০৪:৫০ পি.এম
ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : এবারের দাখিল পরীক্ষায় রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা শতভাগ সাফল্য অর্জন করেছে।
এ বছর, প্রতিষ্ঠানটি থেকে ২২৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে এবং উত্তীর্ণদের মধ্যে ১৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা মোট পরীক্ষার্থীদের প্রায় ৫৮ শতাংশ।
তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এইচ এম আবদুল্লাহ আল মামুন বাসস’কে বলেন, "শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। আমরা শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছি।"
আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
তিনি আরও জানান, ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রতিষ্ঠানটির প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা বিভিন্ন বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় একাধিকবার প্রথম স্থান অর্জনের পাশাপাশি, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মোট ১৮ বার বোর্ডের মেধাতালিকায় স্থান পেয়েছে।
এছাড়া, আলিম পরীক্ষায় জিপিএ-৫ সহ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
একাডেমিক সাফল্যের পাশাপাশি, জাতীয় ও আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায়ও তানযীমুল উম্মাহর শিক্ষার্থীরা একাধিকবার প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে।
আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন-সুন্নাহভিত্তিক নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই তানযীমুল উম্মাহর অন্যতম লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন