ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ


তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে রাজধানী ঢাকার মগবাজার এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল এবং মাদ্রাসা ছাত্রদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান এ সময় বলেন, "ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষ্যে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় আমরা এ দোয়া ও মিলাদ মাহফিল এবং খাবার বিতরণের আয়োজন করেছি।" তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনকে প্রার্থনা করেন যেন তিনি তাকে পরিপূর্ণ সুস্থ রাখেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নকিব চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, মো. রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. মারজুক সাকিব প্রমুখ।

আরও পড়ুন: আতিফ আসলাম কনসার্টে আসলে মুফতি তাকী উসমানি কেন আসবেন না: ত্বহা মাহমুদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


যুক্তরাষ্ট্রে ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাষ্ট্রে নাইকি ও ক্রোকসের জুতা সহ বিভিন্ন পণ্য চুরির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চুরি হওয়া পণ্যের বাজারমূল্য ২ কোটি ২০ লাখ ডলারের (২২ মিলিয়ন ডলার) বেশি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত একটি ফেডারেল অভিযোগপত্রে জানানো হয়েছে, চক্রটি লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসা ৩৬টির বেশি পণ্যবাহী ট্রেনকে লক্ষ্যবস্তু করেছিল। এসব ট্রেনে জনপ্রিয় জুতা, বিদ্যুৎচালিত সরঞ্জাম এবং অন্যান্য ভোগ্যপণ্য পরিবহন করা হতো।

অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে যে, পরিকল্পিতভাবে ট্রেনের ব্রেক নষ্ট করে সেটিকে থামানো হতো। এরপর ট্রেনের বগি থেকে পণ্য নামিয়ে ট্রাকে তোলা হতো। পরবর্তীতে এসব চোরাই পণ্য একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো, যারা সেগুলো আবার বাজারে বিক্রি করত।

অভিযুক্তরা নিজেদের চুরির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের দলীয় কথোপকথনে শেয়ার করতেন। তাঁদের বিরুদ্ধে সংঘবদ্ধ চুরি ও আন্তরাজ্য রেলপথে পরিবহন করা পণ্য চুরির অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাঁদের পাঁচ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রা বিশ্লেষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রা বিশ্লেষণ

রাজনীতিতে নেতৃত্বের মূল্যায়ন কেবল পদ-পদবি, ক্ষমতার অবস্থান কিংবা নির্বাচনী সাফল্যের নিরিখে হয় না। একজন রাজনৈতিক নেতার প্রকৃত পরিচয় গড়ে ওঠে তাঁর দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতার মুখে অবস্থান, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক দূরদর্শিতা এবং রাষ্ট্র ও সমাজ সম্পর্কে তাঁর চিন্তার মধ্য দিয়ে। বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘ অভিযাত্রাকে বিশ্লেষণ করতে হলে এই বিষয়গুলোকে একই সঙ্গে বিবেচনায় নিতে হবে। ২০ নভেম্বর তাঁর জন্মদিন। এই উপলক্ষ বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ সংগ্রাম, নেতৃত্বের বিকাশ এবং রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতা পর্যালোচনার সুযোগ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল একটি ঐতিহাসিক রাজনৈতিক ও পারিবারিক পরিমণ্ডলে। তবে পারিবারিক পরিচয় তাঁর রাজনৈতিক পথচলার একমাত্র ভিত্তি হয়ে থাকেনি। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে তিনি মায়ের সঙ্গে রাজপথের রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯০-এর গণ-আন্দোলন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচন এবং পরবর্তী সময়ে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ তাঁকে রাজনীতির মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে পরিচিত করে তোলে।

তারেক রহমানের রাজনৈতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তৃণমূল সংগঠনের প্রতি তাঁর আগ্রহ। বগুড়ায় বিএনপির সাংগঠনিক কাঠামোয় গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ ছিল দলীয় রাজনীতিতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সমস্যা, সুশাসন ও জনস্বার্থের বিষয়গুলো নিয়ে গবেষণা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগও তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ ছিল। ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর দল পুনর্গঠন ও তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ জোরদারে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের মাধ্যমে উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় তাঁর সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করে।

তবে তারেক রহমানের রাজনৈতিক জীবনের পথ কখনোই মসৃণ ছিল না। ২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৭ মার্চ মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে কারাবন্দি অবস্থায় তার ওপর অকথ্য শারীরিক নির্যাতনের স্টিমরোলার চালায় কতৃত্ববাদী তত্ত্বাবধায়ক সরকার।

২০০৮ সালের ৯ জানুয়ারি ঢাকার একটি আদালতে তিনি নিজেই রিমান্ডে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেছিলেন। তাঁর আইনজীবীরাও কারাগারে নির্যাতনের ফলে মেরুদণ্ডে গুরুতর আঘাতের অভিযোগ আদালতের সামনে উত্থাপন করেন। অবশেষে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তাঁকে লন্ডনে যেতে হয়। কিন্তু চিকিৎসার জন্য সাময়িকভাবে দেশত্যাগের সেই যাত্রাই পরিণত হয় দীর্ঘ ১৭ বছরের নির্বাসনে। এই দীর্ঘ সময়ে ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু, মা বেগম খালেদা জিয়ার কারাবাস এবং পরিবারের ওপর একের পর এক রাজনৈতিক ও ব্যক্তিগত সংকট তাঁর জীবনে অসহনীয় বেদনার অধ্যায় তৈরি করে।

প্রিয় মাতৃভূমি থেকে দূরে থেকেও তাঁকে বহন করতে হয়েছে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব, দলকে সংগঠিত রাখতে হয়েছে প্রতিকূলতার মধ্যে। ব্যক্তিগত জীবনের গভীর বেদনা ও রাজনৈতিক বিচ্ছিন্নতার এই দীর্ঘ অধ্যায় পেরিয়েও নেতৃত্বের দায়িত্ব থেকে সরে না দাঁড়ানো তাঁর রাজনৈতিক সংগ্রামের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক।

ভৌগোলিক দূরত্ব কখনই তাঁর রাজনৈতিক সম্পৃক্ততাকে বিচ্ছিন্ন করতে পারেনি। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে তিনি লন্ডন থেকেই দল পরিচালনা করেন। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক প্রতিকূলতা, মামলা, গ্রেপ্তার ও সাংগঠনিক চাপের মধ্যে থাকা একটি বৃহৎ রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রাখা ছিল কঠিন দায়িত্ব। ভার্চুয়াল যোগাযোগ, নিয়মিত সাংগঠনিক নির্দেশনা, রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ এবং নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মধ্য দিয়ে তিনি সেই দায়িত্ব পালন করেন।

তারেক রহমানের রাজনৈতিক চিন্তার আরেকটি উল্লেখযোগ্য প্রকাশ ঘটে ২০২৩ সালের ১২ জুলাই ঘোষিত এক দফা আন্দোলনের মধ্য দিয়ে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিকে কেন্দ্র করে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলোকে একটি অভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সমবেত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এর ধারাবাহিকতায় তিনি ১৩ জুলাই ২০২৩ তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা উপস্থাপন করেন। এই রূপরেখা কেবল সরকার পরিবর্তনের দাবি নয়; বরং রাষ্ট্রের প্রতিষ্ঠান, সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, অর্থনীতি ও স্থানীয় সরকারব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের একটি রাজনৈতিক প্রস্তাব। প্রধানমন্ত্রী পদে মেয়াদের সীমা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, দুর্নীতি প্রতিরোধ, মানবাধিকার সুরক্ষা এবং অর্থনৈতিক সংস্কারের মতো বিষয় এতে অন্তর্ভুক্ত হয়েছে। আন্দোলনের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার বিকল্প রূপরেখা উপস্থাপনের প্রচেষ্টা, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান তারেক রহমানের রাজনৈতিক জীবনের আরেকটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যখন রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে বিস্তৃত হচ্ছিল, তখন দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসে অবস্থান করেও তিনি ধারাবাহিকভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ গণতন্ত্রকামী মানুষকে তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ১৬ জুলাই যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলোর যৌথ বিবৃতি, ১৭ ও ১৯ জুলাই তাঁর ধারাবাহিক বার্তা এবং ২১ জুলাই জাতীয় ঐক্যের আহ্বানের মধ্য দিয়ে আন্দোলনের প্রতি তাঁর প্রকাশ্য রাজনৈতিক সমর্থন অব্যাহত থাকে।

এর পাশাপাশি আন্দোলনের বিভিন্ন পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও কর্মসূচি বাস্তবায়নে তাঁর সাংগঠনিক নির্দেশনার ভূমিকা ছিলো অপরিসীম। বিএনপির তৎকালীন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২০২৫ সালের জুনে এক বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা করলে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের তা বাস্তবায়নের নির্দেশ দিতেন এবং লন্ডন থেকে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দিকনির্দেশনা দিতেন। ফলে জুলাই গণ-অভ্যুত্থানে তাঁর ভূমিকা কেবল রাজনৈতিক সমর্থন প্রকাশেই সীমাবদ্ধ ছিল না; আন্দোলনের পক্ষে বিএনপির সাংগঠনিক শক্তিকে সক্রিয় ও সম্পৃক্ত রাখতে তিনি প্রধান ভূমিকা পালন করেন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অভিযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা করে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় এবং ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ তাঁর রাজনৈতিক জীবনের এক ঐতিহাসিক পরিবর্তন। দীর্ঘদিনের আন্দোলন, সাংগঠনিক নেতৃত্ব ও রাষ্ট্র সংস্কারের প্রস্তাব নিয়ে যে রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, তা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে পৌঁছেছে। ফলে তাঁর নেতৃত্বের বিশ্লেষণের ক্ষেত্রও স্বাভাবিকভাবেই বিস্তৃত হয়েছে। এখন দল পরিচালনার পাশাপাশি রাষ্ট্রের প্রতিষ্ঠান, অর্থনীতি, প্রশাসন এবং নাগরিক প্রত্যাশা পূরণের দায়িত্ব তাঁর ওপর বর্তেছে।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো উন্নয়নকে কেবল অবকাঠামো নির্মাণ বা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যানে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবনমান, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতার সঙ্গে যুক্ত করা। তাঁর ঘোষিত ‘থ্রি-আর’—রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন কৌশলে অর্থনৈতিক পুনরুদ্ধার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি নির্মাণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তবে তাঁর সরকারের পরিকল্পনা ৩-আর কৌশলের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন ও জ্বালানি নিরাপত্তাকে একটি সমন্বিত উন্নয়ন-ভাবনার আওতায় আনার প্রচেষ্টা লক্ষ করা যাচ্ছে।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে তিনি প্রান্তিক পরিবার ও কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর সরকারের গৃহীত কৃষিঋণ মওকুফ, দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন এবং ২৫ কোটি গাছ রোপণের মতো কর্মসূচিগুলো কৃষি উৎপাদন, পানিসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের সঙ্গে যুক্ত। অন্যদিকে নারীশিক্ষা সম্প্রসারণ, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম ও মধ্যাহ্নভোজ, শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য এবং ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ মানবসম্পদ উন্নয়ন ও নাগরিক সেবাকে গুরুত্ব দেওয়ার প্রতিফলন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গৃহীত এসব কর্মসূচির বিশেষত্ব হলো, এগুলো উন্নয়নের সুফল সমাজের প্রান্তিক ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য সামনে রাখে।

অর্থনৈতিক রূপান্তরের জন্য তাঁর সরকার তরুণ উদ্যোক্তাদের স্টার্টআপ সহায়তা, নারী উদ্যোক্তাদের অর্থায়ন, শিল্প করিডর গঠন এবং মোংলা বন্দরের আধুনিকায়নের মতো উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি এবং সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদারের পরিকল্পনা রয়েছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে তাঁর প্রথম ভাষণে ৩-আর কৌশলের পাশাপাশি কর্মসংস্থান, জলবায়ু ন্যায়বিচার, রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরা বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকেও নতুনভাবে উপস্থাপনের সুযোগ তৈরি করেছে। এসব উদ্যোগের মধ্য দিয়ে তারেক রহমানের একটি বৃহত্তর রাষ্ট্রচিন্তা প্রতিফলিত হয় যেখানে সামাজিক সুরক্ষা, উৎপাদনশীল অর্থনীতি, মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক মর্যাদা পরস্পরের পরিপূরক।

পরিশেষে বলা যায়, তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার তাৎপর্য কেবল দীর্ঘ আন্দোলন-সংগ্রাম কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে তাঁর সুস্পষ্ট রাজনৈতিক দর্শন। তারেক রহমানের জন্মদিন তাই কেবল একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত উপলক্ষ নয়; বরং এটি বাংলাদেশের রাজনৈতিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের বিশ্লেষণের সুযোগ। গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং অর্থনৈতিক সমৃদ্ধির সুফল সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার তাঁর রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব, ৩-আর কর্মপরিকল্পনা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে সেই দর্শনের প্রতিফলন ঘটছে।

একটি গণতান্ত্রিক, মানবিক, আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে তাঁর নেতৃত্বে রাষ্ট্রের এই নতুন অভিযাত্রা দেশের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুভ জন্মদিন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলাদেশের মানুষের প্রত্যাশা—আপনার নেতৃত্বে দেশ গণতন্ত্র, ন্যায়বিচার, সমৃদ্ধি ও মানবিক মর্যাদার এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে।

লেখক : গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বিএনপি ;

মহাসচিব, ইউট্যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয়ের পর বাংলাদেশের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন অনেকটাই কঠিন হয়ে উঠেছে। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে টাইগাররা প্রতিপক্ষকে একটি বড় লক্ষ্য দিতে ব্যর্থ হয়। এর ফলে সিরিজে পিছিয়ে পড়ার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও চাপের মুখে পড়েছে বাংলাদেশ।

এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে। তারা আট ম্যাচে ছয় জয় নিয়ে ৭৫ শতাংশ পয়েন্ট পার্সেন্টেজ (পিসিটি) অর্জন করেছে। এর আগে শীর্ষে থাকা নিউজিল্যান্ড ৭২.২২ শতাংশ পিসিটি নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে।

তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারত। অস্ট্রেলিয়ার পিসিটি ৬৯.২৩ শতাংশ, আর ভারতের ৫১.৫২ শতাংশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর বাংলাদেশের পিসিটি কমে ৪০.৭৪ শতাংশে দাঁড়িয়েছে। যদিও তারা পঞ্চম স্থান ধরে রেখেছে, তবে ৩৮.৫৪ শতাংশ পিসিটি নিয়ে ষষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান এখন খুব বেশি নয়।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের সিরিজের ফলাফল পয়েন্ট তালিকায় নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে হলে বাংলাদেশকে এখন অনেক কঠিন পথ অতিক্রম করতে হবে।

একসময় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার ভালো সম্ভাবনা ছিল বাংলাদেশের। অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টে জয় পাওয়ার পর সেই আশা আরও জোরালো হয়েছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে পরাজয় এবং দ্বিতীয় ম্যাচে ড্রয়ের কারণে তারা গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের সামনে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের পর তারা দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে।

ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা ধরে রাখতে হলে বাংলাদেশকে বাকি দুই ম্যাচেই ভালো ফল করতে হবে। পাশাপাশি পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দলগুলোর ম্যাচের ফলাফলও বাংলাদেশের অনুকূলে আসতে হবে। অর্থাৎ নিজেদের সেরাটা দেওয়ার পাশাপাশি টাইগারদের এখন অন্য দলগুলোর দিকেও নজর রাখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণ আমাদের সমর্থন দিয়েছে, বললেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


জনগণ আমাদের সমর্থন দিয়েছে, বললেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

ফেনী, ২০ নভেম্বর, ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উল্লেখ করেছেন, বিগত ১৭ বছর ধরে তারা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। জনগণের সমর্থন তাদের ক্ষমতায় বসিয়েছে। বর্তমানে দেশের মানুষ শান্তিতে রয়েছে।

মন্ত্রী আরও বলেন, তারা শান্তিতে থাকতে চান। যারা আইনগতভাবে নিষিদ্ধ, তারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তাদের প্রতি কোনো ধরনের প্রশ্রয় দেওয়া যাবে না।

আজ সকালে ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

পরিবেশমন্ত্রী বলেন, অতীতে যারা অত্যাচার ও নির্যাতনে জড়িত ছিল এবং বর্তমানে বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত, তাদের আইনের আওতায় আনতে হবে। তবে ব্যক্তিগত প্রতিহিংসার কারণে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা উচিত নয়।

তিনি বলেন, দেশের আইন মেনে চলা সকলের জন্য আবশ্যক। কোথাও কোনো নাশকতার পরিকল্পনার খবর পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়ে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কী হলো?’

সভাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ৪ বিজিবির অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন জসিম উদ্দিন, অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়েজুল আজিম নোমান, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক সায়মুন হক রাজিব ও শ্রমিক দল নেতা জসিম উদ্দিন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%