মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:২৪ এম
শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ।
আজকের এই দিনে, ১৯৭৬ সালের ১২ ডিসেম্বর, ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে তাঁকে টাঙ্গাইলের সন্তোষে সমাহিত করা হয়। দিবসটি উপলক্ষে ঢাকা ও সন্তোষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ উপলক্ষে একটি বাণী প্রদান করেছেন।
মওলানা ভাসানী ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা-পরবর্তী রাজনীতিতে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন। তাঁর দৃষ্টিতে, স্বাধীনতা কেবল রাষ্ট্রীয় সার্বভৌমত্ব নয়, বরং মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তিও ছিল।
মওলানা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শরাফত আলী খান এবং মাতা মোসাম্মত্ মজিরন বিবি। ভাসানী ভারতের দেওবন্দে ইসলামী শিক্ষা গ্রহণ করেন।
১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলের প্রথম সভাপতি নির্বাচিত হন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন ভাসানী। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তিনি অনশন কর্মসূচি পালন করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। বিএনপি এ উপলক্ষে একটি জাতীয় কমিটি গঠন করেছে।
অন্যদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ভাসানী মেলা অনুষ্ঠিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক প্রোফাইল ব্যবহারের সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। জনপ্রিয় ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল ফিচারটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেটার ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ১৪ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে একটি মূল ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল বা প্রাইমারি প্রোফাইল আগের মতোই সচল থাকবে।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ফেসবুকে একটি অ্যাকাউন্ট থেকেই একাধিক আলাদা প্রোফাইল তৈরির সুবিধা চালু করা হয়। ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্রের যোগাযোগ এবং বিভিন্ন পেশাগত ও ব্যক্তিগত গ্রুপে আলাদা পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ দিতে ফিচারটি চালু করেছিল প্রতিষ্ঠানটি। এর ফলে আলাদা ই-মেইল ঠিকানা বা নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হতো না। তবে চালুর কয়েক বছরের মধ্যেই ফিচারটি বন্ধের সিদ্ধান্ত নিল মেটা।
ডেটা সংরক্ষণের শেষ সময় ১৪ ডিসেম্বর:
মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, পোস্ট, ভিডিওসহ অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীদের আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজনীয় তথ্য এক্সপোর্ট বা ডাউনলোড করে রাখতে পারবেন। নির্ধারিত সময়সীমা পার হলে সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইলের তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হতে পারে।
গ্রুপ অ্যাডমিনদের জন্য বিশেষ সতর্কতা:
যেসব ব্যবহারকারী অতিরিক্ত প্রোফাইলের মাধ্যমে বিভিন্ন ফেসবুক গ্রুপ পরিচালনা বা মডারেট করছেন, তাঁদের জন্যও সতর্কতা দিয়েছে মেটা।
প্রতিষ্ঠানটির পরামর্শ অনুযায়ী, গ্রুপের কার্যক্রম সচল রাখতে দ্রুত মূল প্রোফাইলে অ্যাডমিনের দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায়, কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না দেওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন:
প্রয়োজনীয় তথ্য হারিয়ে যাওয়া থেকে রক্ষা পেতে ব্যবহারকারীরা নিচের ধাপগুলো অনুসরণ করে ডেটার ব্যাকআপ নিতে পারবেন—
১. প্রথমে ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে চান, সেটিতে সুইচ করুন।
২. এরপর Settings & Privacy থেকে Settings অপশনে প্রবেশ করুন।
৩. সেখান থেকে Your Information and Permissions বিভাগে গিয়ে Export Your Information নির্বাচন করুন।
৪. এরপর সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইল নির্বাচন করে তথ্য সংরক্ষণের জন্য ডিভাইস বা ক্লাউড স্টোরেজের গন্তব্য নির্ধারণ করুন।
৫. সবশেষে কোন কোন ধরনের তথ্য সংরক্ষণ করতে চান, তা নির্বাচন করে Create Export অপশনে ক্লিক করুন।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্যের ব্যাকআপ না নিলে গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও, পোস্টসহ ব্যক্তিগত ডিজিটাল স্মৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই অতিরিক্ত প্রোফাইল ব্যবহারকারীদের সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ