০১:৩৭ এম
দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে কাছে পেয়ে চোখের পানি আর ধরে রাখতে পারেননি মা শেফালী বেগম। এতগুলো বছর যে ছেলের মুখ দেখার অপেক্ষায় দিন গুনেছেন, সেই সন্তানকে অবশেষে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলেকে বুকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত মা যেন ফিরে পান হারিয়ে যাওয়া জীবনের এক টুকরো সুখ। তবে এই আনন্দের মধ্যেও রয়েছে গভীর বেদনা। কারণ চার সপ্তাহ পর আবারও ছেলেকে ছেড়ে থাকতে হবে তাঁকে।
জানা গেছে, নামের মিলের কারণে ভারতের একটি হত্যা মামলায় জড়িয়ে প্রায় ১৮ বছর কারাবন্দি থাকা বাদল ফরাজী মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকায় নিজ বাড়িতে পৌঁছান। চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরেছেন তিনি। কিন্তু এই মুক্তিতে সন্তুষ্ট নয় তাঁর পরিবার। তাদের দাবি, নিরপরাধ বাদলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
বাদল ফরাজীর বড় বোন আকলিমা বেগম বলেন, ‘চার সপ্তাহের প্যারোলে এমন মুক্তি আমরা মেনে নিতে পারছি না। আমার ভাই একজন নিরপরাধ মানুষ। শুধু নামের মিল থাকায় মিথ্যা অপবাদে তার জীবন থেকে ১৮টি বছর কেড়ে নেওয়া হয়েছে। এখন চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছে। বাড়িতে সার্বক্ষণিক পুলিশ থাকবে। এমন মুক্তির কোনো মানে হয় না। আমরা সরকারের কাছে দাবি জানাই, আমার নিরপরাধ ভাইকে যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয়।’
আরও পড়ুন: রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটক, ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
কান্নাজড়িত কণ্ঠে আকলিমা আরো বলেন, ‘আমাদের বাবা খালেক ফরাজী ভাইকে আর দেখে যেতে পারেননি। কয়েক বছর আগে তিনি মারা গেছেন। ছেলের অপেক্ষা করতে করতেই বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আজ ভাই বাড়িতে ফিরেছে, কিন্তু বাবা আর নেই। এই কষ্ট কোনো দিন ভুলতে পারব না।’
মঙ্গলবার বেলা ২টা ১৫ মিনিটের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে বাদল ফরাজীকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। এর আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান তিনি। পরে পুলিশ পাহারায় তাঁকে বাগেরহাটে নিয়ে আসা হয়। জেলা কারাগারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার রাতে বাগেরহাট কারাগার থেকে মুক্ত হন বাদল ফরাজী। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয় তাঁকে।
বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বলেন, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুলিশ পাহারায় বাদল ফরাজীকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। তাঁকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
পরিবার ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০০৮ সালে পর্যটক ভিসায় ভারতে তাজমহল দেখতে গিয়েছিলেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। তখন তিনি ছিলেন কিশোর। ওই সময় দিল্লির লাজপত নগর এলাকায় নির্মলা মাদান নামের ৭১ বছর বয়সী এক নারী হত্যার ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, নামের মিলের কারণে প্রকৃত অভিযুক্ত বাদল সিংয়ের পরিবর্তে বাদল ফরাজীকে ওই মামলায় জড়িয়ে ফেলা হয়।
আরও পড়ুন: খুলনার দৌলতপুরে ব্যবসায়ী শেখ আব্দুল হালিমকে গুলি করে হত্যা
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৫ সালে দিল্লির একটি আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে উচ্চ আদালতেও সেই সাজা বহাল থাকে। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু দেশে ফিরেও মুক্তি মেলেনি তাঁর। বাংলাদেশের কারাগারেই বন্দি থাকতে হয় তাঁকে।
বাদল ফরাজীর মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে তাঁর পরিবার ও মানবাধিকারকর্মীরা বিভিন্ন পর্যায়ে আবেদন ও প্রচেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে সরকারের সিদ্ধান্তে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান তিনি। দীর্ঘ ১৮ বছর পর পরিবারের কাছে ফিরলেও স্থায়ী মুক্তি না মেলায় স্বস্তির বদলে পরিবারটির মধ্যে রয়ে গেছে অনিশ্চয়তা ও ক্ষোভ।
পরিবারের সদস্যদের একটাই প্রত্যাশা, আর যেন কারাগারে ফিরে যেতে না হয় বাদল ফরাজীকে। জীবনের হারানো ১৮টি বছর ফিরে পাওয়ার সুযোগ নেই, অন্তত বাকি জীবনটা যেন মা ও স্বজনদের সঙ্গে কাটাতে পারেন তিনি।
আরও পড়ুন: রংপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন