০৪:১২ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা শক্তিশালী করার উদ্দেশ্যে নতুন একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে ফিলিপাইন ও অস্ট্রেলিয়া।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে রোববার এই চুক্তিটি সম্পন্ন হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরও পড়ুন: ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন কাঠামো কার্যকর হবে বছরের শেষে
দুই দেশের মধ্যে পূর্বে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারককে হালনাগাদ করে নতুন চুক্তিটি করা হয়েছে। ম্যানিলায় দুই দেশের নেতাদের বৈঠকের সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরে যৌথ নৌ টহল এবং স্থলভিত্তিক সামরিক মহড়াও এই সহযোগিতার অন্তর্ভুক্ত।
যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে ফিলিপাইন দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা নিয়ে কয়েক বছর ধরে চীনের সঙ্গে বিরোধ ও উত্তেজনার মধ্যে রয়েছে।
আরও পড়ুন: ইয়েমেনে হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা
চীন এই সমুদ্রাঞ্চলের প্রায় পুরোটাই নিজেদের বলে দাবি করে। তবে আন্তর্জাতিক সালিশি আদালতের এক রায়ে চীনের এ দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে উল্লেখ করা হয়েছে।
রোববার চুক্তি স্বাক্ষরের পর ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো সাংবাদিকদের জানান, ‘এই চুক্তির ফলে আমাদের কার্যক্রম আরও দ্রুত ও গতিশীল হবে। দুই দেশের মধ্যে সমন্বয়ের প্রক্রিয়াও সহজ হবে।’
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এখতিয়ারভুক্ত এলাকায় বিশ্বাসযোগ্য প্রতিরোধক্ষমতা আরও জোরদার করবে এই চুক্তি।’
তেওদোরো আরও জানান, হালনাগাদ চুক্তির ফলে ফিলিপাইনের সেনারা অস্ট্রেলিয়ার সামরিক সরঞ্জাম ও অস্ত্র সম্পর্কে আরও ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এতে দুই দেশের যৌথ সামরিক প্রশিক্ষণের প্রক্রিয়াও সহজ হবে।
আরও পড়ুন: ভারতের ভিসা ব্যবস্থায় ১৩ শ্রেণি থেকে ৯ শ্রেণিতে পরিবর্তন
২০১২ সাল থেকে অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের মধ্যে একটি ‘ভিজিটিং ফোর্সেস অ্যাগ্রিমেন্ট’ কার্যকর রয়েছে। এর আওতায় দুই দেশের সেনারা পরস্পরের ভূখণ্ডে সামরিক প্রশিক্ষণ নিতে পারেন।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস পরে এক বিবৃতিতে বলেন, নতুন চুক্তিটি দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করবে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে একসঙ্গে কাজ করার নতুন সুযোগ তৈরি করবে।
বিবৃতিতে নতুন চুক্তির গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সমুদ্রপথে নিরাপত্তা কার্যক্রম জোরদার, তথ্য আদান-প্রদান এবং প্রতিরক্ষা অবকাঠামোর উন্নয়নের কথা উল্লেখ করা হয়েছে।
গত মাসে ফিলিপিনে অনুষ্ঠিত আসিয়ান প্রতিরক্ষাপ্রধানদের সম্মেলনে মার্লেস বলেছিলেন, চীনের সামরিক শক্তি বৃদ্ধির কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এক ধরনের চাপের পরিস্থিতি তৈরি হচ্ছে। এ অবস্থায় মিত্র ও অংশীদার দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যার রায় ইসরাইলের ওপর প্রভাব ফেলবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন