ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় আসছেন গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার


ঢাকায় আসছেন গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার

বাংলাদেশের Software Quality, QA & Testing professionals-দের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম SQAT Bangladesh-এর চতুর্থ আয়োজন ‘4th Symposium on Software QA & Testing’ আগামী ৫ ডিসেম্বর ঢাকার Dhaka Sheraton-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের থিম হলো—‘Quality in the Age of AI’।

এই symposium-এ অংশগ্রহণ করবেন ISTQB-এর বর্তমান Global President Dr. Klaudia Dussa-Zieger এবং সাবেক Global President Olivier Denoo। তাদের সঙ্গে থাকবেন দেশি ও বিদেশি Software Quality Experts, Engineering ও Quality Leaders, CIOs/CTOs, Technology Professionals, Policymakers এবং Academia-এর প্রতিনিধিরা।

Symposium-এর আয়োজন করছে Bangladesh Software Testing Board (BSTB)। Academic Partner হিসেবে যুক্ত রয়েছে Washinton University of Science & Technology (WUST), UCSI University Bangladesh Branch Campus এবং Daffodil International University (DIU)।

আরও পড়ুন: জাতিসংঘের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দিনব্যাপী এই আয়োজনে থাকবে Global Experts’ Masterclass, Keynote, Plenary Sessions, AI Testing, Test Automation, Quality Engineering, Professional Networking, Certification এবং Career Insights। অংশগ্রহণকারীরা ISTQB Global President Dr. Klaudia Dussa-Zieger-এর স্বাক্ষরিত Certificate of Participation পাবেন।

BSTB-এর লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে ১০,০০০ Certified Test Engineers তৈরিতে অবদান রাখা এবং Software QA & Testing-কে দক্ষ কর্মসংস্থান, Global Projects এবং IT Services Export Growth-এর সঙ্গে যুক্ত করা।

‘AI-এর যুগে Software Quality আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের লক্ষ্য হলো Skills, Certifications, Employment এবং Global Market Opportunity-কে একই Ecosystem-এর মধ্যে নিয়ে আসা।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) সোবহানবাগস্থ ড্যাফোডিল প্লাজার ৭১ মিলায়তনে বাংলাদেশ সফটওয়ার টেষ্টিং বোর্ড কর্তৃক আয়োজিত স্কোয়াট বাংলাদেশ ২০২৬ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্যাবলী জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সম্মেলনের আহ্বায়ক ড. কেএম হাসান রিপন। বাংলাদেশ সফটওয়ার টেষ্টিং বোর্ডের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নূরুজ্জামান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আরও পড়ুন: তথ্য অধিকার ফোরামের আহ্বান, তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করতে হবে

এ সময় আরো উপস্থিত ছিলেন একাডেমিক পার্টনার্স বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ সফটওয়ার টেষ্টিং বোর্ডের সেক্রেটারি মোহাম্মদ আক্তার উল আলম, ইঞ্জিনিয়ার মো. অলিউল্লাহ ভূঁইয়া (সায়েম), বোর্ড মেম্বার, বাংলাদেশ সফটওয়ার টেষ্টিং বোর্ড ও বোর্ড মেম্বার্সগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য কীর্তি: ১৪ বছর বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০৪ রানের ইনিংস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৫ এম


বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য কীর্তি: ১৪ বছর বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০৪ রানের ইনিংস

বয়স মাত্র ১৪ বছর! যে বয়সে অনেকে শুরুও করতে পারেন না। কিন্তু বৈভব সূর্যবংশীর ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। কারণ, এই কম বয়সেই ব্যাট হাতে অবিশ্বাস্য কীর্তি গড়ছেন ভারতের নতুন ক্রিকেট সেনসেশন। তার ধারাবাহিকতায় এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন সূর্যবংশী। কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা সূর্যবংশী মাত্র ১৬ বলে ফিফটি, ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন।

এই ইনিংসের মাধ্যমে একাধিক পুরোনো রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এতদিন ছিল অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের দখলে (২৯ বল); সূর্যবংশী তা এক বল কম খেলে নিজের করে নেন। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে দেড়শ করার যে রেকর্ড তিনি গড়েছিলেন, ৪০ বলে তা ভেঙে নিজের কীর্তি ছাড়িয়ে গেছেন। পাশাপাশি চ্যাড বোয়েসের ১০৩ বলের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও প্রায় অর্ধেক বলেই ভেঙে দিয়েছেন এই তরুণ। তবে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটি ১১ বলে তারই দখলে রয়েছে।

ছক্কার বৃষ্টিতে প্রতিপক্ষ বোলারদের দিশেহারা করে সূর্যবংশী ৫৩ বলে ৭ বাউন্ডারি ও ২৮ ছক্কায় ২০৪ রানের অতিমানবীয় ইনিংস খেলার পথে ২৮টি ছক্কা হাঁকান, যা স্বীকৃত ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তন্ময় আগারওয়ালের ২৬টি এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ডার্সি শট ও কলিন মানরোর ২৩টি ছক্কার রেকর্ড ছিল। ইনিংসে তার স্ট্রাইক রেট ৩৮৪.৯০, যা লিস্ট ‘এ’ ইতিহাসে সর্বোচ্চ। সূর্যবংশীর এই তাণ্ডবে ভারত ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.২ ওভারে পেরিয়ে যায় (২৫৪/৩), যা ২০০-এর অধিক রান তাড়ায় নতুন বিশ্বরেকর্ড। শুরুতে ব্যাটিংয়ে নেমে হারপ্রিত সিংয়ের সেঞ্চুরিতে (১৩০) সংযুক্ত আরব আমিরাত ৮ উইকেটের বিনিময়ে ২৪৯ রানের সংগ্রহ গড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশিদের জন্য ভ্রমণ সহজ করছে চীন, নাগরিকদের বাইরে যাওয়ায় কড়াকড়ি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ এম


বিদেশিদের জন্য ভ্রমণ সহজ করছে চীন, নাগরিকদের বাইরে যাওয়ায় কড়াকড়ি

বিদেশিদের জন্য চীনে ভ্রমণকে সহজতর করতে ভিসা প্রক্রিয়া শিথিল ও প্রবেশের নিয়মকে সহজ করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। পর্যটক ও ব্যবসায়ীদের আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে একইসাথে চীন থেকে বিদেশে যাত্রা কঠিন হয়ে উঠছে। বিশেষ করে প্রযুক্তি খাতের কর্মী, সরকারি কর্মকর্তা ও নির্দিষ্ট শ্রেণির নাগরিকদের জন্য ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ বাড়ানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও দক্ষ কর্মীদের দেশেই ধরে রাখার জন্য বেইজিং এ পদক্ষেপগুলো নিচ্ছে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) নেতাদের সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি জিং পিং বাণিজ্যের বাধা কমানোর আহ্বান জানান। তিনি ব্যবসা, পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে ভ্রমণ সহজ করার মাধ্যমে মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন। তবে তাঁর সরকারের নতুন বিধিনিষেধের কারণে চীন থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাড়তি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

বেইজিংয়ের দাবি, এসব পদক্ষেপ সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশযাত্রার উদ্দেশ্য ও গন্তব্য সম্পর্কে নাগরিকদের তথ্য প্রদান করতে হবে। প্রযুক্তি খাতের সংবেদনশীল তথ্যের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে কর্তৃপক্ষ কাউকে বিদেশযাত্রায় বাধা দিতে পারবে।

গত সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন বিধিমালায় রপ্তানি নিয়ন্ত্রণ কিংবা প্রযুক্তি আমদানি-রপ্তানিসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের কারণে জাতীয় শিল্প বা প্রযুক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়লে নাগরিকদের বিদেশযাত্রা আটকে দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এছাড়া, বিদেশে অবস্থানকালে জাতীয় নিরাপত্তা বা স্বার্থের জন্য হুমকিস্বরূপ বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কোনো নাগরিককে সর্বোচ্চ তিন বছর বিদেশযাত্রা থেকে বিরত রাখা যাবে। উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ভ্রমণ না করার জন্য নাগরিকদের নিরুৎসাহিত করার নির্দেশনাও রয়েছে।

নতুন বিধিমালার আওতায় চীনের বাইরে যাওয়ার উদ্দেশ্য যাচাইয়ের জন্য নাগরিকদের কাছে নথি, প্রয়োজনীয় উপকরণ ও ইলেকট্রনিক তথ্য চাওয়া হতে পারে। তবে সংবেদনশীল প্রযুক্তি বা উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।

বেইজিংভিত্তিক আইন প্রতিষ্ঠান কিং অ্যান্ড উডের রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞাবিষয়ক বিশেষজ্ঞ দাই মেংহাও মন্তব্য করেন, নতুন বিধানগুলো কর্তৃপক্ষের বিদ্যমান ক্ষমতার পরিধি মৌলিকভাবে বাড়ায়নি। তবে এসব ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আরো স্পষ্ট ভিত্তি, প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব নির্ধারণ করেছে। বিশেষ করে মালিকানাধীন প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত মার্চে এআই স্টার্টআপ কম্পানি ম্যানুসের দুই চীনা সহপ্রতিষ্ঠাতাকে দেশ ছাড়তে নিষেধ করা হয়। মেটার কাছে কম্পানিটি বিক্রির পরিকল্পনা পর্যালোচনার সময় নিয়ন্ত্রক সংস্থাগুলো তাঁদের বিদেশযাত্রায় বাধা দেয়। পরে চীন ওই অধিগ্রহণ চুক্তি আটকে দেয়।

এছাড়া, এআই ও চিপ খাতের শীর্ষ নির্বাহী এবং তাঁদের সরাসরি আত্মীয়দের বিদেশযাত্রায় বিধিনিষেধ বাড়ানো হয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অল্প সময়ের ভ্রমণের ক্ষেত্রেও তাঁদের অনুমতি নিতে হচ্ছে। গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও দক্ষ কর্মীদের বিদেশে চলে যাওয়া ঠেকাতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের অনাবাসিক ফেলো ক্রিস্টোফার নাই বলেন, নতুন বিধিমালার মাধ্যমে বিদেশি কম্পানি ও সরকারগুলোকে বেইজিং একটি বার্তা দিচ্ছে যে মানুষের মাধ্যমেই প্রযুক্তি চীনের বাইরে যায় এবং সরকার সেই পথ নিয়ন্ত্রণ করতে চায়। একই সঙ্গে সাধারণ মানুষকেও বিদেশযাত্রায় বাধা দেওয়ার লিখিত ভিত্তি তৈরি হয়েছে।

তবে বিদেশিদের জন্য চীনে প্রবেশের নিয়ম সহজ করা হচ্ছে। প্রায় ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুযোগ বাড়িয়েছে দেশটি। ট্রানজিট ভিসামুক্ত থাকার সময়সীমা বাড়ানোর পাশাপাশি প্রবেশের প্রক্রিয়াও সহজ করা হয়েছে। চলতি মাসে কার্যকর হওয়া একটি ব্যবস্থায় যোগ্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবসায়ীরা চীনে টানা ৯০ দিন অবস্থান করতে পারবেন।

চীনের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ওয়াং জিয়ানহুয়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিদেশি পর্যটকদের জন্য ভিসা ও কর ফেরত পাওয়ার প্রক্রিয়াসহ বিভিন্ন পর্যটনসেবা উন্নত করা হবে। ২০২৫ সালে ১৫ কোটি পর্যটক আগমনের বিপরীতে ২০৩০ সালের মধ্যে বছরে ১৯ কোটি পর্যটক আকৃষ্ট করার লক্ষ্য নিয়েছে দেশটি।

তবে বিদেশযাত্রার ক্ষেত্রে বাড়তি কড়াকড়ির অভিজ্ঞতা হচ্ছে সাধারণ নাগরিকদেরও। চীনের নানজিংয়ের লুকৌ আন্তর্জাতিক বিমানবন্দরে দক্ষিণ কোরিয়ায় একটি কনসার্ট দেখতে যাওয়ার সময় এলসা নামের ২০ বছর বয়সী এক শিক্ষার্থীর মুঠোফোন নিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে কথোপকথন যাচাই করেন অভিবাসন কর্মকর্তা। ভ্রমণের উদ্দেশ্য নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গত সেপ্টেম্বরের শুরুতে এ ঘটনা ঘটে।

এলসা ওয়াশিংটন পোস্টকে বলেন, সাধারণ মানুষের ওপর নতুন বিধিমালার প্রভাব পড়বে না বলে অনেকে মনে করলেও তাঁর নিজের অভিজ্ঞতায় সীমান্ত নিয়ন্ত্রণ সাম্প্রতিক সময়ে আরো কঠোর হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিদেশযাত্রার আগে অভিবাসন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ ও নিরুৎসাহিত করার অভিজ্ঞতা তুলে ধরছেন অনেকে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এবং জাপানগামী যাত্রীদের মধ্যে এ ধরনের অভিযোগ বেশি দেখা যাচ্ছে। বিমানবন্দরে কী ধরনের প্রশ্ন করা হতে পারে এবং কী কী নথি সঙ্গে রাখতে হবে, তা নিয়েও পরামর্শ দিচ্ছেন ব্যবহারকারীরা।

চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস অবশ্য এসব বিধিনিষেধ নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমের সমালোচনাকে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে আরো শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতেই এসব নিয়ম করা হয়েছে।

তবে নতুন বিধিনিষেধ নিয়ে উদ্বেগ বাড়ছে। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক হেনরি গাও বলেন, এসব নিয়মের উদ্দেশ্য অধিকাংশ মানুষের ওপর প্রয়োগ করা নয়; বরং বিদেশযাত্রার প্রক্রিয়াকে এতটাই জটিল ও ক্লান্তিকর করে তোলা, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

চীনের রাষ্ট্রায়ত্ত একটি সিকিউরিটিজ প্রতিষ্ঠানে কর্মরত ২৬ বছর বয়সী জয় লি জানান, গত আগস্টে কোনো কারণ না দেখিয়েই তাঁকে পাসপোর্ট জমা দিতে বলা হয়। তাঁর মতে, অর্থনীতি ধীরগতির হওয়ায় বিদেশে ভ্রমণ সীমিত করে দেশের অভ্যন্তরীণ ব্যয় বাড়ানোর কৌশল হিসেবেও এসব বিধিনিষেধ ব্যবহার করা হতে পারে।

চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির সীমান্ত দিয়ে চীনা ও বিদেশি নাগরিকদের যাতায়াত আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এ সময়ে মূল ভূখণ্ডের চীনা নাগরিকদের বিদেশযাত্রা বেড়েছে ৭ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে বিদেশি নাগরিকদের চীনে প্রবেশ বেড়েছে ১৫ দশমিক ৬ শতাংশ। তাঁদের বেশির ভাগই ভিসামুক্ত সুবিধায় দেশটিতে প্রবেশ করেছেন।

বিদেশযাত্রার অধিকার সীমিত করার গুঞ্জন নাকচ করে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের ভ্রমণের অধিকার দেশটি দৃঢ়ভাবে সংরক্ষণ করে। তবে জয় লির আশঙ্কা, নতুন বিধিমালা বাস্তবায়নের সময় স্থানীয় কর্তৃপক্ষ নিজেদের মতো করে আরো বিধিনিষেধ যুক্ত করতে পারে। এতে সাধারণ মানুষের বিদেশ ভ্রমণের স্বাধীনতা সীমিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে ছেলেকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ এম


১৮ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে ছেলেকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মা

দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে কাছে পেয়ে চোখের পানি আর ধরে রাখতে পারেননি মা শেফালী বেগম। এতগুলো বছর যে ছেলের মুখ দেখার অপেক্ষায় দিন গুনেছেন, সেই সন্তানকে অবশেষে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলেকে বুকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত মা যেন ফিরে পান হারিয়ে যাওয়া জীবনের এক টুকরো সুখ। তবে এই আনন্দের মধ্যেও রয়েছে গভীর বেদনা। কারণ চার সপ্তাহ পর আবারও ছেলেকে ছেড়ে থাকতে হবে তাঁকে।

জানা গেছে, নামের মিলের কারণে ভারতের একটি হত্যা মামলায় জড়িয়ে প্রায় ১৮ বছর কারাবন্দি থাকা বাদল ফরাজী মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকায় নিজ বাড়িতে পৌঁছান। চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরেছেন তিনি। কিন্তু এই মুক্তিতে সন্তুষ্ট নয় তাঁর পরিবার। তাদের দাবি, নিরপরাধ বাদলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

বাদল ফরাজীর বড় বোন আকলিমা বেগম বলেন, ‘চার সপ্তাহের প্যারোলে এমন মুক্তি আমরা মেনে নিতে পারছি না। আমার ভাই একজন নিরপরাধ মানুষ। শুধু নামের মিল থাকায় মিথ্যা অপবাদে তার জীবন থেকে ১৮টি বছর কেড়ে নেওয়া হয়েছে। এখন চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছে। বাড়িতে সার্বক্ষণিক পুলিশ থাকবে। এমন মুক্তির কোনো মানে হয় না। আমরা সরকারের কাছে দাবি জানাই, আমার নিরপরাধ ভাইকে যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয়।’

কান্নাজড়িত কণ্ঠে আকলিমা আরো বলেন, ‘আমাদের বাবা খালেক ফরাজী ভাইকে আর দেখে যেতে পারেননি। কয়েক বছর আগে তিনি মারা গেছেন। ছেলের অপেক্ষা করতে করতেই বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আজ ভাই বাড়িতে ফিরেছে, কিন্তু বাবা আর নেই। এই কষ্ট কোনো দিন ভুলতে পারব না।’

মঙ্গলবার বেলা ২টা ১৫ মিনিটের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে বাদল ফরাজীকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। এর আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান তিনি। পরে পুলিশ পাহারায় তাঁকে বাগেরহাটে নিয়ে আসা হয়। জেলা কারাগারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার রাতে বাগেরহাট কারাগার থেকে মুক্ত হন বাদল ফরাজী। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয় তাঁকে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বলেন, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুলিশ পাহারায় বাদল ফরাজীকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। তাঁকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

পরিবার ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০০৮ সালে পর্যটক ভিসায় ভারতে তাজমহল দেখতে গিয়েছিলেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। তখন তিনি ছিলেন কিশোর। ওই সময় দিল্লির লাজপত নগর এলাকায় নির্মলা মাদান নামের ৭১ বছর বয়সী এক নারী হত্যার ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, নামের মিলের কারণে প্রকৃত অভিযুক্ত বাদল সিংয়ের পরিবর্তে বাদল ফরাজীকে ওই মামলায় জড়িয়ে ফেলা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৫ সালে দিল্লির একটি আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে উচ্চ আদালতেও সেই সাজা বহাল থাকে। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু দেশে ফিরেও মুক্তি মেলেনি তাঁর। বাংলাদেশের কারাগারেই বন্দি থাকতে হয় তাঁকে।

বাদল ফরাজীর মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে তাঁর পরিবার ও মানবাধিকারকর্মীরা বিভিন্ন পর্যায়ে আবেদন ও প্রচেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে সরকারের সিদ্ধান্তে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান তিনি। দীর্ঘ ১৮ বছর পর পরিবারের কাছে ফিরলেও স্থায়ী মুক্তি না মেলায় স্বস্তির বদলে পরিবারটির মধ্যে রয়ে গেছে অনিশ্চয়তা ও ক্ষোভ।

পরিবারের সদস্যদের একটাই প্রত্যাশা, আর যেন কারাগারে ফিরে যেতে না হয় বাদল ফরাজীকে। জীবনের হারানো ১৮টি বছর ফিরে পাওয়ার সুযোগ নেই, অন্তত বাকি জীবনটা যেন মা ও স্বজনদের সঙ্গে কাটাতে পারেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউজিসি চেয়ারম্যানের উদ্ভাবনী তরুণদের সহযোগিতা করার প্রত্যয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ এম


ইউজিসি চেয়ারম্যানের উদ্ভাবনী তরুণদের সহযোগিতা করার প্রত্যয়

জাতিসংঘের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। বিশ্বের ৩৭টি দেশের কয়েকশো দলকে পেছনে ফেলে দলটি এই সাফল্য অর্জন করেছে।

দলটির নেতৃত্ব দিচ্ছেন বিডিরেনের ব্যবস্থাপক (ইনোভেশন) ও এআই প্রকৌশলী আবু নাছের মুহা. নাফিউ। দলের অন্যান্য সদস্যরা হলেন বিডিরেনের জ্যেষ্ঠ ডেভেলপার ও এআই প্রকৌশলী পুনম চৌধুরী, এআই প্রকৌশলী মো. সানিউল বাসির সাজ এবং আইনি পর্যালোচক মো. ইনসাফুল রহমান তুষার। উল্লেখ্য, zAI BD এর সদস্যরা ইউজিসি পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান বিডিরেনে কর্মরত।

বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও বিডিরেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মামুন আহমেদ মন্তব্য করেছেন, তরুণদের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতা দেশের গবেষণা ও উদ্ভাবনে কাজে লাগাতে এ ধরনের উদ্যোগে সহযোগিতা করবে ইউজিসি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউজিসিতে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) ৬৪তম ট্রাস্টি বোর্ড সভায় তিনি এ বক্তব্য দেন। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনসহ বিডিরেন ও ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের দলটিকে বিজয়ী ঘোষণা করেন আন্তর্জাতিক বিচারকেরা। ‘ইউনাইটেড নেশনস গ্লোবাল হ্যাকাথন ২০২৬: ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি অ্যানালাইসিস’ শীর্ষক এই প্রতিযোগিতাটি আয়োজন করে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ)। বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যবিষয়ক আইন ও বিধিমালা বিশ্লেষণের জন্য উন্মুক্ত উৎসের এআই প্রযুক্তি তৈরি ছিল প্রতিযোগিতার লক্ষ্য।

দলটির তৈরি এআই প্ল্যাটফর্মের নাম ‘ক্লজচেইন’। এটি বিভিন্ন দেশের সরকারি পোর্টাল ও গেজেট থেকে আইন সংগ্রহ করে বিশ্লেষণ করে এবং আইনের ধারাগুলোর সঙ্গে জাতিসংঘের রিজিওনাল ডিজিটাল ট্রেড ইন্টিগ্রেশন ইনডেক্সের (আরডিটিআইআই) সূচকের সামঞ্জস্য যাচাই করে। প্ল্যাটফর্মটির বিশেষত্ব হলো, এআইয়ের দেওয়া প্রতিটি তথ্য ও উদ্ধৃতি মূল সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখা হয়। পাশাপাশি আইনটি কার্যকর আছে কি না এবং তথ্যের উৎস সরকারি কিনা, তা-ও যাচাই করা হয়। নয়টি স্বয়ংক্রিয় যাচাইয়ের যে কোনো একটিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তথ্য বাদ পড়ে।

বর্তমানে ১১টি দেশের আইন বিশ্লেষণ করতে সক্ষম ক্লজচেইন। ১ হাজার ৪৯টি সরকারি উৎস থেকে সংগৃহীত ৭৪৬টি আইন ও বিধিমালার ১ লাখ ৫৪ হাজারের বেশি ধারা এতে প্রক্রিয়াজাত করা হয়েছে। প্ল্যাটফর্মটি সম্পূর্ণ উন্মুক্ত উৎসের।

এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে বিডিরেন। প্রতিষ্ঠানটি তাদের ডেটা সেন্টারে স্থাপিত এনভিডিয়া ডিজিএক্স স্পার্ক ব্যবহারের সুযোগ দেয় দলটিকে। এর মাধ্যমে নিজস্ব বৃহৎ ভাষা মডেল, পাঠ্য বিশ্লেষণ ও ওসিআর প্রযুক্তি ব্যবহার করে বিদেশি বাণিজ্যিক এআই সেবা বা এপিআইয়ের ওপর নির্ভরতা ছাড়াই বাংলাদেশের নিজস্ব প্রযুক্তি অবকাঠামোতে পুরো বিশ্লেষণ সম্পন্ন করা সম্ভব হয়েছে। এতে আন্তর্জাতিক পর্যায়ের এআই উদ্ভাবনে দেশের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতার পরিচয় মিলেছে।

দলনেতা আবু নাছের মুহা. নাফিউ বলেন, তাদের লক্ষ্য ছিল এমন একটি ব্যবস্থা তৈরি করা, যার প্রতিটি তথ্য মূল সরকারি নথি থেকে যাচাই করা যায়। বিডিরেনের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের নিজস্ব অবকাঠামোতেই বিশ্বমানের এআই পরিচালনার সক্ষমতা দেখিয়েছে। ক্লজচেইনকে আরও উন্নত করে পূর্ণাঙ্গ পণ্য হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইউএনএসকাপের ট্রেড পলিসি অ্যান্ড ফ্যাসিলিটেশন বিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%