শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:১৩ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির মধ্যে রয়েছে এক এবং দুই শিক্ষাবর্ষের জন্য ছাত্রত্ব স্থগিত করা এবং এক ও দুই বিষয়ে বহিষ্কার করা। এর মধ্যে একজনের ছাত্রত্ব দুই শিক্ষাবর্ষ (চার সেমিস্টার) এবং ১১ জনের এক শিক্ষাবর্ষ (দুই সেমিস্টার) স্থগিত করা হয়েছে। পাশাপাশি ১৩ জনকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে শৃঙ্খলা কমিটির ভিত্তিতে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে একজন শিক্ষার্থীর ছাত্রত্ব দুই বছরের জন্য এবং ১১ শিক্ষার্থীর এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ শিক্ষার্থীকে দুই বিষয়ে এবং ৩৪ শিক্ষার্থীকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটি কাজ করছে। বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ এলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ ক্ষেত্রে প্রশাসনের অবস্থান স্পষ্ট—অসদুপায়ের বিরুদ্ধে আমাদের নীতি ‘জিরো টলারেন্স’। যারা এ ধরনের কর্মকান্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
পরবর্তী পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী শিক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য। তবে শিক্ষার্থীদের কোনোভাবেই এ ধরনের অসৎ উপায় অবলম্বনের চিন্তা করা উচিত নয়। বরং নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। পরীক্ষার শৃঙ্খলা শতভাগ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভাগগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যারা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপাচার্য।”
উল্লেখ্য, এর আগে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় র্যাগিংয়ের দায়ে বিভিন্ন মেয়াদে ৯৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের রাজধানী সানার নিজ বাড়ি থেকে পালিয়ে আসার পর, আবু খলিল বর্তমানে রিয়াদের রাস্তায় মোজা বিক্রি করছেন। তিনি জানান, ‘আমি সানা থেকে হেঁটে বেরিয়ে এসেছি, যুদ্ধক্ষেত্রের সম্মুখসারি পেরিয়েছি এবং গাড়িতে লিফট নিয়ে সৌদি আরবে প্রবেশ করেছি।’ বাড়িতে কিছু টাকা পাঠানোর মতো পর্যাপ্ত উপার্জনের চেষ্টা করতে করতে তিনি বলেন, ‘ইয়েমেনের পরিবারগুলো তাদের সন্তানদের ভরণপোষণ জোগাতে হিমশিম খাচ্ছে।’
বিবিসির কাছে তিনি পুরো নাম প্রকাশ করতে চাননি। কারণ তার স্ত্রী ও চার সন্তান এখনো সানায় রয়েছেন এবং হুতিদের বিরুদ্ধে কথা বলার কারণে তার পরিচয় শনাক্ত হলে পরিবারের কী হতে পারে তা নিয়ে তিনি আতঙ্কিত। তিনি বলেন, ‘আমি হুতিদের ভয়ে পালিয়ে এসেছি। কিন্তু আমার পরিবারকে সাথে আনতে পারিনি। আল্লাহ তাদের রক্ষা করুন।’
এক দশকেরও বেশি সময় আগে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি উত্তর ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করে আসছে। তারা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করছে, যে সরকারকে প্রতিবেশী সৌদি আরব সমর্থন দিয়ে থাকে। আর আবু খলিল যে গোষ্ঠীটির ভয়ে পালিয়ে রিয়াদে এসেছেন, সেই রিয়াদ এবং এর মতো সৌদি শহরগুলো এখন সেই হুতিদের নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে।
জুলাই মাসে ইয়েমেনে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে যায় এবং এরপর থেকে লড়াই তীব্রতর হওয়ায় হুতিরা সৌদি আরবের ওপর হামলা বাড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, ইয়েমেনে সৌদি আরবের প্রাণঘাতী বিমান হামলা এবং হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলের বন্দর ও বিমানবন্দরগুলোতে সৌদি অবরোধের প্রতিশোধ হিসেবে তারা এসব হামলা চালাচ্ছে।
গত ১০ অক্টোবর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের এক হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হন, যা গত কয়েক বছরের মধ্যে সৌদি ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হামলা। রিয়াদ থেকে সংবাদ সংগ্রহের বিরল অনুমতি পাওয়ার পর বিবিসি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছে। তাদের মধ্যে ছিলেন সৌদি রাষ্ট্রীয় তেল কম্পানি আরামকোতে কর্মরত ২৫ বছর বয়সী প্রকৌশলী মাজিদ। ওমরাহর উদ্দেশ্যে জেদ্দাগামী একটি ফ্লাইট ধরার তাড়ায় সেদিন তিনি রিয়াদ বিমানবন্দর দিয়ে যাচ্ছিলেন।
তিনি জানান, টার্মিনালটিতে যখন আঘাত হানা হয়, তখন তিনি এক মাকে তার সন্তানদের একটি পুশচেয়ারে করে নিয়ে যেতে দেখছিলেন। তার মনে আছে, তিনি রক্তে ভেজা একজন মানুষকে দেখেছিলেন। তিনি বলেন, ‘আমি আতঙ্কিত অবস্থায় তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ‘আপনি কি ঠিক আছেন?’
তিনি জানান, আহত ও অচেতন যাত্রীদের বিমানবন্দরের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে দেখেছেন, ‘তাদের মধ্যে কেউ কেউ এখনো বেঁচে আছেন কি না, তা আমি জানি না।’ এই অভিজ্ঞতা তাকে নাড়িয়ে দিয়েছে। তিনি আমাকে বলেন, ‘হুমকিটা বাস্তব। কিন্তু আমি হুতিদের কারণে নিজের দেশেই নিজেকে অনিরাপদ মনে করতে দেব না।’
বিমানবন্দরের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। বিশ্বজুড়ে রাজনৈতিক সহিংসতা ও বিক্ষোভের তথ্য সংগ্রহকারী যুক্তরাষ্ট্র-ভিত্তিক অলাভজনক সংস্থা ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট-অ্যাকলেড’-এর তথ্য বিশ্লেষণ করে বিবিসি ১ জুলাই থেকে ২৫ নভেম্বরের মধ্যে প্রায় পাঁচ মাসে সৌদি আরবে ২৭৪টি হামলা চিহ্নিত করেছে।
অ্যাকলেডের তথ্য অনুযায়ী, এর অধিকাংশই আকাশেই প্রতিহত করা হয়েছে। তবে অন্তত ৪১টি প্রতিহত করা সম্ভব হয়নি এবং কিছু ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার সময় ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ থেকেও ক্ষয়ক্ষতি হয়েছে। তথ্য অনুসারে, প্রায় দুই-তৃতীয়াংশ হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে, আর অর্ধেকেরও বেশি হামলায় ব্যালিস্টিক মিসাইল ব্যবহৃত হয়েছে। এর আগের পাঁচ মাসে, অ্যাকলেড সৌদি আরবে হুতিদের মাত্র একটি হামলা রেকর্ড করেছিল।
ইরানের সমর্থনে হুতিরা ক্রমশ অত্যাধুনিক অস্ত্রভান্ডার গড়ে তুলেছে, যা সৌদি ভূখণ্ডের অনেক গভীরে বারবার আঘাত হানার সক্ষমতা নাটকীয়ভাবে বাড়িয়ে দিয়েছে। বছরের পর বছর ধরে হুতিদের হামলা মূলত ইয়েমেন সীমান্তের কাছাকাছি এলাকাতেই সীমাবদ্ধ ছিল এবং রিয়াদকে খুব কমই লক্ষ্যবস্তু করা হতো। কিন্তু অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইয়েমেন সীমান্ত থেকে ৭০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত সৌদি রাজধানী এখন নিয়মিত হামলার শিকার হচ্ছে।
বিমানবন্দরের পাশাপাশি রাজধানীর তেল স্থাপনা এবং গুরুত্বপূর্ণ ভবনগুলোও ঝুঁকির মুখে পড়েছে। সৌদি আরব তার শহরগুলোকে নতুন রূপ দিতে, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করতে এবং বিশ্বের কাছে বসবাস, কাজ ও ভ্রমণের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে নিজেকে তুলে ধরতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে, আর এই হামলাগুলো সেই প্রতিশ্রুতিকেই পরীক্ষার মুখে ফেলেছে।
চলতি মাসে রিয়াদের বাণিজ্যিক ও আর্থিক এলাকায় দুটি সুপরিচিত আকাশচুম্বী ভবনে আঘাত হানা হয়েছে। সৌদি আরবের সর্বোচ্চ ভবন এবং দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড-পিআইএফ টাওয়ারে’এক হামলায় ১১ জন আহত হন। অন্য ভবনটি ছিল রাষ্ট্রীয় তেল কম্পানি আরামকোর কার্যালয়। হামলার কয়েক দিনের মধ্যেই ভবনটির বাইরের অংশ সম্পূর্ণ মেরামত করা হয় এবং হামলার দৃশ্যমান সব চিহ্ন মুছে ফেলা হয়। হামলা অব্যাহত থাকা সত্ত্বেও দেশটিতে স্থিতিশীলতা বজায় আছে এবং সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছে, এমন একটি ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে এটি হয়তো সৌদি আরবের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন।
সৌদি সরকার বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে এবং নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছে। তারপরও এসব হামলার কারণে রাজধানীগামী ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মদিনা এবং পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের বিমানবন্দরের মতো অন্যান্য স্থানকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। রিয়াদে ভ্রমণকারী অনেক যাত্রীকে ভিন্ন বিমানবন্দর দিয়ে ঘুরিয়ে আনা হচ্ছে এবং তারা যাত্রার শেষ অংশটুকু স্থলপথে পাড়ি দিচ্ছেন।
রিয়াদের রেস্তোরাঁগুলো জমজমাট, পরিবারগুলো শপিং সেন্টারগুলোতে ঘুরে বেড়াচ্ছে এবং মাথার ওপর হুমকির তোয়াক্কা না করেই মানুষজন তাদের সন্ধ্যার সময় কাটাচ্ছে।
তবে কঠোর সেন্সরশিপ আইন এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধের কারণে যে দেশে গণমাধ্যমের সাথে কথা বলতে অনেকেই সতর্ক থাকেন, সেখানে সংঘাত নিয়ে মানুষকে খোলামেলা কথা বলানো কঠিন। যারা বিবিসির সাথে কথা বলেছেন, তাদের অনেকেই তাদের দেশ যে তাদের রক্ষা করতে সক্ষম, সে বিষয়ে আস্থা প্রকাশ করেছেন। একটি ব্যস্ত বাজারে বদর নামের একজন বলেন, বিমানবন্দরের হামলাটি উদ্বেগজনক ছিল, তবে জীবনযাত্রা দ্রুতই স্বাভাবিক হয়ে এসেছে। দেশের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, ‘আমি নিশ্চিন্তে ঘুমাই।’
রশিদ নামের আরেক ব্যক্তি চারপাশের দোকানগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, ‘বাজার জমজমাট। মানুষ কেনাবেচা করছে, নিজেদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। সবকিছু ভালোই চলছে।’ কিন্তু তিনি যে স্বাভাবিক অবস্থার বর্ণনা দিচ্ছেন, তা মাঝেমধ্যেই ব্যাহত হয় ফোনে আসা আকস্মিক এক সতর্কবার্তার শব্দে, যা আসন্ন হামলার সংকেত দেয়। এরপরই শোনা যায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাথার ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার বিকট বিস্ফোরণের শব্দ।
২০০৬ সাল থেকে বিরতি দিয়ে সৌদি আরবে বসবাসকারী ব্রিটিশ প্রবাসী অ্যালেক্স মালুফ জানান, তার ১১ বছর বয়সী মেয়ের ওপর এর মানসিক প্রভাব নিয়ে তিনি চিন্তিত, যে স্কুলে থাকাকালীন নিরাপত্তার সতর্কবার্তা শুনেছে। তিনি বলেন, ‘এমন অনেক সময় গেছে যখন আমার মেয়ে বলেছে, ‘বাবা, আমি ভয় পাচ্ছি।’ আমার মনে হয় এটি এমন একটি বিষয় যা আমাদের বাস্তবতাকে নাড়িয়ে দিয়েছে।’
হামলা সত্ত্বেও আবু খলিল বলেন, ইয়েমেনে নিজ দেশের চেয়ে তিনি সৌদি আরবেই নিজেকে অনেক বেশি নিরাপদ বোধ করেন, যেখানে লড়াই আরো তীব্র হয়েছে। পশ্চিম ইয়েমেনে হুতিদের নতুন করে চালানো অভিযানে গোষ্ঠীটি লোহিত সাগর উপকূল বরাবর বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে এবং দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের, যা সরকারের অস্থায়ী ঘাঁটি, সেদিকে যাওয়ার কৌশলগত পথগুলোকে হুমকির মুখে ফেলেছে। সরকার-নিয়ন্ত্রিত শহর তায়েজের আশেপাশেও লড়াই তীব্র হয়েছে, যে শহরটি বছরের পর বছর ধরে অবরোধ ও সংঘাত সহ্য করে আসছে।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের মতে, সেখানে হুতিদের সর্বশেষ অবরোধের ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যার ফলে ৮ লাখেরও বেশি মানুষ মানবিক সহায়তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যেটুকু খাবার ও জ্বালানি পাওয়া যাচ্ছে, তার দাম আকাশচুম্বী হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র তথ্য অনুযায়ী, আগস্ট মাস থেকে ইয়েমেনে ৩ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। আর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তখন থেকে ৩২৩ জন বেসামরিক নাগরিকের হতাহতের খবর নিশ্চিত করেছে, যার মধ্যে ৭৬ জন নিহত হয়েছেন এবং নিহতদের অর্ধেকই শিশু।
হুতিদের অগ্রগতি এবং সৌদি আরবের ওপর হামলার জবাবে সৌদি-নেতৃত্বাধীন আরব রাষ্ট্রগুলোর জোট বিমান হামলা জোরদার করেছে, যা বেসামরিক নাগরিকদের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। হুতি কর্তৃপক্ষের মতে, চলতি মাসের শুরুর দিকে সানায় এক হামলায় ৪৪ জন নিহত হন। সৌদি আরব বলছে, হুতিদের হাত থেকে ইয়েমেনি জনগণ এবং বিশ্ব বাণিজ্যকে রক্ষা করার জন্যই এসব অভিযান চালানো হয়েছে।
যুদ্ধের শুরুর বছরগুলোতে সৌদি-নেতৃত্বাধীন বোমা হামলায় হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন এবং বাড়িঘর, হাসপাতাল ও স্কুল ধ্বংস হয়ে গিয়েছিল।
হুতিরাও সরকার-নিয়ন্ত্রিত এলাকায় গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলার পাশাপাশি তাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে দমন-পীড়নের মাধ্যমে বেসামরিক নাগরিকদের চরম দুর্ভোগের মুখে ফেলেছে। আবু খলিল আশা করেন, তিনি শিগগিরই তার স্ত্রী ও সন্তানদের সানার বিপদ থেকে সরিয়ে সৌদি আরবে নিয়ে আসতে পারবেন এবং তিনি বলেন, ’হুতিরা চলে না যাওয়া পর্যন্ত আমি আর ফিরে যাব না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন পর আবারও সচল হতে যাচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
এদিকে ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন শুক্রবার ভোররাতে মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তারা যেতে পারেননি। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে এই ৯ জনও মালয়েশিয়া যাবেন।
এই সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রমবিষয়ক কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলামসহ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সেখানে ছিলেন।
হাইকমিশনার কর্মীদের অভিনন্দন জানিয়ে তাদেরকে মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মালয়েশিয়ার আইনকানুন, সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন। তিনি তাদের নিরাপদ ও সফল কর্মজীবন কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বর, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানকে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মন্তব্য করেন, "দেশের ইতিহাস কোনো একক দল বা ব্যক্তির ইতিহাস নয়, কোনো একটি অধ্যায়কে বাদ দিয়ে পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়।"
শহীদ ডা. মিলন দিবস ও ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ স্মরণসভার আয়োজন করে ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য।
রিজভী আরও বলেন, "১৯৭১ সালের ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছে। অথচ তাঁর স্বাধীনতার ঘোষণা মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিল। ইতিহাস থেকে তাঁকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি; কারণ, ইতিহাসের সত্য কখনো মুছে ফেলা যায় না।"
তিনি উল্লেখ করেন, "৭ নভেম্বরকে বাদ দিয়ে যেমন বাংলাদেশের ইতিহাস হতে পারে না, তেমনি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনকেও বাদ দেওয়ার সুযোগ নেই। ওই আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ এবং তৎকালীন ছাত্রনেতা আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিমুদ্দিন আলম, হাবিবুর রহমান হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল ও লুৎফুর রহমানসহ নেতাদের ভূমিকা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।"
নব্বইয়ের গণ-অভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনা চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানকে প্রভাবিত করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, "স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পরবর্তী সংগ্রামগুলোতেও কাজ করেছে।" রিজভী জানান, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি নিজেও সক্রিয়ভাবে রাজপথে ছিলেন। তিনি বলেন, "৪৮ ঘণ্টার হরতাল চলাকালে আমার শরীরে গুলি লেগেছিল। নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে আমার ব্যক্তিগত জীবন ও স্মৃতি গভীরভাবে জড়িয়ে রয়েছে।"
তিনি আরও বলেন, "এরশাদের পতনের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক বিজয় পরবর্তী দীর্ঘ আন্দোলন-সংগ্রামেও অনুপ্রেরণা জুগিয়েছে এবং সেই ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়েই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে।"
গণতন্ত্রকে সুসংহত করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, "জুলাইয়ের অর্জনের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। তবে শুধু সরকার পেলেই হবে না, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সুসংহত ও কার্যকর করতে হবে।"
সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "ডা. মিলনের আত্মদান নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল। তাঁর এ অবদান ছাত্রসমাজের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।"
সভায় ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ সাবেক ও বর্তমান ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বসুন্ধরা শুভসংঘের সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত এই সভায় কমিটির সদস্যরা নিজেদের পরিচিতি তুলে ধরার পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন সামাজিক-মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মাহফুজ আলম। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক সাদেক আহমেদ। এ সময় কমিটির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা হয় আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ১৬ দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম ও ক্যাম্পেইন আয়োজনের বিষয়ে। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়।
এছাড়া, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সিলেটের একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়। শিক্ষাক্ষেত্রে প্রতিকূলতা জয় করে সফল হওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাঁদের অর্জনকে সম্মান জানাতে এ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আসন্ন শীত মৌসুমে জেলার শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের বিষয়টিও সভায় আলোচিত হয়। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সামাজিক সচেতনতা ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি নাহিদুল ইসলাম পারভেজ, রূপালী পাল, রিয়া রাণী চন্দ, মাহুম আহমদ রাব্বি, আকবর আহমদ অয়ন ও তাফাজ্জুল হোসেন রাসেল। যুগ্ম সাধারণ সম্পাদক শান্তা লোহার, আজমল হোসেন, খন্দকার আদিবা রহমান নিশি, সৈয়দ শায়েক আহমদ, শরিফ আহমদ মাহি ও মেহেদী হাসান; সাংগঠনিক সম্পাদক সামিউল করিম, সহসাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার নুপুর ও রাফিজুর রহমান, অর্থ সম্পাদক রায়হান খান এবং দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম রাজিব।
এছাড়া নারীবিষয়ক সম্পাদক মিস তানিয়া আক্তার, ইভেন্ট সম্পাদক শরিফ আহমদ, কর্ম ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ইমাদ হুসেন লিমন, প্রচার সম্পাদক নিশু দাস, সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মোরসালিন আহমদ ইমরান, স্বাস্থ্য ও মানবসম্পদবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সাজু, ক্রীড়া সম্পাদক শাহরাজ জামান মারুফ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ নাদিম, নারী ও শিশুবিষয়ক সম্পাদক মেঘনা আভার, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক ফারজানা আহমেদ, আপ্যায়নবিষয়ক সম্পাদক তমা দেব, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক প্রণামিকা বানারজি এবং সমাজকল্যাণ সম্পাদক জামিউল হাসান আরাফও উপস্থিত ছিলেন।
কার্যকরী সদস্যদের মধ্যে ছিলেন সাব্বির আহমদ, স্মৃতি উরাং, আইবর খান, ওমর ফারুক, রেওয়ায়ান আহমেদ শাকিব, জামাতুল ফেরদৌস, মুরাদ আহমদ ও এবাদুর রহমান।
সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন জাহিদুল ইসলাম রশিদ, মুস্তাফা সাজিদুল ইসলাম, লোকমান হাফিজ, এলি দাস ও এহিয়া আহমদ।
সভায় সদস্যরা পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা মানুষের কল্যাণে নিয়মিত সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ এবং সেগুলো বাস্তবায়নের মাধ্যমে বসুন্ধরা শুভসংঘ সিলেট জেলা শাখাকে আরো সক্রিয় করার অঙ্গীকার করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ