০৭:৩৯ পি.এম
বাংলাদেশে রাজনৈতিক আন্দোলনের সময় সংঘটিত অপরাধগুলোর বিচার নিশ্চিত করার জন্য জাতিসংঘ আহ্বান জানিয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা জানান, বাংলাদেশে সংঘটিত অপরাধগুলোর জবাবদিহির ওপর তারা জোর দিচ্ছেন, যা জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশন কর্তৃক নথিভুক্ত অপরাধ অন্তর্ভুক্ত করে।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
জাতিসংঘের সদর দপ্তরের ওই সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, “আপনি জানেন যে শেখ হাসিনা বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এটি কেবল একটি দাবি নয়, এটি নির্ভরযোগ্য গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশন দ্বারাও প্রমাণিত। বর্তমানে তার (শেখ হাসিনা) সমর্থকরা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?”
আরও পড়ুন: নাটোরে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
এ প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র বলেন, “এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমরা জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশন কর্তৃক নথিভুক্ত অপরাধসহ বাংলাদেশে সংঘটিত অপরাধগুলোর জবাবদিহির ওপর জোর দিচ্ছি। রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে, সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত।”
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রকাশিত তদন্ত প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পতিত স্বৈরাচার ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ভূমিকার বিষয়ে সুস্পষ্ট তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আন্দোলন দমনে হত্যা, নির্যাতন, কারাবন্দি করা এবং অমানবিক কর্মকাণ্ড চালানোর মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হওয়ার যুক্তিসংগত ভিত্তি ও প্রমাণিত তথ্য পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে অতিরিক্ত বলপ্রয়োগের পেছনে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সরাসরি নির্দেশ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত আন্দোলনে এক হাজার চারশ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন। এর মধ্যে প্রায় ৭৮ শতাংশ মৃত্যু হয়েছে গুলিতে এবং এর ৬০ শতাংশই ছিল ভারী অস্ত্রের গুলি, যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে সাংবাদিকদের ২ ঘণ্টা অপেক্ষা করিয়ে ফিরিয়ে দিলেন ডিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন