান ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে, বাংলাদেশ ইউরোপের বাজারে মোট ডেনিম আমদানির প্রায় ৩০ শতাংশ সরবরাহ করেছে। বৈশ্বিক বাজারের প্রতিযোগিতা এবং চাহিদার পরিবর্তনের মধ্যেও দেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে অবস্থানের প্রতিফলন এটি।

ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মোট ৩৪২ কোটি ইউরো মূল্যের ডেনিম পণ্য আমদানি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ৩ দশমিক ২৪ শতাংশ কম। এই সময়ে বাংলাদেশ থেকে আমদানি কমে ১০১ কোটি ইউরোতে দাঁড়িয়েছে। তবে, বাজারে বাংলাদেশ ২৯ দশমিক ৪৮ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে।

আরও পড়ুন: সঞ্চয়পত্রের সেবা তিন দিন ধরে বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

গত বছরের একই সময়ে ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যা ছিল ৩০ দশমিক ১৮ শতাংশ। অর্থাৎ, সামগ্রিক বাজার সংকোচনের পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের বাজার হিস্যায় কিছু পরিবর্তন এসেছে।

ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশের পর দ্বিতীয় বৃহত্তম ডেনিম সরবরাহকারী দেশ পাকিস্তান। পাকিস্তান চলতি বছরের প্রথম নয় মাসে ইইউতে ৬০ কোটি ৯৭ লাখ ইউরো মূল্যের ডেনিম রপ্তানি করেছে। দেশটির বাজার হিস্যা ১৭ দশমিক ৮৫ শতাংশ।

অন্যদিকে, তুরস্কের রপ্তানি ২০ দশমিক ২৭ শতাংশ কমে ৪৯ কোটি ৮১ লাখ ইউরোতে নেমেছে। দেশটির বাজার হিস্যা আগের বছরের ১৭ দশমিক ৭০ শতাংশ থেকে কমে ১৪ দশমিক ৫৮ শতাংশ হয়েছে।

এ সময়ে মিসরের ডেনিম রপ্তানি ৩৪ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ২২ কোটি ৫৭ লাখ ইউরো এবং চীনের রপ্তানি ২০ দশমিক ২৩ শতাংশ বেড়ে ২৩ কোটি ৫ লাখ ইউরোতে পৌঁছেছে। মিসরের রপ্তানি বেড়েছে ৫ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ইউরো, যা একই সময়ে বাংলাদেশের রপ্তানি কমার পরিমাণের প্রায় সমান।

আরও পড়ুন: ওয়ালটন নতুন প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার বাজারে উন্মোচন

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাসসকে জানান, তুরস্ক ও পাকিস্তানের বাজার হিস্যা কমলেও বাংলাদেশ সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। তবে, বছরের শেষ দিকে ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। আগস্টে বাজারটি ১১ দশমিক ৯১ শতাংশ এবং সেপ্টেম্বরে ৩ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে ডেনিম আমদানি আগের বছরের একই মাসের তুলনায় শূন্য দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৪ কোটি ৩১ লাখ ২০ হাজার ইউরোতে দাঁড়িয়েছে।

সামগ্রিকভাবে ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের শীর্ষ অবস্থান দেশের রপ্তানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে, প্রতিযোগী দেশগুলোর দ্রুত অগ্রগতি এবং বাজারের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে পণ্যের বৈচিত্র্য, উৎপাদন সক্ষমতা এবং প্রতিযোগিতার দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তাও এই চিত্র তুলে ধরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০০ রান টপকে জয়ী হয়ে উচ্ছ্বসিত টেম্বা বাভুমা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


৪০০ রান টপকে জয়ী হয়ে উচ্ছ্বসিত টেম্বা বাভুমা

বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে। প্রতিপক্ষের এমন বড় সংগ্রহের পর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার জন্য চাপ অনুভব করার কথা ছিল। তবে জোহানেসবার্গে সেই চাপকে অতিক্রম করে প্রোটিয়ারা উল্টো দাপুটে জয় অর্জন করেছে। বাংলাদেশের বিশাল সংগ্রহকে অতিক্রম করে লিড নেওয়া এবং শেষ পর্যন্ত ৯ উইকেটের জয়; দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার কাছে এই সাফল্য বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, জোহানেসবার্গের মাঠে এর আগে এমন পরিস্থিতিতে টেস্ট জয়ের নজির তাদের ছিল না।

ম্যাচের শুরুতে বাংলাদেশ ৪০০ রান করে লড়াইয়ের ভিত্তি স্থাপন করে। কিন্তু দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান করে ১৫৭ রানের লিড নেয়। এরপর বাংলাদেশকে ১৬৮ রানে গুটিয়ে দিয়ে জয়লাভের জন্য স্বাগতিকদের মাত্র ১২ রানের লক্ষ্য নির্ধারণ করে। বাভুমার মতে, কঠিন পরিস্থিতিতে নিজেদের পরিকল্পনায় অবিচল থাকার মাধ্যমেই তারা এই সাফল্য অর্জন করেছে।

ম্যাচ শেষে চাপ সামলানোর কৌশল নিয়ে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘চাপ সব সময়ই থাকে। আমার মনে হয়, নিজের মনে চাপটাকে কীভাবে দেখছি বা কীভাবে গ্রহণ করছি, সেটাই আসল বিষয়। দল হিসেবে আমরা কী করছি, তা নিয়ে মানুষের প্রত্যাশা ক্রমাগত বাড়তেই থাকবে। আমরা যেভাবে এই চাপ সামলানোর চেষ্টা করি, তা হলো নিজেদের লক্ষ্যের প্রতি মনোযোগ ধরে রাখা এবং আমরা যা অর্জন করতে চাই, সেদিকেই মনোযোগ দেওয়া।’

প্রথম ইনিংসে ৪০০ রান হজম করেও জয় পাওয়াকে আলাদা অর্জন হিসেবে দেখছেন বাভুমা। তাঁর ভাষায়, ‘প্রথম ইনিংসে প্রতিপক্ষের ৪০০ রানের পরও জয় পাওয়া আমাদের জন্য বিশেষ কিছু। এই মাঠে দক্ষিণ আফ্রিকা এর আগে কখনও এমন পরিস্থিতিতে টেস্ট ম্যাচ জেতেনি। তবে আমরা সেই ইতিহাস বদলে দিয়েছি। সেই সময় আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশকে আবার খেলায় ফিরে আসার সুযোগও দিতে পারতাম।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক গোলাম মোর্তোজা আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবনার ভিত্তিতে আগের চুক্তির ধারাবাহিকতায় গোলাম মোর্তোজাকে ২১ নভেম্বর ২০২৬ থেকে ২০ নভেম্বর ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

সচিব পদমর্যাদায় মিনিস্টার (প্রেস) পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলা বন্দরে রোদ-বৃষ্টিতে ৪০০ কোটি টাকার পণ্য নষ্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


মোংলা বন্দরে রোদ-বৃষ্টিতে ৪০০ কোটি টাকার পণ্য নষ্ট

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার কাস্টমস হাউজে প্রায় দেড় বছর ধরে নিলাম প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এর ফলে ব্যবসায়ীদের আমদানিকৃত সাড়ে ৩শ’ থেকে ৪শ’ কোটি টাকার মূল্যবান পণ্য খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে পড়ে নষ্ট হচ্ছে। এতে বন্দর জেটি ও ইয়ার্ডে তীব্র পণ্যজট সৃষ্টি হয়েছে এবং বড় ধরনের রাজস্ব ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।

আমদানি ও কাস্টমস আইন অনুযায়ী, বিদেশ থেকে পণ্য আমদানির পর নির্ধারিত সময়ের মধ্যে শুল্ক-কর পরিশোধ করে খালাস না করলে তা কাস্টমসের অনুকূলে চলে যায়। নিয়ম অনুযায়ী, বন্দর জেটিতে ইনভেন্টরির পর আমদানিকারকরা পণ্য খালাসে সর্বোচ্চ ৩০ দিন সময় পান। এই সময়ের মধ্যে খালাস না হলে পণ্যগুলো নিলামযোগ্য হিসেবে গণ্য হয়। আইনে প্রতি মাসে নিয়মিত অন্তত এক থেকে দুটি নিলাম আয়োজন করে বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার বিধান থাকলেও মোংলা কাস্টমসে তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে একটি নামমাত্র নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর ওই বছরের ১২ অক্টোবর বড় পরিসরে আরেকটি নিলামের উদ্যোগ নেয়া হলেও শেষ পর্যন্ত মামলা জটিলতায় তা ভেস্তে যায়। তখন থেকেই পুরো নিলাম প্রক্রিয়া থমকে আছে।

বর্তমানে মোংলা বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও জেটিজুড়ে নিলামের অপেক্ষায় থাকা পণ্যের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কাস্টমস ও বন্দর সূত্র জানায়, দীর্ঘ স্থবিরতার কারণে আটকে থাকা পণ্যের মধ্যে রয়েছে জাপান, সিঙ্গাপুর ও অন্যান্য দেশ থেকে আমদানিকৃত বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২৫০টি নামীদামি ও বিলাসবহুল গাড়ি, যা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

এছাড়া ২০০টিরও বেশি কনটেইনারে বিভিন্ন বাণিজ্যিক পণ্য আটকে আছে। এর মধ্যে ৬০ কনটেইনার গ্যাস সিলিন্ডার, ৩৩ কনটেইনার উন্নত মানের কাগজ এবং ১০ কনটেইনার খেলনাসহ অন্যান্য মেশিনারিজ পণ্য রয়েছে। পাশাপাশি বন্দর জেটিতে পলি ও জং পড়ে নষ্ট হচ্ছে দুটি ড্রেজার এবং বিভিন্ন ধরনের ভারী শিল্পকারখানার যন্ত্রাংশ। ব্যবসায়ীদের ধারণা, সব মিলিয়ে এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩শ’ থেকে ৪শ’ কোটি টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের সঙ্গী কম্ফোর্টার, উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে নতুনত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


শীতের সঙ্গী কম্ফোর্টার, উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে নতুনত্ব

যতই সুন্দরভাবে সাজানো হোক শোবার ঘর, বিছানার অগোছালো অবস্থা পুরো ঘরের সৌন্দর্যকে ম্লান করে দেয়। বিশেষ করে শীতকালে লেপ বা কম্বল ব্যবহারের পর বিছানায় রেখে দিলে অনেক সময় ঘরটি পরিপাটি দেখায় না। কিছু মানুষ আলাদা আসবাব ব্যবহার করে লেপ-কম্বল রাখেন। আবার অনেকে বিছানায় রাখলেও বাড়তি চাদর দিয়ে ঢেকে রাখেন।

এ ক্ষেত্রে আধুনিক কম্ফোর্টার একটি সহজ ও নান্দনিক সমাধান হতে পারে। নরম ও তুলতুলে এই শীতবস্ত্র ব্যবহারের পর সুন্দরভাবে ভাঁজ করে বিছানার মাঝখানে বা এক পাশে রাখা যায়। এতে ঘর যেমন পরিপাটি দেখায়, তেমনি অন্দরসজ্জাতেও নতুনত্ব আসে। শীতের মৌসুমে লেপ-কম্বলের পাশাপাশি কম্ফোর্টারের ব্যবহারও জনপ্রিয়তা পাচ্ছে।

কম্ফোর্টার কেবল শীত থেকে সুরক্ষাই দেয় না, বরং ঘরের সাজসজ্জায়ও যোগ করে নান্দনিকতা। শীতকাল ছাড়াও গরম আবহাওয়ায় হালকা কুইল্ট হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে। ফলে কম্ফোর্টার এখন আর শুধু শীতের অনুষঙ্গ নয়, বরং ঘর সাজানোর আধুনিক উপকরণ হিসেবেও জায়গা করে নিচ্ছে।

অনেকে ঘরের পর্দা ও বিছানার কুশনের সঙ্গে মিলিয়ে কম্ফোর্টার বেছে নিচ্ছেন। পর্দার কাপড়, কুশনের কভার ও কম্ফোর্টারের রং এবং নকশায় সামঞ্জস্য রাখলে ঘরের সাজে তৈরি হয় নান্দনিক আবহ। এতে ঘরের সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

কম্ফোর্টার দিয়ে বিছানা সাজানোর নানা ধারণা এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও পাওয়া যাচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজ ও রিলে ঘর সাজানোর ভিডিওতে কম্ফোর্টার ভাঁজ করে রাখা, বিছানার রঙের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা কিংবা কুশন ও পর্দার সঙ্গে সামঞ্জস্য রাখার বিভিন্ন কৌশল তুলে ধরা হচ্ছে।

এসব ভিডিও থেকে ধারণা নিয়ে নিজের ঘরের রং, আসবাব ও সাজসজ্জার ধরন অনুযায়ী পছন্দের কম্ফোর্টার বেছে নেওয়া যেতে পারে। রং ও নকশার যথাযথ সামঞ্জস্য থাকলে সাধারণ বিছানাও হয়ে উঠতে পারে ঘরের অন্যতম আকর্ষণীয় অংশ।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানীয় বাজার, বড় শপিং মল ও এলাকার সুপারশপগুলোতে বিভিন্ন ধরনের কম্ফোর্টার পাওয়া যাচ্ছে। নকশা, রং, কাপড়ের মান ও দামের ভিন্নতা থাকায় ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী পণ্য বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে সুপারশপগুলোতে বিভিন্ন মান ও নকশার কম্ফোর্টারের পাশাপাশি মৌসুমি মূল্যছাড়ও রয়েছে।

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্নের বিভিন্ন আউটলেটেও পাওয়া যাচ্ছে বিভিন্ন মান ও নকশার আধুনিক কম্ফোর্টার। পাশাপাশি নির্বাচিত কম্ফোর্টারে রয়েছে বিশেষ মূল্যছাড়। ফলে ক্রেতারা নিজেদের প্রয়োজন, পছন্দ ও বাজেট অনুযায়ী সাশ্রয়ী মূল্যে কম্ফোর্টার কেনার সুযোগ পাচ্ছেন। সরাসরি আউটলেটে গিয়ে পছন্দের পণ্য বেছে নেওয়ার পাশাপাশি অনলাইনেও কেনাকাটার সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%