০৯:৪০ পি.এম
ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় ও উচ্চবিদ্যালয় অবরোধের ডাক দিয়েছে শিক্ষার্থী সংগঠনগুলো। শনিবার দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে নতুন করে এই কর্মসূচির ঘোষণা করা হয়।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থী ও উচ্চবিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন এবং শ্রমিক সংগঠনগুলোর জোটের আহ্বানে সাড়া দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউনিয়ন এতুদিয়াঁতের মুখপাত্র সাবরিনা খারবাখ।
তিনি বলেন, ‘আমরা বৃহস্পতিবার আবারও অবরোধ করব। এরপর ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের ডাকা ৫ নভেম্বরের বিক্ষোভে যোগ দেব।’
আরও পড়ুন: ইসরাইলের বিরোধীরা গাদি আইজেনকটকে প্রধানমন্ত্রী পদে সমর্থন জানালেন
খারবাখ আরও জানান, নিজেদের দাবির যৌক্তিকতা তুলে ধরার জন্য এবার তারা আরো বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ প্রত্যাশা করছেন।
ফ্রান্সের জাতীয় শিক্ষার্থী ইউনিয়ন (ইউনেফ)-এর মহাসচিব মানোঁ মোরে জানান, তরুণদের দাবির বিষয়ে সরকার এখনও কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ বা জবাব দেয়নি।
শনিবারের কর্মসূচিটি গত তিন সপ্তাহের মধ্যে দেশজুড়ে তৃতীয় দফার সামাজিক আন্দোলন হিসেবে গণ্য হচ্ছে। এদিন ফ্রান্সজুড়ে প্রায় ৩৫০টি স্থানে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
সরকার বিক্ষোভকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে। বিশেষ করে প্যারিসের রিং রোড অবরোধ এবং সরকারি ভবনে হামলার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।
আরও পড়ুন: ফ্রান্সজুড়ে বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ
এদিকে, প্যারিসে বিক্ষোভের নির্ধারিত পথ নিয়ে প্রশাসনিক আদালতের দেওয়া আগের রায় বাতিল করেছে কাউন্সিল অব স্টেট। ফলে বাগনোলে থেকে শারঁতঁ পর্যন্ত নির্ধারিত পথে বিক্ষোভ মিছিল করার অনুমতি বহাল রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন